ফৌজদারি অপরাধ তদন্তের ক্ষমতা পাচ্ছে এপিবিএন
কাগজ ডেস্ক
প্রকাশ: ২৪ আগস্ট ২০২৬, ১১:২১ পিএম
ছবি : সংগৃহীত
ফৌজদারি অপরাধ তদন্ত ও এ-সংক্রান্ত কার্যক্রম পরিচালনার ক্ষমতা পেতে যাচ্ছে আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন)। এ লক্ষ্যে ‘আর্মড পুলিশ ব্যাটালিয়ন আইন, ২০২৬’-এর খসড়ায় নীতিগত ও চূড়ান্ত অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা।
সোমবার (২৪ আগস্ট) সচিবালয়ে অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠকে এ অনুমোদন দেওয়া হয়। বৈঠকে সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সভা শেষে মন্ত্রিপরিষদ বিভাগের সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ‘দ্য আর্মড পুলিশ ব্যাটালিয়নস অর্ডিন্যান্স, ১৯৭৯’-এর আওতায় গঠিত এপিবিএনকে আরও জনবান্ধব করতে বিদ্যমান অধ্যাদেশটি যুগোপযোগী করে বাংলায় ‘আর্মড পুলিশ ব্যাটালিয়ন আইন, ২০২৬’-এর খসড়া তৈরি করা হয়েছে। জনমত যাচাইয়ের জন্য খসড়াটি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ওয়েবসাইটে প্রকাশ করা হয়েছে।
আরও পড়ুন: মা মারা যাচ্ছে, চিকিৎসা করাতে পারছি না
প্রস্তাবিত আইনে বিদ্যমান অধ্যাদেশটি রহিত করার বিধান রাখা হয়েছে। তবে ওই অধ্যাদেশের অধীনে এরই মধ্যে সম্পন্ন হওয়া কার্যক্রমের বৈধতা ও ধারাবাহিকতা বজায় রাখার বিধানও রাখা হয়েছে।
খসড়া আইন অনুযায়ী, পুলিশের অধীন এ ব্যাটালিয়ন একজন অতিরিক্ত মহাপরিদর্শকের নিয়ন্ত্রণ ও তত্ত্বাবধানে পরিচালিত হবে।
এপিবিএনের দায়িত্বের মধ্যে থাকবে জননিরাপত্তা নিশ্চিত করা, ভিআইপি ব্যক্তিদের নিরাপত্তা দেওয়া, সরকার ঘোষিত গুরুত্বপূর্ণ স্থাপনার নিরাপত্তা নিশ্চিত করা এবং সন্ত্রাস, মাদক, মানবপাচার, ধর্ষণ ও মানবতাবিরোধী কর্মকাণ্ডে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া। পাশাপাশি অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে প্রয়োজনীয় সহায়তা দেওয়ার দায়িত্বও থাকবে ব্যাটালিয়নটির।
আরও পড়ুন: দুই দেশের বন্ধুত্ব দীর্ঘদিনের, ফখরুলকে শি জিনপিং
প্রস্তাবিত আইনে ফৌজদারি কার্যবিধি ও প্রচলিত অন্যান্য আইন মেনে এপিবিএনের সদস্যদের ফৌজদারি অপরাধ তদন্ত এবং সংশ্লিষ্ট কার্যক্রম পরিচালনার ক্ষমতা দেওয়ার প্রস্তাব করা হয়েছে।
এ ছাড়া আইনে বিশেষ আদালত ও সংক্ষিপ্ত আদালত গঠন এবং এসব আদালতে বিচার পরিচালনার পদ্ধতি সংক্রান্ত বিধান রাখার প্রস্তাব করা হয়েছে।
মন্ত্রিপরিষদ বিভাগ জানিয়েছে, লেজিসলেটিভ ও সংসদবিষয়ক বিভাগের ভেটিং সাপেক্ষে ‘আর্মড পুলিশ ব্যাটালিয়ন আইন, ২০২৬’-এর খসড়াটি মন্ত্রিসভায় চূড়ান্ত অনুমোদন পেয়েছে।
