×

মতামত

বনায়ন ধ্বংস: বনহীন ভবিষ্যতের পথে আমরা

Icon

মীম ওবাইদুল্লাহ

প্রকাশ: ১৮ মে ২০২৬, ০৯:১৪ পিএম

বনায়ন ধ্বংস: বনহীন ভবিষ্যতের পথে আমরা

প্রতীকী ছবি ও লেখক

বন কেবল গাছের সমষ্টি নয়, এটি পৃথিবীর ফুসফুস, জীবনের পরম আশ্রয়। গাছ মাটিকে উর্বর রাখে, অক্সিজেন দেয়, জলবায়ুর ভারসাম্য বজায় রাখে এবং জীববৈচিত্র্যকে রক্ষা করে। অথচ আজ সেই বনভূমিই দ্রুত উজাড় হয়ে যাচ্ছে মানুষের লোভ ও অজ্ঞতার কারণে। জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থা (FAO)-এর ২০২৪ সালের প্রতিবেদনে বলা হয়েছে, প্রতি বছর পৃথিবী থেকে প্রায় ১০ মিলিয়ন হেক্টর বনভূমি হারিয়ে যাচ্ছেন। এই ধ্বংসের ফলে জলবায়ু পরিবর্তন, প্রাণবৈচিত্র্যের হ্রাস ও মানবজীবনের ভারসাম্য মারাত্মকভাবে বিপন্ন হচ্ছে। 

বাংলাদেশও এই সংকটের বাইরে নয়। ঘনবসতিপূর্ণ এই দেশে বনভূমি ধ্বংসের গতি দক্ষিণ এশিয়ায় অন্যতম দ্রুত। বন ধ্বংস মানে শুধু গাছ হারানো নয়; এটির মানে হলো- মাটি, পানি, প্রাণী, এমনকি মানুষের অস্তিত্বকেই ঝুঁকিতে ফেলা। 

বিশ্বে বনায়ন ধ্বংসের বর্তমান পরিস্থিতি 

বিশ্বব্যাপী বনায়ন ধ্বংসের অন্যতম প্রধান কারণ হলো কৃষিজমি, নগরায়ণ ও শিল্পায়নের বিস্তার। FAO-র ‘State of the World’s Forests 2023’ প্রতিবেদনে বলা হয়, গত ৩০ বছরে পৃথিবী প্রায় ৪২০ মিলিয়ন হেক্টর বনভূমি হারিয়েছে, যা বৈশ্বিক কার্বন নির্গমনের প্রায় ১১ শতাংশের উৎস। লাতিন আমেরিকার আমাজন, আফ্রিকার কঙ্গো বেসিন এবং দক্ষিণ-পূর্ব এশিয়ার ইন্দোনেশিয়া, এই তিন অঞ্চলে সবচেয়ে বেশি বন উজাড় হচ্ছে। IPCC (2022) অনুযায়ী, এভাবে বন উজাড় চলতে থাকলে ২০৫০ সালের মধ্যে বৈশ্বিক গড় তাপমাত্রা ১.৫ °C এর বেশি বেড়ে যাবে, যার প্রভাব পড়বে খাদ্য উৎপাদন, পানি সরবরাহ ও মানবস্বাস্থ্যে। 

বাংলাদেশের পরিস্থিতি 

বাংলাদেশের মোট ভূমির মাত্র ১১.১৭ শতাংশ বন হিসেবে স্বীকৃত। অথচ ১৯৭০-এর দশকে এই হার ছিল প্রায় ২০ শতাংশ। FAO-র হিসাব অনুযায়ী, প্রতি বছর বাংলাদেশ প্রায় ২৫ হাজার হেক্টর বনভূমি হারাচ্ছে। দেশের দক্ষিণাঞ্চলীয় উপকূল, পার্বত্য চট্টগ্রাম, মধুপুর গড় ও ভাওয়াল অঞ্চলে বন উজাড়ের হার সবচেয়ে বেশি। পাহাড় কাটা, দখল, অবৈধ কাঠ ব্যবসা এবং কৃষি সম্প্রসারণের কারণে বনভূমি ক্রমশ সংকুচিত হচ্ছে। বিশেষজ্ঞরা সতর্ক করেছেন, যদি এই প্রবণতা চলতে থাকে, তবে আগামী দুই দশকের মধ্যে বাংলাদেশের মোট বনভূমি ৮ শতাংশে নেমে আসতে পারে। এতে দেশের জলবায়ু, খাদ্য নিরাপত্তা ও জীববৈচিত্র্য ভয়াবহভাবে ক্ষতিগ্রস্ত হবে। 

