×

প্রথম পাতা

জ্বালানির ভুল ব্যবহার মূল্য বাড়াতে পারে : সিপিডি

Icon

প্রকাশ: ২৩ ডিসেম্বর ২০২২, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

জ্বালানির ভুল ব্যবহার মূল্য  বাড়াতে পারে : সিপিডি
কাগজ প্রতিবেদক : বিদ্যুৎ ও জ্বালানি খাতে সমন্বিত মহাপরিকল্পনার খসড়ায় নবায়নযোগ্য জ্বালানি যথাযথ গুরুত্ব পায়নি। বরং কয়লা, তরলীকৃত প্রাকৃতিক গ্যাসে (এলএনজি) নির্ভরতা দেখা যাচ্ছে বলে মনে করছে সেন্টার ফর পলিসি ডায়ালগ (সিপিডি)। গবেষণা প্রতিষ্ঠানটির মতে, বিদ্যুৎ ও জ্বালানির প্রতিযোগিতামূলক দাম নির্ধারিত হবে বলে খসড়ায় উল্লেখ করা হয়েছে। কিন্তু জ্বালানির ভুল ব্যবহার মূল্য বাড়াতে পারে। সিপিডির নির্বাহী পরিচালক ড. ফাহমিদা খাতুন বলেন, অন্যান্য বড় লক্ষ্যমাত্রার মতোই ২০৪০ সালের মধ্যে ৪০ শতাংশ নবায়নযোগ্য জ্বালানি ব্যবহারের লক্ষ্যমাত্রা অত্যন্ত উচ্চাকাক্সক্ষী। গতকাল বৃহস্পতিবার সংস্থাটির কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে মহাপরিকল্পনার খসড়া বিশ্লেষণ করে তৈরি করা গবেষণা প্রতিবেদনটি উপস্থাপন করা হয়। এতে বলা হয়, আইন সংশোধন করায় বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি) নখদন্তহীন হয়ে পড়েছে। জরুরি প্রয়োজনের অজুহাতে মূল্য নিয়ন্ত্রণে সরকার হস্তক্ষেপ করবে। আইন আবার সংশোধন করে বিইআরসির হাতে মূল্য নিয়ন্ত্রণের ক্ষমতা ফিরিয়ে দেয়া উচিত। মহাপরিকল্পনা তৈরির ক্ষেত্রে কাঠামো, জ্বালানি নিরাপত্তা, নবায়নযোগ্য জ্বালানি, জ্বালানি রূপান্তর, বিনিয়োগ ও আর্থিক ব্যবস্থাপনার মতো বিষয়গুলো বিশ্লেষণ করা খুবই গুরুত্বপূর্ণ বলে মনে করছে সিপিডি। কিন্তু সরকারের তৈরি করা বর্তমান খসড়ায় আর্থিক বিষয়টি ওইভাবে রাখা হয়নি। জ্বালানির মূল্য নিয়েও এতে বিশদ আলোচনা হয়নি। নির্বাহী পরিচালক বলেন, লক্ষ্যমাত্রাটা একটা স্লোগানের মতো। কপ-২৬ এর আগে বিভিন্ন দেশ ঘোষণা করেছিল নবায়নযোগ্য জ্বালানির লক্ষ্যমাত্রা, সেই তালেই কি আমরা বলেছি, নাকি বাস্তবতার প্রেক্ষিতে বলেছি? আমাদের এখন পর্যন্ত যে অর্জন, ২০৪০ সালে সেই লক্ষ্যমাত্রায় আমরা যেতে পারব কি? তবে একটি কথা আছে এখানে, প্রযুক্তি ও অর্থায়নের প্রয়োজন আছে। সেটা থাকলে আমরা ত্বরান্বিত করতে পারব। আগে যে হারে যাচ্ছি সে হারে না, এটাকে আরও উল্লম্ফন দিয়ে যেতে হবে। এখানে দেশি-বিদেশি বিনিয়োগ নেয়ার প্রয়োজন পড়বে। তিনি বলেন, আমরা জলবায়ু পরিবর্তনকে মাথায় রেখে নবায়নযোগ্য জ্বালানির দিকে যাচ্ছি। সেখানে যে ধরনের প্রযুক্তির কথা বলা হচ্ছে, অনেক দেশ এগুলো বাদ দিয়ে যাচ্ছে। কার্বন ক্যাপচার এন্ড স্টোরেজ, অনেকে এটা এখন আর ব্যবহার করছে না। এটা