‘চাঁদাবাজদের সঙ্গে পুলিশ জড়িত থাকলে তাদের তালিকাও হচ্ছে’
কাগজ ডেস্ক
প্রকাশ: ২২ আগস্ট ২০২৬, ০৮:২০ পিএম
সন্ত্রাসী হামলায় আহত ঢামেকের ইএনটি বিভাগের প্রধান অধ্যাপক আসাদুর রহমানকে দেখতে গিয়ে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন স্বরাষ্ট্রমন্ত্রী। ছবি: সংগৃহীত
সারাদেশে চাঁদাবাজদের তালিকা তৈরির পাশাপাশি এ ধরনের অপকর্মে জড়িত পুলিশ সদস্যদেরও তালিকাভুক্ত করা হচ্ছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।
শনিবার (২২ আগস্ট) বিকেলে সন্ত্রাসীদের হামলায় আহত ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের ইএনটি বিভাগের প্রধান অধ্যাপক ডা. মো. আসাদুর রহমানকে দেখতে গিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, চাঁদাবাজরা রাতারাতি কোটিপতি হওয়ার চেষ্টা করে। তারা নিজেদের প্রভাব বিস্তারে চিহ্নিত সন্ত্রাসী, দাগি আসামি ও গডফাদারদের নাম ব্যবহার করে। তবে সরকার শুধু চাঁদাবাজদের তালিকাই করছে না, তাদের সঙ্গে কোনো পুলিশ সদস্য জড়িত থাকলে তাদেরও তালিকাভুক্ত করা হচ্ছে।
আরও পড়ুন: সড়কপথে যুক্ত হচ্ছে ভোলা, মহাসড়ক নির্মাণকাজ দ্রুত এগিয়ে নেওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর
তিনি বলেন, শনিবারই বিশেষ করে মেট্রোপলিটন এলাকাগুলোর জন্য নির্দেশনা দেওয়া হয়েছে। ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)সহ দেশের সব মেট্রোপলিটন এলাকায় চাঁদাবাজ, চিহ্নিত সন্ত্রাসী ও মাদক কারবারিদের দ্রুত আইনের আওতায় আনার নির্দেশ দেওয়া হয়েছে। তাদের গ্রেপ্তারে যারা ব্যর্থ হবে, তাদের বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হবে।
অধ্যাপক ডা. মো. আসাদুর রহমানের ওপর হামলার প্রসঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, একটি সংঘবদ্ধ চক্র হাই-ভ্যালু ব্যক্তিদের টার্গেট করে প্রথমে ভয়ভীতি দেখায় এবং পরে হামলা চালায়। এ ঘটনায় চাঁদাবাজিরও উদ্দেশ্য ছিল।
তিনি জানান, চক্রটির সাত সদস্যের মধ্যে ইতোমধ্যে চারজনকে গ্রেপ্তার করা হয়েছে।
পুলিশের প্রশংসা করে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ৪৮ ঘণ্টার মধ্যেই হামলার মূলহোতাকে গ্রেপ্তার করা সম্ভব হয়েছে। তবে পুলিশের আরও কাজ বাকি রয়েছে।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, সংঘবদ্ধভাবে চাঁদাবাজিতে জড়িত সব চক্রকে নির্মূল করতে সরকার কাজ করছে।
