×

প্রথম পাতা

চুক্তি থেকে এবার সরলো ইরান, মধ্যপ্রাচ্যে বাড়ছে মার্কিন সেনা

Icon

মিলিতা বাড়ৈ মুন্নি

প্রকাশ: ২০ জুলাই ২০২৬, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

চুক্তি থেকে এবার সরলো ইরান, মধ্যপ্রাচ্যে বাড়ছে মার্কিন সেনা

যুক্তরাষ্ট্র-ইরানের মধ্যে সামরিক উত্তেজনা আরো বেড়েছে। এমন অবস্থায় যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে চুক্তি লঙ্ঘনের অভিযোগ এনে ‘ইসলামাবাদ সমঝোতা স্মারকের’ (ইরান যুদ্ধ বন্ধে প্রাথমিক চুক্তি) আওতায় নিজেদের সব প্রতিশ্রুতি স্থগিত ঘোষণা করেছে ইরান। একইসঙ্গে নিজেদের অস্তিত্ব রক্ষায় মধ্যপ্রাচ্যজুড়ে হামলার পরিধি বাড়ানোর ঘোষণা দিয়েছে দেশটি। অন্যদিকে পরিস্থিতি নিজেদের নিয়ন্ত্রণে রাখতে মধ্যপ্রাচ্যজুড়ে অতিরিক্ত সেনা মোতায়েন, কঠোর ভ্রমণ সতর্কতা, সামরিক কৌশলে পরিবর্তন এবং ইরানের বিরুদ্ধে সম্ভাব্য নতুন অভিযান অব্যাহত রেখেছে যুক্তরাষ্ট্র। এতে সংঘাতের মাত্রা আরো তীব্র হবে বলে মনে করছেন ভূ-রাজনীতি বিশ্লেষকরা।

মূলত এ সপ্তাহে ইরানের ওপর আক্রমণ উল্লেখযোগ্যভাবে জোরদার করেছে ডোনাল্ড ট্রাম্পের দেশ। তারা ইরানের সেতু, রেলপথ, সমুদ্রের পানি বিশুদ্ধকরণ কারখানাসহ বেসামরিক অবকাঠামোয় হামলা চালিয়েছে। জবাবে বাহরাইন, কাতার, কুয়েতসহ মার্কিন সামরিক ঘাঁটি থাকা প্রতিবেশী উপসাগরীয় দেশগুলোয় হামলা চালানোর কথা নিশ্চিত করেছে তেহরান। সেই সঙ্গে তেহরান ভারত মহাসাগরের উত্তরে অবস্থানরত একটি মার্কিন জাহাজে হামলার দাবি করেছে।

এর মধ্য দিয়ে গতকাল রবিবার সকাল পর্যন্ত টানা ৮দিন ধরে মধ্যপ্রাচ্যে ইরান-যুক্তরাষ্ট্রের পাল্টাপাল্টি বিমান হামলার ঘটনা ঘটেছে। বিষয়টি যেন নিত্যদিনের রুটিন হয়ে দাঁড়িয়েছে। ইরানে প্রতিটি নতুন দফার হামলা শুরুর আগে একটি বিবৃতি দেয় যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী, এরপর অভিযান শেষ হলে আরেকটি বিবৃতি দেয় তারা। এর জবাবে প্রতিবেশী দেশগুলোর দিকে ক্ষেপণাস্ত্র ও ড্রোন ছুড়ে দেয় ইরান এবং নতুন করে হুমকি দেয়। গত শনিবার রাত থেকে রবিবার সকাল পর্যন্তও একই ধারা অব্যাহত ছিল।

রবিবার ইরানের প্রাদেশিক নিরাপত্তাবিষয়ক ডেপুটি গভর্নরের বরাতে সংবাদমাধ্যম তাসনিম নিউজ এজেন্সি জানিয়েছে, ইরানের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের খুজেস্তান প্রদেশের শাদেগান শহরের কাছে একটি স্থানে মার্কিন যুদ্ধবিমান হামলা চালিয়েছে। এ ঘটনার পর জরুরি উদ্ধারকারী দল ঘটনাস্থলে পৌঁছায়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা এবং ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণে কাজ করছে তারা। প্রতিবেদনে আরো বলা হয়েছে, ইরানের কেশম দ্বীপের উপকূলবর্তী বিভিন্ন এলাকায় অন্তত ছয়টি ক্ষেপণাস্ত্র আঘাত হেনেছে।

