আরও বোয়িং কিনবে বাংলাদেশ, চুক্তিকে ‘অসাধারণ’ বললেন সার্জিও গোর
কাগজ ডেস্ক
প্রকাশ: ৩১ আগস্ট ২০২৬, ১০:২০ এএম
ছবি : সংগৃহীত
যুক্তরাষ্ট্রের কাছ থেকে আরও বোয়িং উড়োজাহাজ কেনার বিষয়ে সম্মত হয়েছে বাংলাদেশ। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের মধ্যে হওয়া নতুন চুক্তিকে স্বাগত জানিয়েছেন দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক যুক্তরাষ্ট্রের বিশেষ দূত সার্জিও গোর। তিনি চুক্তিটিকে ‘অসাধারণ চুক্তি’ হিসেবে উল্লেখ করেছেন।
রোববার (৩০ আগস্ট) সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে সার্জিও গোর বলেন, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান চলতি সপ্তাহে একটি ‘অসাধারণ চুক্তি’ সম্পন্ন করেছেন। এর আওতায় বাংলাদেশ আরও বোয়িং উড়োজাহাজ কিনতে বিলিয়ন বিলিয়ন ডলার ব্যয়ের প্রতিশ্রুতি দিয়েছে।
তবে ঠিক কতটি উড়োজাহাজ এবং বোয়িংয়ের কোন কোন মডেল কেনা হবে, সে বিষয়ে বিস্তারিত জানাননি সার্জিও গোর। তিনি জানিয়েছেন, আগের প্রাথমিক ক্রয়াদেশও উল্লেখযোগ্য পরিমাণে বাড়ানো হয়েছে।
আরও পড়ুন: পে স্কেল নিয়ে বড় সিদ্ধান্ত আজ
নতুন চুক্তির মোট আর্থিক মূল্য কত, সেটিও উল্লেখ করেননি তিনি। সার্জিও গোরের এই বক্তব্য নিয়ে বাংলাদেশ সরকারের পক্ষ থেকেও তাৎক্ষণিক কোনো মন্তব্য পাওয়া যায়নি।
এর আগে গত ৩০ জুলাই ঢাকা সফরে এসেছিলেন মার্কিন প্রেসিডেন্টের এই বিশেষ দূত। তার সফরের প্রায় এক মাস পর বাংলাদেশ নতুন করে বোয়িং কেনার বিষয়ে চুক্তি করেছে বলে জানা গেল। তবে ওই সফরে প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে বৈঠকে বোয়িং কেনার বিষয়টি আলোচনা হয়েছিল কি না, তা জানা যায়নি।
সে সময় পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছিল, সার্জিও গোরের সফরে ঢাকা ও ওয়াশিংটনের দ্বিপক্ষীয় সম্পর্ক, বাণিজ্য এবং অর্থনৈতিক বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়েছে।
এর আগে ২০২৫ সালের জুলাইয়ে অন্তর্বর্তী সরকারের সময়ে ট্রাম্প প্রশাসনের সঙ্গে বাণিজ্য আলোচনা চলাকালে বাংলাদেশ বোয়িং উড়োজাহাজ কেনার পরিকল্পনা বাড়ায়। প্রথমে ১৪টি বোয়িং কেনার পরিকল্পনা থাকলেও পরে তা বাড়িয়ে ২৫টি করা হয়। বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বহর আধুনিকায়ন ও সম্প্রসারণের অংশ হিসেবে এসব উড়োজাহাজ কেনার পরিকল্পনা নেওয়া হয়েছিল।
