×

জাতীয়

নতুন পে-স্কেলের কার বেতন কত বাড়ছে?

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ২৮ আগস্ট ২০২৬, ০১:২২ পিএম

নতুন পে-স্কেলের কার বেতন কত বাড়ছে?

ছবি: সংগৃহীত

সরকারি চাকরিজীবীদের দীর্ঘদিনের প্রত্যাশিত নতুন বেতন কাঠামো বা পে-স্কেল অনুমোদনের জন্য আগামী সোমবারের মন্ত্রিসভা বৈঠকে উপস্থাপন করা হতে পারে। বৈঠকে প্রস্তাবটি অনুমোদন পেলে আগামী বৃহস্পতিবারের মধ্যে নতুন পে-স্কেলের প্রজ্ঞাপন জারি হতে পারে বলে জানিয়েছে অর্থ মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট একটি সূত্র।

তবে নতুন বেতন কাঠামোর চূড়ান্ত খসড়ায় বেতন ও ভাতা কত শতাংশ বাড়বে, সে বিষয়ে এখনো আনুষ্ঠানিকভাবে কোনো তথ্য প্রকাশ করা হয়নি।

অর্থ মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট একজন কর্মকর্তা নাম না প্রকাশের শর্তে গণমাধ্যমকে এ তথ্য জানিয়েছেন।

তিনি বলেন, ‘নতুন বেতন কাঠামোর প্রজ্ঞাপন জারি হতে পারে আগামী সপ্তাহের মধ্যেই। এরই মধ্যে সবকিছু চূড়ান্ত করা হয়েছে। আগামী সোমবার মন্ত্রিসভার বৈঠক হওয়ার কথা রয়েছে। নতুন বেতন কাঠামো এজেন্ডাভুক্ত করে অনুমোদনের জন্য উত্থাপনের প্রস্তুতি চলছে। ওইদিন অনুমোদন হলে বৃহস্পতিবারের মধ্যে প্রজ্ঞাপন জারি করা হবে।’

আরো পড়ুন: পে-স্কেলে কোন গ্রেডে কত বেতন?

যদিও মন্ত্রিসভায় অনুমোদনের জন্য চূড়ান্ত খসড়ায় বেতন-ভাতা বৃদ্ধির হার সম্পর্কে জানাতে রাজি হননি অর্থ বিভাগের কর্মকর্তারা।

এর আগে, গত ১৬ আগস্ট প্রধানমন্ত্রীর মুখ্য সচিব এ বি এম আব্দুস সাত্তার সাংবাদিকদের জানিয়েছিলেন, সরকারি কর্মচারীদের জন্য প্রস্তাবিত নতুন পে-স্কেলের কাজ প্রায় শেষ পর্যায়ে। যেকোনো সময় এ বিষয়ে ঘোষণা আসতে পারে বলেও তিনি জানান।

এর আগে ২৯ জুলাই অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, সরকারি চাকরিজীবীদের জন্য নবম জাতীয় বেতন কমিশনের সুপারিশ নিয়ে কাজ চলমান রয়েছে। সংশ্লিষ্ট কাজ শেষ হওয়ার পর দ্রুত প্রস্তাবটি মন্ত্রিসভায় উপস্থাপন করা হবে। মন্ত্রিসভা অনুমোদন দিলে পরবর্তী ধাপে প্রজ্ঞাপন জারির কার্যক্রম শুরু হবে।

নতুন বেতন কাঠামো বাস্তবায়নের সুপারিশ তৈরির লক্ষ্যে গত ২১ এপ্রিল মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনিকে প্রধান করে ১০ সদস্যের একটি সচিব কমিটি গঠন করা হয়। ইতোমধ্যে কমিটি তাদের সুপারিশ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে জমা দিয়েছে।

সংশ্লিষ্টদের মতে, প্রথম থেকে ২০তম গ্রেড পর্যন্ত সরকারি চাকরিজীবীদের মূল বেতন সর্বোচ্চ ১০০ শতাংশ পর্যন্ত বাড়ানোর সুপারিশ করেছে সচিব কমিটি। প্রস্তাবটি পর্যায়ক্রমে বাস্তবায়নের কথা রয়েছে। পরিকল্পনা অনুযায়ী, প্রথম ধাপে মূল বেতন কার্যকর এবং পরবর্তী ধাপে বাড়িভাড়া ও অন্যান্য ভাতা বাড়ানোর বিষয়টি বিবেচনা করা হতে পারে।

চূড়ান্ত প্রজ্ঞাপন বা গেজেট এখনো প্রকাশিত হয়নি। ফলে বিভিন্ন প্রতিবেদনে প্রকাশিত গ্রেডভিত্তিক বেতনকে চূড়ান্ত না ধরে সম্ভাব্য বা প্রস্তাবিত কাঠামো হিসেবে দেখা হচ্ছে। এসব প্রস্তাবে ২০তম গ্রেডের সর্বনিম্ন মূল বেতন ২০ হাজার টাকা এবং ১ম গ্রেডের সর্বোচ্চ মূল বেতন ১ লাখ ৬০ হাজার টাকা নির্ধারণের কথা বলা হয়েছে।

