আগামীকাল থেকে আদ্-দ্বীন হাসপাতালে চিকিৎসাসেবা শুরু
কাগজ ডেস্ক
প্রকাশ: ২৭ জুলাই ২০২৬, ০৯:১৮ পিএম
ছবি : সংগৃহীত
রাজধানীর মগবাজারে অবস্থিত আদ্-দ্বীন মেডিকেল কলেজ হাসপাতাল ৪৫ দিন পর আবারও চিকিৎসাসেবা কার্যক্রম চালুর অনুমতি পেয়েছে। স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের অনুমোদনের পর মঙ্গলবার (২৮ জুলাই) সকাল ৮টা থেকে হাসপাতালটির সব ধরনের চিকিৎসাসেবা পুনরায় শুরু হবে।
সোমবার (২৭ জুলাই) বিকেলে স্বাস্থ্য মন্ত্রণালয় হাসপাতালটির লাইসেন্স পুনর্বহাল করে কার্যক্রম চালুর অনুমতি দেয়। এর ফলে বহির্বিভাগ, অন্তঃবিভাগ, জরুরি বিভাগসহ সব ধরনের স্বাস্থ্যসেবা আবারও চালু হচ্ছে।
স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্যসেবা বিভাগের সচিব মো. কামরুজ্জামান চৌধুরীর স্বাক্ষরিত এক আদেশে এ অনুমোদন দেওয়া হয়।
আরও পড়ুন: যে তিন শর্তে লাইসেন্স ফিরে পেল আদ্-দ্বীন হাসপাতাল
লাইসেন্স পুনর্বহালের পর আদ্-দ্বীন হাসপাতাল কর্তৃপক্ষ মহান আল্লাহ তাআলার প্রতি শুকরিয়া আদায় করেছে। একই সঙ্গে সরকার, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়, স্বাস্থ্য অধিদপ্তর, সেবাগ্রহীতা, রাজনীতিবিদ, চিকিৎসক, বিভিন্ন পেশাজীবী সংগঠন, আইনজীবী, সাংবাদিক, গণমাধ্যমকর্মী, সামাজিক যোগাযোগমাধ্যমের সক্রিয় ব্যক্তিসহ সংশ্লিষ্ট সবাইকে আন্তরিক কৃতজ্ঞতা জানিয়েছে।
এ ছাড়া, বিভিন্ন সময়ে হাসপাতালটির পক্ষে প্রকাশ্যে অবস্থান নেওয়া এবং সমর্থন জানানো ব্যক্তিদের প্রতিও ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করেছে আদ্-দ্বীন কর্তৃপক্ষ।
