অবশেষে সচল হলো ফেসবুক
কাগজ ডেস্ক
প্রকাশ: ১২ জুন ২০২৬, ০৯:১৬ পিএম
ফাইল ছবি
প্রায় এক ঘণ্টা বিভ্রাটের পর স্বাভাবিক হয়েছে ফেসবুক, হোয়াটসঅ্যাপ ও ইনস্টাগ্রামসহ মেটার বেশির ভাগ প্ল্যাটফর্ম।
এর আগে বাংলাদেশ সময় সন্ধ্যা সোয়া ৭টার দিকে বড় ধরনের বিভ্রাটের খবর আসে বিভিন্ন সংবাদমাধ্যমে। আর সচল হওয়ার খবর পাওয়া যায় রাত সোয়া ৮টার দিকে।
যুক্তরাষ্ট্রভিত্তিক সেবা পর্যবেক্ষণ প্ল্যাটফর্ম— ডাউনডিটেক্টরে জমা হওয়া তথ্য অনুযায়ী, শুক্রবার বাংলাদেশ সময় সন্ধ্যা ৭টা ২১ মিনিটের পর থেকে ফেসবুকের বিভিন্ন সেবা ব্যবহারে সমস্যা নিয়ে অভিযোগ বাড়তে থাকে। সবচেয়ে বেশি অভিযোগ আসে অ্যাপ ব্যবহারে।
তবে এই বিভ্রাটের সুনির্দিষ্ট কারণ এখনও জানা যায়নি।
ডাউনডিটেক্টরের পরিসংখ্যান বলছে, মোট অভিযোগের ৫৬ শতাংশই ছিল অ্যাপ-সংক্রান্ত। এছাড়া ২৬ শতাংশ ব্যবহারকারী লগইন সমস্যার কথা জানান। ওয়েবসাইট ব্যবহারে সমস্যার অভিযোগ আসে ১১ শতাংশ প্রতিবেদনে।
ব্যবহারকারীদের বক্তব্য অনুযায়ী, যুক্তরাষ্ট্র, কানাডা, রোমানিয়া, মিয়ানমার, মধ্যপ্রাচ্য ও ফিলিপিন্সসহ বিশ্বের নানা অংশে সেবা বন্ধ থাকে।
সমস্যার কারণে কিছু ব্যবহারকারী ফেসবুক অ্যাপ চালু করতে, অ্যাকাউন্টে প্রবেশ করতে কিংবা স্বাভাবিকভাবে সেবা ব্যবহার করতে বাধার মুখে পড়েন।
ফেসবুকের মূল প্রতিষ্ঠান মেটা এ প্রতিবেদন লেখা পর্যন্ত সম্ভাব্য এ সমস্যার কারণ নিয়ে কিছু জানায়নি।