বনায়ন ধ্বংসের প্রকৃতি ও প্রধান কারণ 

বাংলাদেশে বনভূমি ধ্বংসের প্রধান কারণগুলোর মধ্যে সবচেয়ে বড় কারণ হচ্ছে জনসংখ্যা বৃদ্ধি এবং কৃষিজমির সম্প্রসারণ। দেশের প্রতি বর্গকিলোমিটারে ২০২৫ সালের হিসাব অনুযায়ী প্রায় ১,৩০০ জন মানুষ বসবাস করছে, যা খাদ্য, বাসস্থান ও জীবিকার জন্য ক্রমবর্ধমান চাহিদা তৈরি করেছে। এই চাপ মেটাতে গ্রামীণ অঞ্চলে মানুষ বনভূমি দখল করে ধান, সবজি, পানা ও অন্যান্য ফসল চাষের জন্য জমি তৈরি করছে। গত দুই দশকে প্রায় দুই লাখ হেক্টর বন কৃষিজমিতে রূপান্তরিত হয়েছে, যা শুধু জীববৈচিত্র্যকে ক্ষতিগ্রস্ত করছে না, বরং মাটির উর্বরতাও হ্রাস করছে। 

অবৈধ কাঠ কাটা এবং বনজ সম্পদের বাণিজ্যিক ব্যবহার বনভূমি ধ্বংসে অন্য একটি বড় ভূমিকা পালন করছে। পার্বত্য চট্টগ্রাম, চট্টগ্রাম, কক্সবাজার, বান্দরবান, রাঙামাটি, মধুপুর ও সিলেট অঞ্চলে সক্রিয় সংঘবদ্ধ চক্র বন থেকে কাঠ কাটছে এবং তা স্থানীয় বাজারের পাশাপাশি বিদেশে পাচার করছে। প্রশাসনিক দুর্বলতা এবং রাজনৈতিক প্রভাবের কারণে এসব অপরাধীদের বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা নেওয়া প্রায়ই সম্ভব হচ্ছে না। 

এ ছাড়া নগরায়ণ এবং শিল্পায়নও বনভূমির জন্য মারাত্মক হুমকি। ঢাকার আশপাশে, গাজীপুর, নারায়ণগঞ্জ, চট্টগ্রাম ও খুলনা অঞ্চলে নতুন শিল্পাঞ্চল, আবাসিক এলাকা এবং বাণিজ্যিক স্থাপনা গড়ে ওঠার ফলে প্রাকৃতিক বন ক্রমেই হারাচ্ছে। প্রতি বছর নগর ও শিল্প সম্প্রসারণের কারণে প্রায় দুই শতাংশ বনভূমি নষ্ট হচ্ছে। গ্রামীণ অঞ্চলে মানুষের জ্বালানি কাঠের ওপর নির্ভরতা বন নিধনের আরও একটি প্রধান উৎস। দেশের প্রায় ৪০% মানুষ রান্না এবং গরমের কাজে কাঠ ব্যবহার করছে, যা প্রাকৃতিক বনভূমি থেকে সরবরাহিত হয় এবং এতে দীর্ঘ মেয়াদে বন উজাড়ের হার আরও বাড়ছে। 

অন্যদিকে জলবায়ু পরিবর্তন এবং প্রাকৃতিক দুর্যোগও বন ধ্বংসকে ত্বরান্বিত করছে। ঘূর্ণিঝড়, বন্যা, বন অগ্নিকাণ্ড এবং লবণাক্ত পানির অনুপ্রবেশ সুন্দরবনের মতো উপকূলীয় বনাঞ্চলকে মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত করছে।

আইপিসিসি-এর প্রতিবেদনে বলা হয়েছে, বাংলাদেশের উপকূলীয় অঞ্চলের প্রায় ১২% বনভূমি জলবায়ু পরিবর্তনের ঝুঁকিতে রয়েছে। নীতিগত দুর্বলতা, প্রশাসনিক দুর্বলতা এবং দুর্নীতি বন সংরক্ষণে বড় বাধা হিসেবে কাজ করছে। রাজনৈতিক প্রভাব বা আর্থিক লাভের আশায় সংরক্ষিত বনাঞ্চল বাণিজ্যিক প্রতিষ্ঠানকে লিজ বা দখলে দেওয়া হয়, এবং আইন প্রয়োগের তদারকি কম থাকায় এসব কর্মকাণ্ড প্রায়ই অদণ্ডিত থেকে যায়। 

