এসএসসি ও এইচএসসি ফল প্রকাশের পর দেশে ২০ শিক্ষার্থীর আত্মহত্যা
কাগজ ডেস্ক
প্রকাশ: ১২ নভেম্বর ২০২৬, ১২:৪৯ পিএম
প্রতীকী ছবি
২০২৬ সালের এসএসসি ও এইচএসসি পরীক্ষার ফল প্রকাশের পর ফলাফলজনিত হতাশা ও মানসিক চাপে দেশের বিভিন্ন স্থানে মোট ২০ জন শিক্ষার্থী আত্মহত্যা করেছেন। এর মধ্যে এইচএসসি পরীক্ষার ফল প্রকাশের মাত্র ১০ দিনের ব্যবধানে ৯ জন এবং এর আগে এসএসসি ও সমমানের পরীক্ষার পর ১১ জন শিক্ষার্থী আত্মহননের পথ বেছে নেন।
বৃহস্পতিবার (১২ নভেম্বর) বিভিন্ন সংবাদমাধ্যমে প্রকাশিত ও সংকলিত তথ্যের ভিত্তিতে আঁচল ফাউন্ডেশন এ সংক্রান্ত একটি প্রতিবেদন প্রকাশ করে।
প্রতিবেদনে বলা হয়েছে, এইচএসসি পরীক্ষার পর আত্মহত্যাকারী ৯ শিক্ষার্থীর মধ্যে ৫ জন নারী এবং ৪ জন পুরুষ। বিভাগ ও জেলাভিত্তিক পরিসংখ্যানে দেখা যায়, সবচেয়ে বেশি ৫টি ঘটনা ঘটেছে খুলনা বিভাগের সাতক্ষীরা, মাগুরা, যশোর ও বাগেরহাট জেলায়। এ ছাড়া চট্টগ্রাম বিভাগের লক্ষ্মীপুর, রংপুর বিভাগের ঠাকুরগাঁও, ঢাকা বিভাগের গাজীপুর এবং রাজশাহী বিভাগের বগুড়া জেলায় ১টি করে আত্মহত্যার ঘটনা ঘটেছে।
প্রাথমিক সংবাদ প্রতিবেদন ও স্থানীয় সূত্রে জানা গেছে, এসব ঘটনার পেছনে পরীক্ষায় অকৃতকার্য হওয়া, প্রত্যাশিত ফল অর্জনে ব্যর্থতা, পারিবারিক চাপ, সামাজিক দৃষ্টিভঙ্গি এবং ফলাফলকেন্দ্রিক তীব্র হতাশা মূল কারণ হিসেবে কাজ করেছে। আঁচল ফাউন্ডেশন মনে করে, ফলাফলকে জীবনের সাফল্য-ব্যর্থতার একমাত্র মাপকাঠি হিসেবে বিবেচনা করার প্রবণতা শিক্ষার্থীদের মানসিক সংকটকে আরও গভীর করে তুলছে।
শিক্ষার্থীদের আত্মহত্যা প্রতিরোধ এবং ফলাফল-পরবর্তী মানসিক সংকট মোকাবিলায় আঁচল ফাউন্ডেশন তাদের প্রতিবেদনে ৭ দফা সুপারিশ পেশ করেছে। সেগুলো হলো—
- পরীক্ষার ফল প্রকাশের আগে ও পরে শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে শিক্ষার্থীদের জন্য মানসিক স্বাস্থ্য সহায়তা ও পরামর্শসেবা নিশ্চিত করা।
- অকৃতকার্য বা প্রত্যাশিত ফল না পাওয়া শিক্ষার্থীদের প্রতি পরিবারের সহানুভূতিশীল আচরণ নিশ্চিত করা এবং অপমান, ভর্ৎসনা বা তুলনা থেকে বিরত থাকা।
- পরীক্ষায় অকৃতকার্য হওয়াকে জীবনের ব্যর্থতা হিসেবে না দেখার বিষয়ে শিক্ষার্থী, অভিভাবক ও শিক্ষকদের মধ্যে সচেতনতা তৈরি করা।
- ফল প্রকাশের পর শিক্ষার্থীদের মানসিক অবস্থা পর্যবেক্ষণের জন্য শিক্ষাপ্রতিষ্ঠানভিত্তিক সহায়তা কার্যক্রম চালু করা।
- শিক্ষার্থীদের জন্য সহজলভ্য, গোপনীয় ও বিনামূল্যের মানসিক স্বাস্থ্য পরামর্শসেবা এবং জরুরি সহায়তা ব্যবস্থা সম্প্রসারণ করা।
- আবেগ নিয়ন্ত্রণ, হতাশা মোকাবিলা, সমস্যা সমাধান এবং সহায়তা চাওয়ার বিষয়ে নিয়মিত সচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করা।
- ঝুঁকিতে থাকা শিক্ষার্থীদের দ্রুত সহায়তা দিতে শিক্ষাপ্রতিষ্ঠান, পরিবার, স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠান ও সংশ্লিষ্ট সরকারি সংস্থার মধ্যে সমন্বিত উদ্যোগ গড়ে তোলা।
