দেশের পথে মির্জা আব্বাস
কাগজ ডেস্ক
প্রকাশ: ০২ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৫৪ পিএম
বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা মির্জা আব্বাস। ছবি : সংগৃহীত
দীর্ঘ পাঁচ মাস সিঙ্গাপুর ও মালয়েশিয়ায় চিকিৎসা নেওয়ার পর দেশে ফিরছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা মির্জা আব্বাস। তার পারিবারিক সূত্র বিষয়টি নিশ্চিত করেছে।
বুধবার (২ সেপ্টেম্বর) স্থানীয় সময় সন্ধ্যা সাড়ে ৭টার দিকে মির্জা আব্বাসকে বহনকারী ফ্লাইটটি কুয়ালালামপুর বিমানবন্দর থেকে ঢাকার উদ্দেশে ছেড়ে আসে।
সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, বাংলাদেশ সময় রাত ৯টার দিকে ফ্লাইটটির শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণের কথা রয়েছে। তার সঙ্গে দেশে ফিরছেন স্ত্রী আফরোজা আব্বাস।
মালয়েশিয়া থেকে আফরোজা আব্বাস জানান, চিকিৎসকদের সমন্বয়ে গঠিত মেডিকেল বোর্ডের অনুমোদন পাওয়ার পরই দেশে ফেরার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এরই মধ্যে দেশে ফেরার প্রয়োজনীয় প্রস্তুতিও শেষ হয়েছে।
আরও পড়ুন: ১৮ বছরে সুযোগ পেয়েও লোভে পা দিইনি: তথ্যমন্ত্রী
পরিবার ও দলের নেতারা জানিয়েছেন, দীর্ঘদিন চিকিৎসাধীন থাকার পর মির্জা আব্বাসের শারীরিক অবস্থায় উল্লেখযোগ্য উন্নতি হয়েছে। তবে দেশে ফেরার পরও তার চিকিৎসা ও পুনর্বাসন কার্যক্রম অব্যাহত থাকবে। এ লক্ষ্যে প্রতিদিন ফিজিওথেরাপির ব্যবস্থাও রাখা হয়েছে।
গত ১১ মার্চ ইফতারে পানি পান করার সময় হঠাৎ জ্ঞান হারান মির্জা আব্বাস। পরে অবস্থার উন্নতি না হওয়ায় ওইদিন গভীর রাতে তাকে এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়। ১৫ মার্চ তার শারীরিক অবস্থার অবনতি হলে এয়ার অ্যাম্বুলেন্সে করে ঢাকা থেকে সিঙ্গাপুরে নেওয়া হয় তাকে। সেখানে চিকিৎসা নেওয়ার পর উন্নত চিকিৎসার জন্য তাকে মালয়েশিয়ায় স্থানান্তর করা হয়।
আরও পড়ুন: হরমুজ প্রণালিতে বাংলাদেশি জাহাজ চলাচলে বাধা নেই
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-৮ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন মির্জা আব্বাস। বিএনপির স্থায়ী কমিটির সদস্যের পাশাপাশি বর্তমানে তিনি প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা হিসেবেও দায়িত্ব পালন করছেন।