অন্যদিকে সচেতনতার অভাব এবং সামাজিক প্রভাবও গুরুত্বপূর্ণ। গ্রামীণ জনগণ প্রায়ই বনভূমিকে ‘অব্যবহৃত জমি’ মনে করে, যা চাষাবাদ বা বসতি স্থাপনের জন্য ব্যবহার করা যেতে পারে। দরিদ্র জনগোষ্ঠীর জন্য বন থেকে কাঠ, পাতা ও বাঁশ বিক্রি করে জীবিকা নির্বাহ করাও একটি বড় কারণ। শিক্ষা এবং বিকল্প জীবিকার সুযোগের অভাবে তারা বন সংরক্ষণে সচেতন হয়ে উঠতে পারছে না, ফলে বন উজাড়ের হার আরও বাড়ছে। সমগ্রভাবে, এই সব কারণ একত্রিত হয়ে বাংলাদেশের বনভূমিকে ক্রমেই সংকটের মুখে ঠেলে দিচ্ছে। 

পরিবেশ ও সমাজে প্রভাব 

বনভূমি ধ্বংসের সরাসরি ও পরোক্ষ প্রভাব পড়ছে জলবায়ু, পরিবেশ ও মানবসমাজের ওপর। বন হলো পৃথিবীর ‘সবুজ ফুসফুস’, যা কার্বন ডাই-অক্সাইড শোষণ করে অক্সিজেন উৎপন্ন করে এবং বৈশ্বিক উষ্ণতা নিয়ন্ত্রণে রাখে। কিন্তু ক্রমবর্ধমান বন উজাড়ের ফলে এই প্রাকৃতিক ভারসাম্য মারাত্মকভাবে নষ্ট হচ্ছে। জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থা (FAO) ও পরিবেশ বিষয়ক সংস্থা UNEP-এর তথ্য অনুযায়ী, প্রতি বছর বন ধ্বংসের কারণে প্রায় ২.৪ বিলিয়ন টন কার্বন ডাই-অক্সাইড বাতাসে নিঃসৃত হচ্ছে। এই বিপুল পরিমাণ কার্বন নিঃসরণ বৈশ্বিক উষ্ণতা বৃদ্ধির অন্যতম কারণ হিসেবে কাজ করছে, যার প্রভাব পড়ছে জলবায়ু পরিবর্তন, সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি, বৃষ্টিপাতের অনিয়ম, এবং ঘন ঘন প্রাকৃতিক দুর্যোগে। 

বাংলাদেশেও বন ধ্বংসের প্রভাব স্পষ্টভাবে দৃশ্যমান। বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের (BMD, ২০২৩) তথ্য অনুযায়ী, গত কয়েক দশকে দেশের গড় তাপমাত্রা বেড়েছে প্রায় ১.২ ডিগ্রি সেলসিয়াস। এই তাপমাত্রা বৃদ্ধির সঙ্গে সঙ্গে বেড়েছে খরা, অনিয়মিত বৃষ্টিপাত, ঘূর্ণিঝড় ও জলোচ্ছ্বাসের মাত্রা। বনভূমি কমে যাওয়ায় দেশের দক্ষিণাঞ্চলের উপকূলীয় অঞ্চলগুলো ক্রমশ বেশি ঝুঁকিপূর্ণ হয়ে উঠছে। সুন্দরবনের অংশবিশেষ উজাড় হওয়ায় ঝড়-জলোচ্ছ্বাসের সময় প্রাকৃতিক বাঁধের ভূমিকা কমে যাচ্ছে, যার ফলে উপকূলীয় এলাকার ঘরবাড়ি, ফসল ও জীববৈচিত্র্য মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে। 