কমিশনের প্রস্তাবিত কাঠামো অনুযায়ী, ১ম গ্রেড—১,৬০,০০০ টাকা (নির্ধারিত), ২য় গ্রেড ১,৩২,০০০–১,৫৩,০০০ টাকা; ৩য় গ্রেড—১,১৩,০০০–১,৪৮,৮০০ টাকা, ৪র্থ গ্রেড—১,০০,০০০–১,৪২,৪০০ টাকা, ৫ম গ্রেড—৮৬,০০০–১,৩৯,৭০০ টাকা; ৬ষ্ঠ গ্রেড—৭১,০০০–১,৩৪,০০০ টাকা; ৭ম গ্রেড—৫৮,০০০–১,২৬,৮০০ টাকা; ৮ম গ্রেড—৪৭,২০০–১,১৩,৭০০ টাকা; ৯ম গ্রেড—৪৫,১০০–১,০৮,৮০০ টাকা; ১০ম গ্রেড—৩২,০০০–৭৭,৩০০ টাকা, ১১তম গ্রেড—২৫,০০০–৬০,৫০০ টাকা; ১২তম গ্রেড—২৪,৩০০–৫৮,৭০০ টাকা; ১৩তম গ্রেড—২৪,০০০–৫৮,০০০ টাকা; ১৪তম গ্রেড—২৩,৫০০–৫৬,৮০০ টাকা; ১৫তম গ্রেড—২২,৮০০–৫৫,২০০ টাকা; ১৬তম গ্রেড—২১,৯০০–৫২,৯০০ টাকা; ১৭তম গ্রেড—২১,৪০০–৫১,৯০০ টাকা; ১৮তম গ্রেড—২১,০০০–৫০,৯০০ টাকা; ১৯তম গ্রেড—২০,৫০০–৪৯,৬০০ টাকা; ২০তম গ্রেড—২০,০০০–৪৮,৪০০ টাকা।

তবে এসব সংখ্যা আগের কমিশন ও সংশ্লিষ্ট পর্যায়ের প্রস্তাবের ভিত্তিতে প্রকাশিত হওয়ায় সরকারি গেজেট প্রকাশের আগে এগুলোকে চূড়ান্ত বেতন কাঠামো হিসেবে বিবেচনা করা যাবে না।

আরো পড়ুন: পে স্কেলের গেজেট প্রকাশ নিয়ে যা জানা গেল

সরকারের ১৮০ দিনের কার্যক্রম তুলে ধরে প্রধানমন্ত্রীর কার্যালয় ‘জনগণের সরকারের ১৮০ দিন’ নামে একটি ই-বুক প্রকাশ করেছে। সেখানে ‘নবম পে-স্কেল: সরকারি চাকরিজীবীদের জন্য বড় সুখবর’ শিরোনামে নতুন বেতন কাঠামো বাস্তবায়নের বিষয়টি তুলে ধরা হয়েছে। ই-বুকের তথ্য অনুযায়ী, ২০২৬-২৭ অর্থবছরে সরকারি কর্মচারীদের বেতন-ভাতার জন্য ৮৯ হাজার ৮৩৬ কোটি টাকা বরাদ্দ রাখা হয়েছে। পেনশন ও গ্র্যাচুইটিসহ এ খাতে মোট বরাদ্দের পরিমাণ ১ লাখ ৪১ হাজার ৪৩৪ কোটি টাকা।

অষ্টম জাতীয় বেতন কমিশন গঠনের প্রায় ১২ বছর পর ২০২৫ সালের ২৭ জুলাই অন্তর্বর্তী সরকার ২৩ সদস্যের নবম জাতীয় বেতন কমিশন গঠন করে। জাকির আহমেদ খানের নেতৃত্বাধীন ওই কমিশন চলতি বছরের ২১ জানুয়ারি তৎকালীন প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের কাছে তাদের প্রতিবেদন জমা দেয়।

কমিশন বিদ্যমান ২০টি গ্রেড বহাল রেখে সরকারি চাকরিজীবীদের বেতন-ভাতা ১০০ থেকে ১৪০ শতাংশ পর্যন্ত বাড়ানোর সুপারিশ করেছিল। এতে সর্বনিম্ন মূল বেতন ৮ হাজার ২৫০ টাকা থেকে বাড়িয়ে ২০ হাজার টাকা এবং সর্বোচ্চ মূল বেতন ৭৮ হাজার টাকা থেকে বাড়িয়ে ১ লাখ ৬০ হাজার টাকা করার প্রস্তাব দেওয়া হয়।

এদিকে গত ১১ জুন জাতীয় সংসদে বাজেট উপস্থাপনের সময় অর্থমন্ত্রী জানিয়েছিলেন, ১ জুলাই থেকে সরকারি কর্মচারীদের নতুন বেতন কাঠামো বাস্তবায়নের উদ্যোগ নেওয়া হবে। বাজেট বক্তৃতায় তিনি বলেন, দীর্ঘ সময় ধরে সরকারি চাকরিজীবীরা একই বেতন কাঠামোর আওতায় রয়েছেন। এ সময়ে মূল্যস্ফীতির কারণে জীবনযাত্রার ব্যয় বেড়েছে। এসব বিষয় বিবেচনায় নিয়ে ১ জুলাই থেকে পর্যায়ক্রমে নতুন বেতন কাঠামো কার্যকরের পরিকল্পনা নেওয়া হয়েছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

স্বর্ণের দাম কমলো, ভরিতে কত?

স্বর্ণের দাম কমলো, ভরিতে কত?

জেন-জিদের আন্দোলনে উত্তাল ইন্দোনেশিয়া, পার্লামেন্ট ঘেরাও

জেন-জিদের আন্দোলনে উত্তাল ইন্দোনেশিয়া, পার্লামেন্ট ঘেরাও

নেপালে উচ্চ সতর্কতা জারি

নেপালে উচ্চ সতর্কতা জারি

নতুন পে-স্কেলের কার বেতন কত বাড়ছে?

নতুন পে-স্কেলের কার বেতন কত বাড়ছে?

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App