×

রংপুর

সৌরবিদ্যুতে চলছে পুরো কারখানা

জাতীয় পরিবেশ পদক পেল নীলফামারীর প্রতিষ্ঠান

Icon

মো. রাজীব চৌধুরী রাজু, নীলফামারী

প্রকাশ: ১১ আগস্ট ২০২৬, ১১:৩৮ পিএম

সৌরবিদ্যুতে চলছে পুরো কারখানা

ছবি : ভোরের কাগজ

নীলফামারীতে ‘ক্লাসিক্যাল হ্যান্ডমেইড প্রোডাক্টস বিডি লিমিটেড’ নামে একটি হাতে তৈরি পণ্য উৎপাদনকারী কারখানা সম্পূর্ণভাবে সৌরবিদ্যুতের মাধ্যমে পরিচালিত হচ্ছে। এতে প্রতিষ্ঠানটির নিজস্ব বিদ্যুৎ খরচ কমার পাশাপাশি দেশের বিদ্যুৎ সাশ্রয়েও ভূমিকা রাখছে কারখানাটি।

সম্প্রতি পরিবেশ দূষণ নিয়ন্ত্রণ ও পরিবেশ সংরক্ষণে বিশেষ অবদানের স্বীকৃতি হিসেবে প্রতিষ্ঠানটি জাতীয় পরিবেশ পদক অর্জন করেছে।

সরেজমিনে জেলার সদর উপজেলার হাজীগঞ্জ এলাকায় অবস্থিত কারখানাটিতে গিয়ে দেখা যায়, সারিবদ্ধভাবে নারী শ্রমিকেরা দক্ষ হাতে বিভিন্ন পণ্য তৈরিতে ব্যস্ত। অন্যদিকে উৎপাদিত পণ্য রপ্তানির জন্য কনটেইনারে প্রস্তুত করা হচ্ছে।

কারখানায় কর্মরত নারী শ্রমিক শেফালী রানী বলেন, “এই কারখানায় ভারী কোনো কাজ নেই। নারীদের মাথার চুলের বেণি গাঁথতে যেমন কয়েকটি আঙুলের সাহায্য লাগে, এ কাজেও তেমনি দু’হাতের প্রয়োজন হয়। নিজ গৃহস্থালির কাজ শেষে অবসর সময় কাজে লাগিয়ে এলাকার অনেক গ্রামীণ নারী আর্থিকভাবে স্বাবলম্বী হচ্ছেন।”

কারখানা কর্তৃপক্ষের দেওয়া তথ্য অনুযায়ী, কারখানার মূল ইউনিটসহ জেলা সদরের আরও চারটি ইউনিটে হাতে তৈরি পণ্য উৎপাদনে প্রায় ১০ হাজার নারী শ্রমিক কাজ করছেন। এসব কারুপণ্যের মধ্যে রয়েছে ফুলদানি, টব, বাস্কেট, ম্যাট ও বিভিন্ন ধরনের শৌখিন ঝুড়ি। পণ্য তৈরিতে কাঁচামাল হিসেবে ব্যবহার করা হয় হোগলা পাতা।

উৎপাদিত এসব পণ্য সরবরাহকারীদের মাধ্যমে যুক্তরাষ্ট্র, কানাডা, চীন, জাপান, জার্মানি ও অস্ট্রেলিয়াসহ বিশ্বের ২৮টি দেশে রপ্তানি করা হচ্ছে।

হাতে তৈরি এসব পণ্য উৎপাদনে বিদ্যুৎ খরচ কমানোর পাশাপাশি দেশের বিদ্যুৎ সাশ্রয়ের লক্ষ্যে কারখানায় পরিবেশবান্ধব সৌরবিদ্যুৎ ব্যবস্থা স্থাপন করা হয়েছে। লাইট, ফ্যানসহ পুরো কারখানাটিই সৌরবিদ্যুতের মাধ্যমে পরিচালিত হচ্ছে।

‘ভোরের কাগজ’-কে দেওয়া এক সাক্ষাৎকারে ‘ক্লাসিক্যাল হ্যান্ডমেইড প্রোডাক্টস বিডি লিমিটেড’, নীলফামারীর সহকারী মহাব্যবস্থাপক (এজিএম) মোহাম্মদ আসাদুজ্জামান বলেন, “২০১২ সালে মাত্র ২০০ জন শ্রমিক নিয়ে এ কারখানার যাত্রা শুরু হয়। বর্তমানে মূল কারখানাসহ জেলা সদরের আরও চারটি ইউনিটে প্রায় ১০ হাজার নারী শ্রমিক পণ্য উৎপাদনের সঙ্গে যুক্ত। কারখানার অভ্যন্তরে একসঙ্গে প্রায় ২ হাজার শ্রমিক পণ্য তৈরির কাজ করছেন। পুরো কারখানাটি পরিবেশবান্ধব সৌরবিদ্যুতের মাধ্যমে পরিচালিত হচ্ছে। এতে একদিকে বিদ্যুৎ খরচ কমছে, অন্যদিকে দেশের বিদ্যুৎ সাশ্রয় হচ্ছে।”

তিনি আরও বলেন, “আমাদের তৈরি পণ্য ও পণ্য তৈরির সরঞ্জাম সম্পূর্ণ পরিবেশবান্ধব। পরিবেশ দূষণ নিয়ন্ত্রণ ও পরিবেশ সংরক্ষণে বিশেষ অবদানের স্বীকৃতি হিসেবে সম্প্রতি বাংলাদেশ সরকারের পক্ষ থেকে ‘ক্লাসিক্যাল হ্যান্ডমেইড প্রোডাক্টস বিডি লিমিটেড’ জাতীয় পরিবেশ পদক অর্জন করেছে।”

রংপুর অঞ্চলের নীলফামারীর গ্রামীণ এলাকায় এ ধরনের কারখানার মাধ্যমে পরিবেশবান্ধব উৎপাদনে এক ধরনের নীরব বিপ্লব ঘটছে। কারুশিল্পের ঐতিহ্যবাহী পদ্ধতির সঙ্গে নবায়নযোগ্য প্রযুক্তির সমন্বয় স্থানীয় অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে বলে মনে করছেন স্থানীয়রা।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

ভাঙচুর-লুটপাটে রাড্ডা স্বাস্থ্যকেন্দ্র এখন ধ্বংসস্তূপ

ভাঙচুর-লুটপাটে রাড্ডা স্বাস্থ্যকেন্দ্র এখন ধ্বংসস্তূপ

লেবাননে ভয়াবহ ফসফরাস হামলা ইসরায়েলের

লেবাননে ভয়াবহ ফসফরাস হামলা ইসরায়েলের

সমুদ্রপথে মালয়েশিয়া পাচারের চেষ্টা, উদ্ধার ১৭

সমুদ্রপথে মালয়েশিয়া পাচারের চেষ্টা, উদ্ধার ১৭

টিকাদানকেন্দ্র ভাঙচুরে এমপি-পুলিশ জড়িত থাকলে ব্যবস্থা

ডিএমপি কমিশনার টিকাদানকেন্দ্র ভাঙচুরে এমপি-পুলিশ জড়িত থাকলে ব্যবস্থা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App