অন্যদিকে, বন উজাড়ের কারণে বাংলাদেশের পার্বত্য অঞ্চলেও দেখা দিয়েছে ভয়াবহ ভূমিধস ও মাটির ক্ষয়। চট্টগ্রাম, রাঙামাটি ও বান্দরবানের পাহাড়ে নির্বিচারে গাছ কেটে বসতি স্থাপন ও কৃষিজমি তৈরি করার ফলে প্রতি বছর বর্ষাকালে ভূমিধসের ঝুঁকি বেড়ে যাচ্ছে। একই সঙ্গে পাহাড়ি নদী ও খালগুলো পলিতে ভরাট হয়ে জলাধার ধারণক্ষমতা হারাচ্ছে, যার প্রভাব পড়ছে সেচব্যবস্থা ও পানির প্রাপ্যতায়। 

বনের সঙ্গে বাস্তুসংস্থানের সম্পর্ক

বন হল একটি জটিল বাস্তুতন্ত্র, যেখানে বিভিন্ন জীব (উদ্ভিদ, প্রাণী, অণুজীব) এবং জড় উপাদান (মাটি, জল, বায়ু, সূর্যালোক) একে অপরের সাথে নিবিড়ভাবে সম্পর্কযুক্ত। এই মিথস্ক্রিয়া শক্তির প্রবাহ এবং পদার্থের আদান-প্রদানের মাধ্যমে একটি ভারসাম্যপূর্ণ পরিবেশ তৈরি করে। বনের গাছপালা সূর্যের আলো ব্যবহার করে খাদ্য তৈরি করে, যা অন্যান্য প্রাণীদের খাদ্য জোগায় এবং তাদের আশ্রয় দেয়।

বন বাংলাদেশের বাস্তুসংস্থান রক্ষার মৌলিক উপাদান। বন কার্বন শোষণ, জলচক্র নিয়ন্ত্রণ, মাটি ধরে রাখা, বন্যা–খরা নিয়ন্ত্রণ, জীববৈচিত্র্য সংরক্ষণ এবং জলবায়ুর ভারসাম্য বজায় রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। বাংলাদেশে বনভূমি সংকোচনের কারণে ইতিমধ্যে তাপমাত্রা বেড়েছে ১.২°C (BMD, 2023)। বন হ্রাসের ফলে নদী–খাল শুকিয়ে যাওয়া, বন্যপ্রাণীর আবাসস্থল ধ্বংস, পরাগায়ন সংকট, মাটির ক্ষয় ও ভূমিধস বেড়েছে। মধুপুর ও ভাওয়ালের শালবন হারিয়ে গেছে বাঘ, হরিণ, গিবনসহ বহু প্রজাতি; IUCN Bangladesh জানায়, দেশের প্রায় ৫০টি প্রাণী প্রজাতি বিলুপ্তির ঝুঁকিতে রয়েছে। সুন্দরবন দেশের দক্ষিণাঞ্চলকে ঘূর্ণিঝড় থেকে প্রাকৃতিক ঢাল হিসেবে রক্ষা করে; এ বনের ক্ষতি মানে উপকূলীয় এলাকায় দুর্যোগের তীব্রতা আরও বৃদ্ধি পাওয়া।

পরিসংখ্যান 

বিশ্বব্যাপী বনভূমি ধ্বংস এখন এমন এক সংকটে পরিণত হয়েছে, যা জলবায়ু পরিবর্তন, জীববৈচিত্র্য, এবং মানবজীবনের ভারসাম্যকে সরাসরি বিপন্ন করছে। জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থার (FAO, 2024) তথ্যমতে, প্রতি বছর পৃথিবীজুড়ে প্রায় ১০ মিলিয়ন হেক্টর বনভূমি হারিয়ে যাচ্ছে। এই বিশাল ক্ষয় জলবায়ু পরিবর্তনের অন্যতম প্রধান কারণ হিসেবে বিবেচিত, কারণ বন কার্বন শোষণের মাধ্যমে বৈশ্বিক উষ্ণায়ন রোধে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। 

বাংলাদেশের পরিস্থিতিও ক্রমেই উদ্বেগজনক হয়ে উঠছে। বাংলাদেশ বন অধিদপ্তরের (Forest Department, 2024) সাম্প্রতিক প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, দেশে বর্তমানে মোট ভূমির মাত্র ১১.১৭% বনভূমি হিসেবে চিহ্নিত। অথচ আন্তর্জাতিকভাবে পরিবেশগত ভারসাম্য রক্ষার জন্য একটি দেশের অন্তত ২৫% বনভূমি থাকা প্রয়োজন। অর্থাৎ, বাংলাদেশ বর্তমানে প্রয়োজনীয় মানের অর্ধেকেরও কম বন আচ্ছাদিত অবস্থায় আছে। 