এর আগে ইরানের সংবাদমাধ্যমগুলো জানিয়েছে, দক্ষিণাঞ্চলীয় বন্দরনগরী বন্দর আব্বাস এবং নিকটবর্তী কেশম দ্বীপে বেশ কয়েকটি বিস্ফোরণের শব্দ শোনা গেছে। বর্তমানে কর্তৃপক্ষ ঘটনাস্থলে তদন্ত চালাচ্ছে।

প্রাদেশিক কর্মকর্তাদের বরাতে তাসনিম নিউজ আরো জানিয়েছে, স্থানীয় সময় রবিবার ভোর ৩টা ৩৮ মিনিটের দিকে কেশম দ্বীপের বিভিন্ন স্থানে বিস্ফোরণের শব্দ শোনা গেছে। সংবাদ সংস্থাটি জানিয়েছে, স্থানীয় বাসিন্দাদের ভাষ্য অনুযায়ী, দ্বীপের বেশ কয়েকটি স্থানে হামলা হয়েছে।

অপরদিকে যুক্তরাষ্ট্রের একটি এমকিউ-৯ ড্রোন ভূপাতিত করার দাবি করেছে ইরান। দেশটির ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী (আইআরজিসি) জানিয়েছে, ইরাক সীমান্তবর্তী খুজেস্তান অঞ্চলের আহভাজ শহরের আকাশসীমায় একটি মার্কিন এমকিউ-৯ ড্রোন ভূপাতিত করা হয়েছে। রবিবার আল-জাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

মার্কিন বিমান বাহিনীর তথ্য অনুযায়ী, এমকিউ-৯ একটি দূরনিয়ন্ত্রিত চালকবিহীন আকাশযান (ড্রোন), যা মূলত গোয়েন্দা তথ্য সংগ্রহ, নজরদারি, পর্যবেক্ষণ এবং বিমান হামলা পরিচালনার জন্য ব্যবহৃত হয়।

এর আগে মধ্যপ্রাচ্যজুড়ে বিভিন্ন স্থাপনায় হামলার দাবি করেছে ইরান। দেশটির হামলার পর কুয়েত ও বাহরাইনে সাইরেন বেজে উঠেছে। এ ছাড়া জর্ডানে ইরানের হামলায় দুই মার্কিন সেনা নিহত এবং একজন নিখোঁজ রয়েছেন বলে জানিয়েছে মার্কিন সেন্ট্রাল কমান্ড (সেন্টকম)।

কুয়েতের সামরিক বাহিনীর জেনারেল স্টাফ জানিয়েছে, ইরানের আগ্রাসনের পর আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা শত্রুপক্ষের ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা মোকাবিলায় সক্রিয় করা হয়েছে। এর আগে ইরানের সেনাবাহিনী জানিয়েছে, কুয়েতে সেনাবাহিনীর ক্যাম্প বুহরিংয়ের একটি গোলাবারুদের ডিপো এবং আলি আল সালেম বিমানঘাঁটির বিমান প্রতিরক্ষা রাডার সিস্টেমে বড় আকারের ড্রোন হামলা চালানো হয়েছে। উপসাগরীয় প্রতিবেশী দেশ বাহরাইনেও ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়েছে ইরান। এতে দেশটিতে বিমান হামলার সতর্কীকরণ সাইরেন বাজানো হচ্ছে।

বাহরাইনের স্বরাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে বলেছে, সাইরেন বাজানো হয়েছে। নাগরিক ও বাসিন্দাদের শান্ত থাকতে এবং নিকটস্থ নিরাপদ স্থানে চলে যেতে অনুরোধ করা হয়েছে।

এমন পরিস্থিতিতে পাকিস্তানের মধ্যস্থতায় হওয়া সমঝোতা চুক্তি মেনে চলতে বাধ্য নয় বলে জানিয়েছেন ইরানের উপপররাষ্ট্রমন্ত্রী কাজেম ঘরিবাবাদি। ইরানের ফার্স নিউজ এজেন্সিকে তিনি বলেন, ‘ইসলামাবাদ সমঝোতা স্মারকের আওতায় থাকা তাদের সব প্রতিশ্রুতি লঙ্ঘন ও স্থগিত করেছে যুক্তরাষ্ট্র। তেহরানও এখন চুক্তির বাস্তবায়ন ও এর আওতাধীন সব প্রতিশ্রুতি স্থগিত করেছে এবং বর্তমানে দেশ রক্ষায় ব্যস্ত রয়েছে।’

