শাহজালালে হঠাৎ ইমিগ্রেশন সার্ভার বন্ধ, ভোগান্তিতে যাত্রীরা
কাগজ ডেস্ক
প্রকাশ: ০৯ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৩৯ পিএম
ছবি : সংগৃহীত
হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ইমিগ্রেশন পুলিশের সার্ভারে কারিগরি ত্রুটির কারণে প্রায় ৩০ মিনিট বন্ধ ছিল ইমিগ্রেশন কার্যক্রম। আকস্মিক এ সমস্যায় বহির্গমন ও আগমনী কাউন্টারগুলোতে দীর্ঘ সারি তৈরি হয়। নির্ধারিত সময়ে ফ্লাইট ধরতে পারবেন কি না, তা নিয়ে অনিশ্চয়তায় পড়েন অনেক যাত্রী। এতে বিমানবন্দরে সৃষ্টি হয় বিশৃঙ্খলা এবং যাত্রীদের মধ্যে দেখা দেয় ক্ষোভ।
বুধবার (৯ সেপ্টেম্বর) সংশ্লিষ্ট বিমানবন্দর সূত্র জানায়, নিয়মিত কার্যক্রম চলার মধ্যেই দুপুরের পর ইমিগ্রেশনের মূল সার্ভারের সঙ্গে সংযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। স্বয়ংক্রিয় ব্যবস্থা অচল হয়ে পড়ায় কাউন্টারে থাকা কর্মকর্তারা সাময়িকভাবে পাসপোর্ট যাচাই ও সিল দেওয়ার কার্যক্রম বন্ধ রাখতে বাধ্য হন।
সার্ভার বিকল হওয়ার পর অল্প সময়ের মধ্যেই ইমিগ্রেশন কাউন্টারগুলোর সামনে শত শত বিদেশগামী ও বিদেশফেরত যাত্রীর জট তৈরি হয়। দীর্ঘক্ষণ অপেক্ষায় থাকা যাত্রীদের অনেকেই ভোগান্তি নিয়ে ক্ষোভ প্রকাশ করেন।
এ ঘটনায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক কাজী মারুফও ক্ষোভ প্রকাশ করেছেন। নিজের ফেসবুক পোস্টে তিনি জানান, স্বাভাবিক একটি দিনে সার্ভার ডাউন হয়ে যাওয়ায় কয়েক হাজার যাত্রী বিমানবন্দরে আটকে পড়েছেন। প্রায় এক ঘণ্টা ধরে বিমানবন্দরের কার্যক্রম অচল থাকার কথা উল্লেখ করে তিনি প্রশ্ন তোলেন, এমন পরিস্থিতিতে কোনো বিকল্প ব্যবস্থা না থাকায় যাত্রীদের দুর্ভোগ আরও বেড়েছে।
পরিস্থিতি সামাল দিতে বিমানবন্দর কর্তৃপক্ষ ও ইমিগ্রেশন পুলিশ ম্যানুয়াল পদ্ধতিতে কিছু কার্যক্রম চালু রাখার চেষ্টা করে। তবে এতে কাউন্টারগুলোর সামনে যাত্রীদের জট আরও বেড়ে যায়।
ইমিগ্রেশন পুলিশ সূত্র জানিয়েছে, প্রযুক্তিগত ত্রুটির কারণেই এ সাময়িক বিপর্যয় ঘটে। সমস্যা শনাক্ত হওয়ার পর প্রকৌশলীদের একটি দল দ্রুত কাজ শুরু করে। প্রায় ৩০ মিনিট পর সার্ভার সচল হলে ইমিগ্রেশন কার্যক্রমও স্বাভাবিক হতে শুরু করে। পরে অপেক্ষমাণ যাত্রীদের দ্রুত ইমিগ্রেশন সম্পন্ন করার উদ্যোগ নেওয়া হয়।
