সিলেটে হামের চাপ কমেনি, ২৪ ঘণ্টায় প্রাণ গেল আরও দুই শিশুর
সিলেট প্রতিনিধি
প্রকাশ: ২১ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৪০ পিএম
ফাইল ছবি
সিলেট বিভাগে হামের পরিস্থিতির উল্লেখযোগ্য উন্নতি হয়নি। গত ২৪ ঘণ্টায় হামে আক্রান্ত সন্দেহে হাসপাতালে চিকিৎসাধীন আরও দুই শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে ১৫৮ জন সন্দেহভাজন হামের রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। সোমবার (২১ সেপ্টেম্বর) সিলেট বিভাগীয় স্বাস্থ্য পরিচালকের কার্যালয় থেকে প্রকাশিত প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়েছে।
প্রতিবেদন অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ৪৫ জন, শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালে ৫৩ জন, রাগীব-রাবেয়া মেডিকেল কলেজ হাসপাতালে চারজন এবং বিভাগের অন্যান্য হাসপাতাল ও স্বাস্থ্য কমপ্লেক্সে আরও ৫৬ জন সন্দেহভাজন হামের রোগী ভর্তি হয়েছেন।
বর্তমানে সিলেট বিভাগের বিভিন্ন হাসপাতালে হামে আক্রান্ত সন্দেহে ৫৩৫ জন চিকিৎসাধীন রয়েছেন। এর মধ্যে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ১৮৯ জন, শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালে ১৬৭ জন এবং সুনামগঞ্জ জেলা সদর হাসপাতালে ৭৫ জন চিকিৎসা নিচ্ছেন।
স্বাস্থ্য বিভাগের তথ্য অনুযায়ী, চলতি বছরের ১ জানুয়ারি থেকে ২১ সেপ্টেম্বর পর্যন্ত সিলেট বিভাগে হামে আক্রান্ত সন্দেহে মোট ১ হাজার ৫৩ জন রোগী শনাক্ত হয়েছেন। তবে গত ২৪ ঘণ্টায় নতুন করে কোনো নিশ্চিত হামের রোগী শনাক্ত হয়নি।
গত ২৪ ঘণ্টায় মারা যাওয়া দুই শিশুই সুনামগঞ্জ জেলার বাসিন্দা। তাদের একজনের বয়স সাত মাস এবং অন্যজনের বয়স দুই বছর দুই মাস। দুজনই সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন।
বিভাগীয় স্বাস্থ্য বিভাগের তথ্যমতে, চলতি বছর এ পর্যন্ত সন্দেহজনক ও নিশ্চিত হামে আক্রান্ত হয়ে সিলেট বিভাগে মোট ১৭২ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে সিলেট জেলায় ৬৭ জন, সুনামগঞ্জে ৬৬ জন, হবিগঞ্জে ২৪ জন এবং মৌলভীবাজারে ১৫ জন মারা গেছেন।
স্বাস্থ্য বিভাগ নিয়মিত আক্রান্ত ও মৃত্যুর তথ্য প্রকাশ করলেও বিভাগের হাসপাতালগুলোতে রোগীর চাপ অব্যাহত রয়েছে। বিশেষ করে শিশু রোগীদের চিকিৎসা দিতে হাসপাতালগুলোতে চাপ বাড়ছে।
