চলে গেলেন বর্ষীয়ান অভিনেত্রী মিঠু মুখার্জি
কাগজ ডেস্ক
প্রকাশ: ২১ সেপ্টেম্বর ২০২৬, ০৭:১৯ পিএম
ফাইল ছবি
দীর্ঘদিন ক্যানসারের সঙ্গে লড়াইয়ের পর ভারতীয় বাংলা চলচ্চিত্রের বর্ষীয়ান অভিনেত্রী মিঠু মুখার্জি মারা গেছেন। রবিবার (২০ সেপ্টেম্বর) রাতে মুম্বাইয়ের একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭১ বছর।
সত্তরের দশকে বাংলা চলচ্চিত্রের জনপ্রিয় মুখ হয়ে উঠেছিলেন মিঠু মুখার্জি। স্বতঃস্ফূর্ত অভিনয় ও পর্দায় সহজাত উপস্থিতির মাধ্যমে অল্প সময়েই দর্শকের কাছে পরিচিতি পান তিনি। তবে চলচ্চিত্রে দীর্ঘ ক্যারিয়ার না হলেও তার অভিনীত বেশ কিছু চরিত্র বাংলা সিনেমার দর্শকের কাছে এখনো স্মরণীয়।
১৯৫৫ সালে কলকাতায় জন্ম নেওয়া মিঠু মুখার্জি মাত্র ১৭ বছর বয়সে অভিনয়ে পা রাখেন। ১৯৭২ সালে চিত্ত বসুর ‘শেষ পর্ব’ সিনেমার মাধ্যমে বড় পর্দায় অভিষেক হয় তার। এরপর দীনেন গুপ্তর ‘মর্জিনা আবদুল্লা’ সিনেমায় নাম ভূমিকায় অভিনয় করে ব্যাপক পরিচিতি পান তিনি। ছবিটি তাকে বাংলা চলচ্চিত্রের আলোচিত নায়িকাদের সারিতে নিয়ে আসে।
এরপর একে একে ‘নিশিকন্যা’, ‘মৌচাক’, ‘স্বয়ংসিদ্ধা’, ‘কবি’, ‘হোটেল স্নো ফক্স’, ‘প্রতিমা’, ‘বন্ধন’ ও ‘সন্ধি’সহ বেশ কিছু সিনেমায় অভিনয় করেন মিঠু। এ সময় উত্তম কুমার, সৌমিত্র চট্টোপাধ্যায়, রঞ্জিত মল্লিক ও দেবরাজ রায়ের মতো অভিনেতাদের সঙ্গেও পর্দা ভাগ করেছেন তিনি।
বাংলা সিনেমার পাশাপাশি হিন্দি চলচ্চিত্রেও কাজ করেন মিঠু মুখার্জি। ১৯৭৬ সালে দুলাল গুহর ‘খান দোস্ত’ সিনেমার মাধ্যমে হিন্দি চলচ্চিত্রে অভিষেক হয় তার। পরে বাসু চ্যাটার্জির ‘সফেদ ঝুট’, ‘দিল্লাগি’ ও ‘দো লড়কে দোনো কড়কে’সহ আরও কয়েকটি সিনেমায় অভিনয় করেন তিনি।
আশির দশকের মাঝামাঝি সময়ে অভিনয় থেকে দূরে সরে যান মিঠু। দীর্ঘ বিরতির পর ১৯৯০ সালে চন্দ্রা বারোট পরিচালিত ‘আশ্রিতা’ সিনেমার মাধ্যমে পর্দায় ফেরেন। সিনেমাটি শেষ পর্যন্ত হয়ে ওঠে তার অভিনীত শেষ চলচ্চিত্র। এরপর ধীরে ধীরে চলচ্চিত্র ও জনসম্মুখ থেকে নিজেকে সরিয়ে নেন তিনি।
জীবনের শেষ কয়েক বছর মুম্বাইয়ে অনেকটা আড়ালে থাকতেন মিঠু মুখার্জি। দীর্ঘদিন জনসম্মুখে না থাকলেও ‘মর্জিনা আবদুল্লা’, ‘মৌচাক’ ও ‘স্বয়ংসিদ্ধা’র মতো সিনেমায় তার অভিনয় বাংলা চলচ্চিত্রের দর্শকের স্মৃতিতে জায়গা করে আছে।
সূত্র: এনডিটিভি
