হারের পর আইসিসির শাস্তি পেল বাংলাদেশ
কাগজ ডেস্ক
প্রকাশ: ০৮ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৪৮ পিএম
ছবি : সংগৃহীত
নারী এশিয়া কাপের গুরুত্বপূর্ণ ম্যাচে শ্রীলঙ্কার কাছে হারের পর এবার জরিমানার মুখে পড়েছে বাংলাদেশ নারী ক্রিকেট দল। ধীরগতিতে বোলিং বা স্লো ওভার রেটের কারণে নিগার সুলতানা জ্যোতির দলকে শাস্তি দিয়েছে ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা আইসিসি।
এক সংবাদ বিজ্ঞপ্তিতে আইসিসি জানায়, দুবাইয়ে নারী এশিয়া কাপের ‘বি’ গ্রুপের ম্যাচে শ্রীলঙ্কার বিপক্ষে নির্ধারিত সময়ের মধ্যে প্রয়োজনীয় ওভার শেষ করতে পারেনি বাংলাদেশ। এ কারণে দলের খেলোয়াড়দের ম্যাচ ফির ৫ শতাংশ জরিমানা করা হয়েছে।
ম্যাচে নির্ধারিত সময়ের তুলনায় বাংলাদেশ এক ওভার পিছিয়ে ছিল। আইসিসির নিয়ম অনুযায়ী, নির্ধারিত সময়ের মধ্যে প্রতি এক ওভার কম করার জন্য ম্যাচ ফির ৫ শতাংশ জরিমানা গুনতে হয়।
আরও পড়ুন: সুগন্ধি চাল রপ্তানিতে নতুন বিধিনিষেধ, কমল কোটা
এমিরেটস ইন্টারন্যাশনাল প্যানেল অব ম্যাচ রেফারিজের সদস্য জিএস লক্ষ্মী বাংলাদেশ দলের এক ওভার কম করার বিষয়টি প্রতিবেদনে উল্লেখ করেন। এর ভিত্তিতেই জরিমানা আরোপ করা হয়েছে।
বাংলাদেশ অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি দলের বিরুদ্ধে আনা ধীর ওভার রেটের অভিযোগ স্বীকার করে নিয়েছেন। ফলে এ বিষয়ে কোনো আনুষ্ঠানিক শুনানির প্রয়োজন হয়নি।
বাংলাদেশ দলের বিরুদ্ধে অভিযোগটি করেন ম্যাচের দুই অন-ফিল্ড আম্পায়ার বৃন্দা রাঠি ও হুমাইরা ফারাহ, তৃতীয় আম্পায়ার সালিমা ইমতিয়াজ এবং চতুর্থ আম্পায়ার রাবাব আহসান।
আইসিসির আচরণবিধির ২.২২ ধারা অনুযায়ী, নির্ধারিত সময়ে ন্যূনতম ওভার রেট বজায় রাখতে ব্যর্থ হলে প্রতি ওভারের জন্য খেলোয়াড়দের ম্যাচ ফির ৫ শতাংশ জরিমানা করা হয়।
আরও পড়ুন: শেখ হাসিনার জন্য মৃত্যুদণ্ড অপেক্ষা করছে
এদিকে নারী এশিয়া কাপের গ্রুপ পর্বে নিজেদের শেষ ম্যাচে আজ রাতে মাঠে নামবে বাংলাদেশ। ‘বি’ গ্রুপের এই ম্যাচে বাংলাদেশের প্রতিপক্ষ স্বাগতিক সংযুক্ত আরব আমিরাত। সেমিফাইনালের দৌড়ে টিকে থাকতে ম্যাচটিতে জয় বাংলাদেশের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ।
ইতোমধ্যে ‘বি’ গ্রুপ থেকে শ্রীলঙ্কা এবং ‘এ’ গ্রুপ থেকে ভারত ও পাকিস্তান সেমিফাইনাল নিশ্চিত করেছে। ফলে শেষ চারে জায়গা করে নিতে বাংলাদেশের জন্য সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে জয় গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে।
