চালু হচ্ছে মৈত্রী এক্সপ্রেস, জেনে নিন কবে
কাগজ ডেস্ক
প্রকাশ: ০৮ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৫৭ পিএম
ছবি : সংগৃহীত
ঢাকা-কলকাতা রুটের আন্তদেশীয় যাত্রীবাহী ট্রেন মৈত্রী এক্সপ্রেস পুনরায় চালুর বিষয়ে শিগগিরই সুখবর আসতে পারে বলে জানিয়েছেন বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাইকমিশনার দীনেশ ত্রিবেদী। ট্রেনটি চালুর বিষয়ে বাংলাদেশ ও ভারতের মধ্যে আলোচনা চলছে। খুব শিগগিরই এর নির্দিষ্ট চালুর তারিখ ঘোষণা করা সম্ভব হবে বলেও জানান তিনি।
মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) সচিবালয়ে সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী শেখ রবিউল আলমের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ শেষে সাংবাদিকদের এসব কথা বলেন ভারতীয় হাইকমিশনার।
মৈত্রী এক্সপ্রেস চালুর বিষয়ে দীনেশ ত্রিবেদী বলেন, ‘মনে হচ্ছে খুব শিগগিরই আমরা মৈত্রী এক্সপ্রেসের একটা ভালো খবর দিতে পারব। খুব শিগগিরই আসবে। চেষ্টা হচ্ছে আর্লিয়েস্ট।’
আরও পড়ুন: শেখ হাসিনার ফেরা নিয়ে ঢাকাকে দিল্লির বার্তা
ট্রেনটি কবে চালু হতে পারে জানতে চাইলে তিনি বলেন, ‘খুব শিগগিরই আমরা একটা ফিক্সড ডেট দিয়ে দিতে পারব।’
যোগাযোগব্যবস্থায় সাধারণ মানুষের সুবিধার গুরুত্ব তুলে ধরে ভারতীয় হাইকমিশনার বলেন, বিমান যোগাযোগের পাশাপাশি সাধারণ মানুষ সড়ক ও রেলপথেও যাতায়াত করে।
তিনি জানান, রেল যোগাযোগ কোনো কারণে বন্ধ থাকলেও বাংলাদেশ ও ভারতের মধ্যে মালবাহী ট্রেন চলাচল বন্ধ হয়নি। বরং মালবাহী ট্রেনের সংখ্যা প্রায় দ্বিগুণ হয়েছে।
দীনেশ ত্রিবেদী বলেন, ‘ফ্রেট তো আমি শুনলাম যে অলমোস্ট ডাবল হয়ে গেছে। ওটা খুবই ভালো কথা। তার মানে ট্রেড চলছে।’
আরও পড়ুন: শেখ হাসিনার জন্য মৃত্যুদণ্ড অপেক্ষা করছে
দুই দেশের বাণিজ্য আরও বাড়াতে সড়ক, রেল ও নৌপথে যোগাযোগ সম্প্রসারণের ওপর গুরুত্বারোপ করেন তিনি। একই সঙ্গে কীভাবে বাংলাদেশ ও ভারতের মধ্যে বাণিজ্য আরও এগিয়ে নেওয়া যায়, সে বিষয়েও আলোচনা হয়েছে বলে জানান।
দুই দেশের যোগাযোগব্যবস্থা সহজ করার বিষয়ে বৈঠকে আলোচনা হয়েছে জানিয়ে দীনেশ ত্রিবেদী বলেন, একটি রুটে যাতায়াতের সময় ছয়-সাত ঘণ্টা থেকে কীভাবে আরও তিন ঘণ্টা কমিয়ে আনা যায়, সে বিষয়েও আলোচনা হয়েছে।
এর আগে ভারতীয় হাইকমিশনারের সঙ্গে বৈঠক প্রসঙ্গে সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী শেখ রবিউল আলম বলেন, দুই দেশের স্বার্থ রক্ষা করে বাণিজ্য, যোগাযোগ ও অর্থনৈতিক কর্মকাণ্ড কীভাবে আরও প্রসারিত করা যায়, সে বিষয়ে ইতিবাচক আলোচনা হয়েছে।
আরও পড়ুন: পে-স্কেলের গেজেট প্রকাশ ঘিরে যা জানা যাচ্ছে
মৈত্রী এক্সপ্রেস পুনরায় চালুর বিষয়ে মন্ত্রী বলেন, নিরাপত্তাজনিত কারণে ভারতের পক্ষ থেকে যাত্রীবাহী ট্রেন চলাচল বন্ধ করা হয়েছিল। এখন এটি কীভাবে পুনরায় চালু করা যায়, সে বিষয়ে দুই দেশই ইতিবাচকভাবে ভাবছে।