বর্জন করছে। এটা ব্যবহারে প্রচুর অর্থের ও জায়গার প্রয়োজন পড়ে। সেখানে যে বিনিয়োগ হয় সেটা কস্ট ইফেকটিভ হয় না। আমরা যেটা উৎপাদন করব সেটা কস্ট ইফেকটিভ না হলে আমরা সেটা করব না। যেটা বর্জন হয়ে আছে উন্নত দেশে, সেগুলো আমরা করব না। আইইপিএমপি প্রসঙ্গে তিনি বলেন, জ্বালানি ও বিদ্যুৎ এমন একটা খাত, এখানে অনেকেরই স্বার্থ রয়েছে। এই স্বার্থ দেশের অভ্যন্তরে ও বাইরেও। তবে অর্থনৈতিক উন্নয়নের জন্য কৌশলগত উপাদান, বাইরের স্বার্থকে পেছনে ফেলে দেশের স্বার্থটা কী হবে সেটাই গুরুত্বপূর্ণ হওয়া উচিত। সুশাসনের অভাবে বিদ্যুৎ উৎপাদন করেও গ্রিডে দিতে পারছি না জানিয়ে ড. ফাহমিদা বলেন, মানুষের কাছে সুলভমূল্যে পৌঁছে দিতে পারছি না। অন্যদিকে ক্রমান্বয়ে বিরাট অঙ্কের ভর্তুকি দিচ্ছি। যাদের ভর্তুকির দরকার নেই, কিন্তু সাধারণ মানুষের ওপর মূল্যস্ফীতির চাপের মধ্যেও বিদ্যুৎ-জ্বালানির দাম বাড়ানো হচ্ছে। এমন একটা ক্রিটিক্যাল সময়ে যখন মানুষের নাভিশ্বাস উঠে যাচ্ছে, যখন মূল্য যৌক্তিকীকরণের কথা বলি, তখন সেটা সাধারণ মানুষের ওপর এসে পৌঁছায়। যেখানে সুশাসন দিয়ে বড় রকমের সাশ্রয় করতে পারি, আধুনিক টেকসই জ্বালানি খাত তৈরি করতে পারি, সেটার দিকে নজর দেয়া উচিত। আইইপিএমপি প্রণয়নে বিশেষজ্ঞদের সুপারিশ নেয়া হলেও তা কতটুকু বাস্তবায়ন হবে তা নিয়ে প্রশ্ন রয়েছে বলেও জানান তিনি। ব্রিফিংয়ে মূল প্রতিবেদন উপস্থাপন করেন সিপিডির গবেষণা পরিচালক খন্দকার গোলাম মোয়াজ্জেম। তিনি বলেন, উন্নয়নশীল দেশগুলোর তুলনায় জ্বালানি খাতে আমরা পিছিয়ে আছি। আইইপিএমপি এ নবায়নযোগ্য জ্বালানির বিষয়টি উপেক্ষিত হয়নি, তবে অবহেলিত হয়েছে। প্রযুক্তিগত পরিবর্তন যেভাবে চিন্তা করা দরকার সেটা পর্যাপ্ত হয়নি। ডকুমেন্টটি এখন পর্যন্ত যেভাবে রয়েছে প্রকারান্তরে তা এলএনজিকে উৎসাহিত করছে। ক্ষেত্রবিশেষ কয়লাভিত্তিক বিদ্যুৎ উৎপাদনকেও উৎসাহিত করছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

পরিচালকের সঙ্গে প্রেমের গুঞ্জন, যা বললেন দীঘি

পরিচালকের সঙ্গে প্রেমের গুঞ্জন, যা বললেন দীঘি

তাহসিফের মৃত্যু: রিমান্ডে গুরুত্বপূর্ণ যেসব তথ্য দিলেন বান্ধবী দিশা

তাহসিফের মৃত্যু: রিমান্ডে গুরুত্বপূর্ণ যেসব তথ্য দিলেন বান্ধবী দিশা

ফিল্মি স্টাইলে ব্যবসায়ীকে গুলি, অভিযোগ বিএনপি নেতাদের বিরুদ্ধে

ফিল্মি স্টাইলে ব্যবসায়ীকে গুলি, অভিযোগ বিএনপি নেতাদের বিরুদ্ধে

ঐক্যবদ্ধ হয়ে গণতান্ত্রিক বাংলাদেশ গড়ার আহ্বান রাষ্ট্রপতির

জাতীয় বিপ্লব ও সংহতি দিবস ঐক্যবদ্ধ হয়ে গণতান্ত্রিক বাংলাদেশ গড়ার আহ্বান রাষ্ট্রপতির

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App