FAO-র ২০২৩ সালের রিপোর্ট অনুযায়ী, দেশে প্রতি বছর প্রায় ২৫,০০০ হেক্টর বনভূমি হারিয়ে যাচ্ছে। এই হার শুধু প্রাকৃতিক বনেই নয়, সামাজিক ও উপকূলীয় বনায়ন প্রকল্পের ক্ষেত্রেও দেখা যাচ্ছে। বিশেষ করে পার্বত্য চট্টগ্রাম, সিলেট, টেকনাফ এবং খুলনা অঞ্চলে অবৈধ দখল, বসতি স্থাপন ও কৃষিজমি সম্প্রসারণের কারণে বন ধ্বংসের হার সবচেয়ে বেশি। 

বাংলাদেশ বন অধিদপ্তরের তথ্য অনুসারে, দেশের মোট বনভূমির প্রায় ২৫% বর্তমানে দখল হয়ে আছে। এসব দখলদারির পেছনে আছে রাজনৈতিক প্রভাব, প্রশাসনিক দুর্বলতা এবং কার্যকর নজরদারির অভাব। অনেক ক্ষেত্রে সংরক্ষিত বনাঞ্চলেও স্থানীয় প্রভাবশালীরা চাষাবাদ বা বাণিজ্যিক উদ্দেশ্যে জমি ব্যবহার করছে। 

উত্তরণের উপায়: কঠোর সরকারি নীতি ও নজরদারি 

বাংলাদেশে বন ধ্বংস রোধে সবচেয়ে বড় চ্যালেঞ্জ হলো আইনের দুর্বল প্রয়োগ। বন সংরক্ষণ আইন থাকা সত্ত্বেও অবৈধ দখল, কাঠ চুরি ও দালাল চক্রের প্রভাব অপ্রতিরোধ্য। বাংলাদেশ বন বিভাগ ও স্থানীয় প্রশাসনের মধ্যে সমন্বয়ের অভাবের কারণে সংরক্ষিত বনাঞ্চলে বসতি স্থাপন বা কৃষিজমি রূপান্তর থামানো যাচ্ছে না। 

জাতিসংঘের পরিবেশ কর্মসূচি (UNEP) ও বিশ্বব্যাংকের (World Bank, 2022) এক যৌথ প্রতিবেদনে বলা হয়, শুধুমাত্র কার্যকর মনিটরিং ও আইন প্রয়োগের মাধ্যমেই উন্নয়নশীল দেশগুলো বন ধ্বংসের হার ৩০–৪০% পর্যন্ত কমাতে সক্ষম হয়েছে। 

সামাজিক বনায়ন ও কমিউনিটি ম্যানেজমেন্ট  

বন রক্ষায় জনগণের অংশগ্রহণ অত্যন্ত গুরুত্বপূর্ণ। স্থানীয় জনগণকে বাদ দিয়ে বন রক্ষা করা সম্ভব নয়, এটা এখন আন্তর্জাতিকভাবে স্বীকৃত সত্য। FAO ও IUCN–এর গবেষণায় দেখা গেছে, যেখানে স্থানীয় জনগোষ্ঠী বন ব্যবস্থাপনায় অংশ নেয়, সেখানে বন পুনরুদ্ধারের হার তুলনামূলকভাবে তিনগুণ বেশি। 

বিকল্প জ্বালানির ব্যবহার 

বাংলাদেশের প্রায় ৪০% মানুষ এখনো রান্না ও গৃহস্থালির কাজে কাঠের জ্বালানির ওপর নির্ভরশীল। এই নির্ভরতা প্রতিদিন বনভূমিকে নিঃশেষ করছে। পরিবেশ অধিদপ্তরের তথ্য অনুযায়ী, বছরে প্রায় ৬ মিলিয়ন টন কাঠ জ্বালানি হিসেবে ব্যবহৃত হয়, যার ৭০% আসে প্রাকৃতিক বন থেকে। 

