গাড়ির নম্বর প্লেট নিয়ে ডিএমপির নতুন নির্দেশনা
কাগজ ডেস্ক
প্রকাশ: ০৮ সেপ্টেম্বর ২০২৬, ০১:৩২ পিএম
ছবি : সগৃহীত
সড়কে চলাচলকারী যানবাহনের নম্বর প্লেট দৃশ্যমান ও স্পষ্ট রাখার ওপর গুরুত্ব দিয়ে থাকে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। এবার ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) নিজস্ব যানবাহন ও মোটরসাইকেলের ক্ষেত্রেও একই নির্দেশনা দেওয়া হয়েছে। ডিএমপির সব গাড়ির সামনের ও পেছনের নম্বর প্লেট শতভাগ দৃশ্যমান ও স্পষ্ট রাখার নির্দেশ দেওয়া হয়েছে।
এ বিষয়ে ডিএমপির পরিবহন শাখা থেকে সংশ্লিষ্ট কর্মকর্তাদের কাছে একটি চিঠি পাঠানো হয়েছে। গত ৬ সেপ্টেম্বর স্বাক্ষর করা ওই চিঠিতে ডিএমপির বিদ্যমান সব যানবাহন ও মোটরসাইকেলের নম্বর প্লেট দৃশ্যমান ও স্পষ্ট রাখার প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বলা হয়। একই সঙ্গে কোনো গাড়ির নম্বর প্লেটের স্টিকার পুরোনো বা অস্পষ্ট হয়ে গেলে তা পরিবর্তন করে নতুন স্টিকার লাগানোর নির্দেশ দেওয়া হয়েছে।
ডিএমপির উপ-পুলিশ কমিশনার (পরিবহন) কাজী মাহবুবুল হক স্বাক্ষরিত চিঠিতে বলা হয়, ডিএমপিতে থাকা সব যানবাহন ও মোটরসাইকেলের সামনের ও পেছনের নম্বর প্লেট শতভাগ দৃশ্যমান এবং স্পষ্ট থাকা প্রয়োজন। মোটরযান আইনের আওতায় নম্বর প্লেট দৃশ্যমান ও স্পষ্ট না থাকলে আইন প্রয়োগের বিধান রয়েছে বলেও চিঠিতে উল্লেখ করা হয়েছে।
চিঠিতে সংশ্লিষ্টদের ডিএমপির সব যানবাহনের নম্বর প্লেট দৃশ্যমান ও স্পষ্ট রাখার ব্যবস্থা নিতে অনুরোধ করা হয়েছে। পাশাপাশি পরিবহন বিভাগের উদ্যোগে ডিএমপির বিদ্যমান যানবাহনের জন্য নতুন স্টিকার সরবরাহ করা হয়েছে বলে জানানো হয়।
কোনো গাড়ির স্টিকার পুরোনো কিংবা অস্পষ্ট হয়ে গেলে সংশ্লিষ্ট দায়িত্বশীলদের পরিবহন বিভাগের সঙ্গে যোগাযোগ করে নতুন স্টিকার লাগাতে বলা হয়েছে। এর ফলে ডিএমপির গাড়িগুলোর নম্বর প্লেট দূর থেকেও সহজে শনাক্ত করা যাবে বলে সংশ্লিষ্টরা মনে করছেন।
চিঠিটি ডিএমপির বিভিন্ন শাখার ঊর্ধ্বতন কর্মকর্তাদের কাছেও পাঠানো হয়েছে। এর মধ্যে অতিরিক্ত পুলিশ কমিশনার, যুগ্ম পুলিশ কমিশনার, উপ-পুলিশ কমিশনার এবং ডিটেকটিভ শাখার সংশ্লিষ্ট কর্মকর্তারা রয়েছেন।
একটি যানবাহন শনাক্তের অন্যতম প্রধান মাধ্যম হলো নম্বর প্লেট। কোনো গাড়ি দুর্ঘটনা, অপরাধ বা আইন লঙ্ঘনের ঘটনায় জড়িত হলে নম্বর প্লেটের মাধ্যমে সেটি শনাক্ত করা হয়। তাই নম্বর প্লেট অস্পষ্ট হলে সংশ্লিষ্ট যানবাহন শনাক্ত করতে জটিলতা তৈরি হতে পারে।
এ কারণে সাধারণ যানবাহনের পাশাপাশি এবার ডিএমপির নিজস্ব বহরের ক্ষেত্রেও নম্বর প্লেট দৃশ্যমান ও স্পষ্ট রাখার নির্দেশনা দেওয়া হয়েছে।
