অর্থের অভাবে কারো চিকিৎসা বন্ধ থাকবে না: সমাজকল্যাণমন্ত্রী
কাগজ ডেস্ক
প্রকাশ: ২৭ জুলাই ২০২৬, ০৯:৪১ পিএম
ছবি: সংগৃহীত
অর্থের অভাবে দেশে কোনো মানুষের চিকিৎসা বন্ধ থাকবে না বলে জানিয়েছেন মহিলা ও শিশু বিষয়ক এবং সমাজকল্যাণমন্ত্রী অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন। তিনি বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে গড়ে ওঠা মানবিক বাংলাদেশে সবার জন্য চিকিৎসাসেবা নিশ্চিত করতে সরকার কাজ করছে।
সোমবার (২৭ জুলাই) রাজধানীর তেজগাঁওয়ে জাতীয় নাক, কান ও গলা ইনস্টিটিউটে ‘ওয়ার্ল্ড হেড অ্যান্ড নেক ক্যানসার ডে ২০২৬’ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
আরো পড়ুন: আগামীকাল থেকে আদ্-দ্বীন হাসপাতালে চিকিৎসাসেবা শুরু
এবার বিশ্বের ১৭১টি দেশে দিবসটি পালিত হচ্ছে। এবারের প্রতিপাদ্য, ‘প্রকাশ করুন, দ্রুত নির্ণয় করুন, জীবন বাঁচান’।
মন্ত্রী বলেন, সরকার শুধু স্বাস্থ্যসেবার উন্নয়নেই নয়, দেশের সার্বিক উন্নয়নেও প্রতিশ্রুতিবদ্ধ। বিএনপির নির্বাচনি ইশতেহারে দেওয়া প্রতিশ্রুতিগুলো ধাপে ধাপে বাস্তবায়ন করা হবে বলেও তিনি জানান।
মূক ও বধির ব্যক্তিরাও আধুনিক চিকিৎসার মাধ্যমে সুস্থ ও স্বাভাবিক জীবনযাপন করতে পারেন উল্লেখ করে এ বিষয়ে জনসচেতনতা বাড়াতে গণমাধ্যমকর্মীদের ভূমিকা রাখার আহ্বান জানান তিনি।
আরো পড়ুন: হাম উপসর্গে আরও ৫ জনের মৃত্যু
অনুষ্ঠানে সমাজকল্যাণমন্ত্রী জাতীয় নাক, কান ও গলা ইনস্টিটিউটে নবনির্মিত অডিটরি ভারবাল থেরাপি (এভিটি) সেন্টারের উদ্বোধন করেন। পরে মাথা ও ঘাড়-সংক্রান্ত বিভিন্ন রোগে আক্রান্ত রোগীদের মধ্যে অনুদানের চেক এবং চিকিৎসা-সহায়ক ডিভাইস বিতরণ করেন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ময়মনসিংহ মেডিকেল কলেজের সাবেক অধ্যক্ষ অধ্যাপক ডা. মনোয়ার হোসেন, ঢাকা মেডিকেল কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডা. মাজহারুল শাহীন এবং বাংলাদেশ সোসাইটি ফর হেড অ্যান্ড নেক সার্জনসের সভাপতি অধ্যাপক ডা. আব্দুস সাত্তার। সভাপতিত্ব করেন জাতীয় নাক, কান ও গলা ইনস্টিটিউটের পরিচালক অধ্যাপক ডা. হাসান জাফর।