পরিবেশ শিক্ষা ও জনসচেতনতা বৃদ্ধি

শিক্ষা ও সচেতনতা ছাড়া কোনো পরিবেশ নীতি সফল হতে পারে না। দেশের অধিকাংশ মানুষ এখনো বন সংরক্ষণের গুরুত্ব বা দীর্ঘমেয়াদি প্রভাব সম্পর্কে অজ্ঞ। জাতিসংঘের শিক্ষা, বিজ্ঞান ও সংস্কৃতি সংস্থা (UNESCO)-এর মতে, ‘Environmental literacy’ হলো টেকসই উন্নয়নের প্রথম ধাপ। 

আইন প্রয়োগ ও আন্তর্জাতিক সহযোগিতা

বন সংরক্ষণ শুধু জাতীয় ইস্যু নয়- এটি বৈশ্বিক ইস্যু। আন্তর্জাতিক সহযোগিতা ছাড়া বন সংরক্ষণ কার্যক্রম দীর্ঘ মেয়াদে টেকসই হয় না। জাতিসংঘের ‘REDD+ (Reducing Emissions from Deforestation and Forest Degradation)’ প্রোগ্রামের আওতায় বাংলাদেশ ইতিমধ্যে অংশ নিয়েছে। তবে এখনো কার্বন ক্রেডিট নীতি কার্যকরভাবে বাস্তবায়ন হয়নি। 

বনায়ন সুরক্ষায় ৩ করণীয়

বাংলাদেশে বনায়ন ধ্বংস এখন শুধু পরিবেশগত সংকট নয়, বরং টেকসই উন্নয়ন ও জাতির দীর্ঘমেয়াদি নিরাপত্তার জন্য গুরুতর হুমকি। নানা কারণে বনভূমি সঙ্কুচিত হচ্ছে প্রতি বছরই। এই পরিস্থিতিতে বন সংরক্ষণকে আর একক কোনো ব্যক্তি, সম্প্রদায় বা প্রতিষ্ঠানের দায়িত্ব হিসেবে দেখা যায় না; বরং এটি একটি সমন্বিত জাতীয় কর্তব্য। তাই নিচের তিন করণীয় যথাযথভাবে বাস্তবায়নই পারে জাতীয় পর্যায়ে বন সংরক্ষণ নিশ্চিত করে ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি নিরাপদ ও সবুজ বাংলাদেশ গড়ে তুলতে।

১. আমাদের করণীয়

সাধারণ মানুষের ভূমিকা বন রক্ষায় অত্যন্ত গুরুত্বপূর্ণ। প্রথমত, জ্বালানি কাঠের ব্যবহার কমিয়ে এলপিজি, সোলার বা বায়োগ্যাসের মতো বিকল্প জ্বালানির দিকে যেতে হবে। দ্বিতীয়ত, অবৈধ কাঠ কাটা বা বন দখল দেখলে স্থানীয় প্রশাসন ও বন অধিদপ্তরে অভিযোগ জানাতে নাগরিকদের সক্রিয় হতে হবে। তৃতীয়ত, স্থানীয় পর্যায়ে সামাজিক বনায়নে অংশগ্রহণ, বৃক্ষরোপণ, এবং স্কুল–কলেজে পরিবেশ ক্লাব গঠন করে সচেতনতা বাড়ানো জরুরি।

এ ছাড়া ন্যূনতম প্লাস্টিক ব্যবহার, নদী–খাল দূষণ রোধ এবং জীববৈচিত্র্যবান্ধব জীবনযাত্রা গড়ে তোলা বনায়ন রক্ষায় অবদান রাখতে পারে। গণমাধ্যম ও সামাজিক যোগাযোগমাধ্যমেও বন ধ্বংসের বিরুদ্ধে জনমত গঠন করা গুরুত্বপূর্ণ।

২. মাঠপর্যায়ে বন অধিদপ্তরের করণীয়

বন অধিদপ্তরকে মাঠ পর্যায়ে সর্বপ্রথম টহল ও নজরদারি জোরদার করতে হবে। অবৈধ কাঠ কাটা ও বন্যপ্রাণী পাচারের বিরুদ্ধে নিয়মিত অভিযান পরিচালনা করতে হবে। বনভূমির সীমানা চিহ্নিত করে ডিজিটাল ম্যাপিং করা, বন দখল চিহ্নিত করে দ্রুত উচ্ছেদ, এবং স্থানীয় জনগণের সঙ্গে যৌথ ব্যবস্থাপনা (co-management) চালু করা জরুরি।

