লংমার্চের ভোগান্তির কারণে জামায়াত জোটের দুঃখ প্রকাশ
কাগজ ডেস্ক
প্রকাশ: ০৬ সেপ্টেম্বর ২০২৬, ১০:৪২ পিএম
ছবি : সংগৃহীত
জামায়াতের নেতৃত্বাধীন ১১ দলীয় ঐক্যের ঢাকা-চট্টগ্রাম অভিমুখী লংমার্চ কর্মসূচিকে কেন্দ্র করে সাধারণ মানুষের সাময়িক ভোগান্তি হওয়ায় দুঃখ প্রকাশ করেছে জোটটি। একই সঙ্গে গত ৫ সেপ্টেম্বর অনুষ্ঠিত কর্মসূচি সফলভাবে সম্পন্ন হওয়ায় দেশবাসীসহ সংশ্লিষ্ট সবার প্রতি কৃতজ্ঞতা জানিয়েছে তারা।
রোববার (৬ সেপ্টেম্বর) গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে লংমার্চ বাস্তবায়ন কমিটির আহ্বায়ক এবং বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার এ দুঃখ প্রকাশ ও কৃতজ্ঞতা জানান।
বিবৃতিতে তিনি বলেন, ‘গণভোটের গণরায় বাস্তবায়ন, জুলাই গণহত্যার বিচার, বিদ্যুৎ, তেল, গ্যাস ও সার সংকট নিরসন, নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি রোধ, চাঁদাবাজি ও দুর্নীতি বন্ধ, আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন এবং সংকীর্ণ দলীয়করণ বন্ধের দাবিতে ১১ দলীয় ঐক্যের ঢাকা থেকে চট্টগ্রাম অভিমুখী শান্তিপূর্ণ লংমার্চ অনুষ্ঠিত হয়।’
আরও পড়ুন: শিক্ষকদের আলাদা পে-স্কেল দেওয়া হবে
কর্মসূচি সফলভাবে সম্পন্ন করতে সহযোগিতা করায় দেশবাসী, ১১ দলীয় ঐক্যের শীর্ষ ও তৃণমূল পর্যায়ের নেতাকর্মী, পুলিশ ও সিভিল প্রশাসনের সদস্য, ট্রাফিক বিভাগ, জেলা প্রশাসন, ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার কর্মীসহ সংশ্লিষ্ট সবার প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান তিনি।
এ ছাড়া লংমার্চের রুটে চলাচলকারী যাত্রী ও পথচারী, সড়কের পাশে দাঁড়িয়ে বহরকে অভিবাদন জানানো সাধারণ মানুষ, ক্ষুদ্র ব্যবসায়ী, দোকানদার এবং সড়ক বিভাগের সংশ্লিষ্টদের প্রতিও কৃতজ্ঞতা প্রকাশ করেন গোলাম পরওয়ার।
একই সঙ্গে কর্মসূচির কারণে সৃষ্ট সাময়িক দুর্ভোগের জন্য দেশবাসীর কাছে দুঃখ প্রকাশ করে তিনি বলেন, ‘লংমার্চ কর্মসূচির কারণে সাময়িক ভোগান্তির জন্য দেশবাসীর কাছে আন্তরিক দুঃখ প্রকাশ করছি আমরা।’
বিবৃতিতে গোলাম পরওয়ার দাবি করেন, ঢাকা থেকে চট্টগ্রামের লালদীঘির ময়দান পর্যন্ত রাস্তার দুই পাশে লাখ লাখ মানুষ দাঁড়িয়ে লংমার্চের বহরকে অভিবাদন জানিয়েছেন। তার ভাষ্য, এর মাধ্যমে মানুষের প্রাণের দাবি আদায়ে ত্যাগের বিষয়টি প্রতিফলিত হয়েছে।
পথসভাগুলোয় হাজার হাজার মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণের কথা উল্লেখ করে তিনি বলেন, এর মাধ্যমে ১১ দলীয় ঐক্যের উত্থাপিত দাবিগুলো যে কোনো একটি দলের একক দাবি নয়, বরং জনগণের প্রাণের দাবি- তা প্রমাণ হয়েছে।
আরও পড়ুন: হাজিরা যেভাবে টাকা পাবেন, জানালেন ধর্মমন্ত্রী
আগামী দিনে জনগণের ন্যায্য দাবি আদায়ের কর্মসূচিগুলোয় দেশবাসী আরও ব্যাপকভাবে সম্পৃক্ত হবেন বলে আশা প্রকাশ করেন জামায়াতের সেক্রেটারি জেনারেল।
বিবৃতিতে আরও জানানো হয়, আগামী ১৯ সেপ্টেম্বর একইভাবে ঢাকা থেকে রংপুর অভিমুখে আরেকটি লংমার্চ কর্মসূচি পালন করবে ১১ দলীয় ঐক্য। এ কর্মসূচি সফল করতে দেশবাসী, জোটের নেতাকর্মী এবং সংশ্লিষ্ট সবার প্রতি আহ্বান জানিয়েছেন মিয়া গোলাম পরওয়ার।
