অর্জুনের থ্রিলারে নতুন অবতারে জয়া আহসান
কাগজ ডেস্ক
প্রকাশ: ১২ নভেম্বর ২০২৬, ১২:৪৭ পিএম
জয়া আহসান। ছবি: সংগৃহীত
সম্পর্কের গল্পে ‘অব্যক্ত’, ‘শ্রীমতী’, ‘বিবি পায়রা’, ‘ডিপ ফ্রিজ’-এর মতো সিনেমা বানিয়ে প্রশংসিত হয়েছেন টালিউড নির্মাতা অর্জুন দত্ত। এবার তিনি নিয়ে আসছেন রহস্যে ভরা থ্রিলার গল্প। ‘আরএসভিপি মার্ডার’ নামের সিনেমায় অর্জুন দত্তের পরিচালনায় প্রথমবার অভিনয় করবেন দুই বাংলার জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসান।
অভিনেত্রী জানালেন, তাঁর অভিনীত চরিত্রটি বেশ ইন্টারেস্টিং। এই সিনেমায় প্রথমবার পর্দায় জয়ার সঙ্গে দেখা যাবে টালিউডের জনপ্রিয় অভিনেত্রী শ্রাবন্তী চট্টোপাধ্যায়কে।
পাহাড়ে এক রহস্যময় হত্যাকাণ্ডকে কেন্দ্র করে আরএসভিপি মার্ডার সিনেমার কাহিনি। গল্পের সূত্রপাত একটি অনুষ্ঠান থেকে। আনন্দ-উৎসবের মাঝে আচমকা একটি বার্তা বদলে দেবে গোটা পরিস্থিতি। তারপর শুরু হবে রহস্যের অনুসন্ধান।
তদন্তের নানা ধাপে সামনে আসবে বন্ধুত্বের আড়ালে লুকিয়ে থাকা স্বার্থ, দাম্পত্যের টানাপোড়েন এবং পারিবারিক সম্পর্কের মাঝে জমে থাকা ক্ষোভ। এতে আরও অভিনয় করবেন শিলাজিৎ মজুমদার, কনীনিকা বন্দ্যোপাধ্যায়, অনুরাধা মুখোপাধ্যায়, বিবৃতি চট্টোপাধ্যায়, অভীক্ষা চট্টোপাধ্যায়, লোকনাথ দে, অঙ্কিতা মাঝি, খেয়া চট্টোপাধ্যায়, গৌরব রায়চৌধুরী, রূপালি রায় ভট্টাচার্য, মনোজ ওঝা প্রমুখ।
সম্পর্কভিত্তিক ঘরানা ছেড়ে থ্রিলার গল্প বেছে নেওয়া প্রসঙ্গে পরিচালক অর্জুন বলেন, ‘আমার সব সিনেমায় সম্পর্কের নানা দিক যেমন উঠে এসেছে, তেমনই প্রতিটা সিনেমা আবার একটা থেকে আরেকটা আলাদা। পরিচালক হিসেবে সব ঘরানার কাজ করতে চাই। থ্রিলার তৈরির ইচ্ছে অনেক দিন ধরেই ছিল, এত দিনে তা সম্ভব হলো।’
-6af560e046352.jpg)
নতুন এই সিনেমা নিয়ে জয়া আহসান বলেন, ‘আরএসভিপি মার্ডার একটি মার্ডার মিস্ট্রি ঘরানার সিনেমা। এখানে অনেক গুণী অভিনয়শিল্পী যুক্ত হয়েছেন। সিনেমায় আমার চরিত্রটিও ইন্টারেস্টিং হবে। দর্শক আমাকে নতুনভাবে আবিষ্কার করবে, এটুকুই আপাতত বলতে পারছি। মুক্তির আগে এর বেশি বলা যাবে না। এ ছাড়া অর্জুন দত্ত আমার পছন্দের একজন পরিচালক। খুব ভালো ভালো কাজ করেছেন উনি। “ডিপ ফ্রিজ” সিনেমায় জাতীয় পুরস্কার পেয়েছেন। আশা করছি, আমাদের কোলাবেরশন দারুণ হবে।’
শ্রী অভিজ্ঞান ড্রিমওয়ার্কস প্রাইভেট লিমিটেডের ব্যানারে নির্মিত এই সিনেমা প্রযোজনা করছেন অভিজিৎ চট্টোপাধ্যায়। চিত্রনাট্য লিখেছেন আশীর্বাদ মৈত্র ও অর্জুন দত্ত। সংগীত পরিচালনা করবেন মৈনাক মজুমদার ও অভিজিৎ চট্টোপাধ্যায়। নির্মাতা জানিয়েছেন, সব ঠিক থাকলে এ মাসের শেষ দিকে শুরু হবে আরএসভিপি মার্ডার সিনেমার শুটিং।