ফিল্ড অফিসারদের প্রশিক্ষণ, আধুনিক সরঞ্জাম প্রদান, স্থানীয় জনগণের সঙ্গে সমন্বয় বাড়ানো, এবং সামাজিক বনায়ন প্রকল্প সঠিকভাবে বাস্তবায়ন করা মাঠ পর্যায়ের মূল দায়িত্ব। এছাড়া নার্সারি ও বৃক্ষরোপণ কর্মসূচি বাস্তবায়নের পাশাপাশি পুনর্জন্ম (regeneration) নিশ্চিত করাও অত্যন্ত প্রয়োজন।

৩. সরকারের করণীয়

সরকারকে প্রথমত অবৈধ দখল উচ্ছেদ এবং বন রক্ষায় কঠোর আইন প্রয়োগ নিশ্চিত করতে হবে। সংরক্ষিত বনাঞ্চলে যেকোনো বাণিজ্যিক কার্যক্রম বন্ধ করা এবং ভূমি মন্ত্রণালয় ও বন বিভাগের মধ্যে সমন্বয় জোরদার করা জরুরি। আধুনিক প্রযুক্তি—স্যাটেলাইট মনিটরিং, ড্রোন নজরদারি, জিও-স্পেশাল ডেটা—ব্যবহার করে বনভূমি পর্যবেক্ষণ করা যেতে পারে।

জাতীয় পর্যায়ে পুনঃবনায়ন কর্মসূচি বড় আকারে বাস্তবায়ন, বায়োবিন্যাস (ecosystem restoration) প্রকল্পে বিনিয়োগ, এবং জলবায়ু পরিবর্তন তহবিল থেকে বন সংরক্ষণে অর্থ বরাদ্দ প্রয়োজন। স্থানীয় জনগণকে অংশীদার করে কমিউনিটি ফরেস্ট ম্যানেজমেন্ট চালু করলে বন রক্ষার কার্যকারিতা বাড়বে।

পরিশেষে বলতে চাই যে, বনভূমি কেবল প্রাকৃতিক সম্পদ নয়, এটি মানবসভ্যতার অস্তিত্বের রক্ষাকবচ। বন ধ্বংস মানে শুধু গাছ হারানো নয়, বরং এটি মানে জীবনের শিকড় কেটে ফেলা। বাংলাদেশ আজ এক ভয়াবহ বাস্তবতার মুখোমুখি-একদিকে দ্রুত নগরায়ণ, অন্যদিকে বনভূমির অবক্ষয়। প্রকৃতি আমাদের বারবার সতর্ক করছে- বন্যা, খরা, জলোচ্ছ্বাসের রূপে। এখনই যদি কার্যকর পদক্ষেপ না নেওয়া হয়, তবে ভবিষ্যৎ প্রজন্মের জন্য আমরা রেখে যাব মরুময়, নিঃশ্বাসহীন এক পৃথিবী।


উৎস

FAO. (2023,2024). Global Forest Resources Assessment. 

IPCC. (2022). Climate Change 2022: Impacts, Adaptation and Vulnerability. 

UNEP. (2023). Global Forest Outlook Report & Global Carbon Emission from Deforestation.

Forest Department Bangladesh. (2024). National Forest Inventory Report.

World Bank. (2023). Forests and Biodiversity in South Asia. 

IUCN Bangladesh. (2023). Red List of Bangladesh Species.

Bangladesh Meteorological Department (BMD). (2023). Climate Data Summary. 

Cox’s Bazar Forest Circle Report. (2023). Annual Forest Condition Report.

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

মদ্রিচকে নিয়ে ক্রোয়েশিয়ার বিশ্বকাপ দল ঘোষণা

মদ্রিচকে নিয়ে ক্রোয়েশিয়ার বিশ্বকাপ দল ঘোষণা

একদিনের ছুটি বাতিল, খোলা থাকছে ব্যাংক

একদিনের ছুটি বাতিল, খোলা থাকছে ব্যাংক

স্বরাষ্ট্রমন্ত্রী-সিঙ্গাপুরের অনিবাসী হাইকমিশনারের সাক্ষাৎ

স্বরাষ্ট্রমন্ত্রী-সিঙ্গাপুরের অনিবাসী হাইকমিশনারের সাক্ষাৎ

কোলম্যান হচ্ছেন না বাংলাদেশের কোচ

কোলম্যান হচ্ছেন না বাংলাদেশের কোচ

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App