মরিয়মের মরদেহ বাড়ি নিতে করতে হলো ধার
কাগজ ডেস্ক
প্রকাশ: ২১ সেপ্টেম্বর ২০২৬, ০৩:২৯ পিএম
ছবি : সংগৃহীত
সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য গাজী নজরুল ইসলামের দ্বিতীয় স্ত্রী মরিয়ম খাতুনের মরদেহ অ্যাম্বুলেন্সে করে সাতক্ষীরায় নেওয়া হচ্ছে। তবে শেষবারের মতো মরদেহ বাড়িতে নিতে গিয়েও আর্থিক সংকটে পড়েছে মরিয়মের পরিবার। অ্যাম্বুলেন্সের ভাড়া জোগাড় করতে স্বজনদের ১৭ হাজার টাকা ধার করতে হয়েছে।
সোমবার (২১ সেপ্টেম্বর) দুপুরে মরিয়মের ফুফা সিকান্দার গণমাধ্যমকে এ তথ্য জানান।
পরিবারের অভিযোগ, এমন সংকটময় পরিস্থিতিতেও এমপির পরিবারের পক্ষ থেকে কেউ তাদের খোঁজ নেননি। একদিকে স্বজন হারানোর শোক, অন্যদিকে মরদেহ বাড়িতে নেওয়ার খরচ জোগাড়ের চিন্তা—সব মিলিয়ে কঠিন সময় পার করছে মরিয়মের পরিবার।
এদিকে মরিয়মকে আত্মহত্যায় প্ররোচনার অভিযোগে করা মামলায় গাজী নজরুল ইসলাম ও তার প্রথম স্ত্রী মাকছুদা ইসলামের সাত দিনের রিমান্ড চেয়ে আবেদন করেছে পুলিশ।
শেরেবাংলা নগর থানার উপপরিদর্শক (এসআই) ও মামলার তদন্ত কর্মকর্তা শামসুদ্দোহা সরকার আদালতে এ রিমান্ড আবেদন করেন।
এর আগে রোববার রাতে রাজধানীর শেরেবাংলা নগর থানাধীন ন্যাম ভবনের ৫ নম্বর ভবনের তৃতীয় তলার ২০৩ নম্বর ফ্ল্যাট থেকে মরিয়মের মরদেহ উদ্ধার করা হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে।
এ সময় বাসায় থাকা গাজী নজরুল ইসলাম ও তার প্রথম স্ত্রীকে থানায় নিয়ে যায় পুলিশ। একই সময়ে নিহত মরিয়মের বাবাও সেখানে উপস্থিত ছিলেন। পরে তিনি মামলা করলে গাজী নজরুল ইসলাম ও তার প্রথম স্ত্রীকে গ্রেপ্তার দেখায় পুলিশ।
মরিয়মের মৃত্যুর কারণ ও ঘটনাটি ঘিরে ওঠা অভিযোগের বিষয়ে আইনশৃঙ্খলা বাহিনীর তদন্ত চলছে।