এছাড়া শনিবার এক বিবৃতিতে যুক্তরাষ্ট্রকে হুঁশিয়ার করে ইরানের সর্বোচ্চ নেতা মোজতবা খামেনি বলেন, ‘তেহরান ও তার আঞ্চলিক মিত্রদের হাতে যুক্তরাষ্ট্র এমন শিক্ষা পাবে, যা তারা কখনো ভুলতে পারবে না।’

বিবৃতিতে বলা হয়, ‘গত মাসের সমঝোতা চুক্তির ক্ষেত্রে মহাশয়তান বারবার অঙ্গীকার ভঙ্গ করে আবারো সবার কাছে প্রমাণ করেছে যে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের স্বাক্ষর এখন সম্পূর্ণ মূল্যহীন ও অবৈধ। আর জুলুম, আধিপত্যবাদ ও বর্বরতা যুক্তরাষ্ট্রের বিশ্বাস ও নীতির অবিচ্ছেদ্য অংশ।’

বিবৃতিতে হুঁশিয়ার করে মোজতবা খামেনি আরো বলেন, ‘এখন যখন মার্কিন শত্রু যুদ্ধ উসকে দিতে চাইছে এবং আরো বড় মূল্য ও অপমানের মুখোমুখি হতে চলেছে, তখন তাদের জানা উচিত যে প্রিয় ইরানি জাতি ও প্রতিরোধ ফ্রন্ট তাদের জন্য এমন শিক্ষা প্রস্তুত রেখেছে, যা তারা কখনো ভুলতে পারবে না।’ গত শনিবার ইরানের রাষ্ট্রীয় টেলিভিশনে মোজতবা খামেনির নামে এই লিখিত বিবৃতি পাঠ করা হয়।

অপরদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ‘যতক্ষণ পর্যন্ত আমি থামতে না বলি, ততক্ষণ ইরানের ওপর হামলা চলবে।’ ইরানকে আলোচনার টেবিলে ফিরে আসার চূড়ান্ত সতর্কতা দিয়ে তিনি বলেন, ‘তোমাদের অবশ্যই একটি চুক্তি করতে হবে, নয়তো তোমাদের আর কিছুই অবশিষ্ট থাকবে না।’

উল্লেখ্য, গত জুন মাসে ওয়াশিংটন ও তেহরানের মধ্যে যুদ্ধ অবসানের লক্ষ্যে ১৪ দফার এই সমঝোতা স্মারক সই হয়েছিল। অন্তর্বর্তী এ চুক্তির অন্যতম প্রধান শর্ত ছিল হরমুজ প্রণালি আবার উন্মুক্ত করা, যুক্তরাষ্ট্রের নৌ-অবরোধ প্রত্যাহার ও কয়েক সপ্তাহের লড়াইয়ের পর ধাপে ধাপে উত্তেজনা কমিয়ে আনা। তবে সাম্প্রতিক সময়ে হরমুজে বাণিজ্যিক জাহাজে হামলাকে কেন্দ্র করে দুইপক্ষ ফের পাল্টাপাল্টি সংঘর্ষে জড়িয়ে পড়েছে। এতে বিশ্বজুড়ে ভয়াবহ জ্বালানি সংকট, বৈশ্বিক মন্দার ঝুঁকি এবং আন্তর্জাতিক ভূরাজনীতিতে বড় ধরনের পরিবর্তন দেখা দিয়েছে। এমন পরিস্থিতিতে আলোচনার বিকল্প নেই বলে মনে করছেন ভূ-রাজনীতি বিশ্লেষকরা।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সৌদি আরবের বিরুদ্ধে হুথিদের নৌ-অবরোধ ঘোষণা

সৌদি আরবের বিরুদ্ধে হুথিদের নৌ-অবরোধ ঘোষণা

শেখ হাসিনার লাশ বাংলাদেশে জানাজা পাবে না

সারোয়ার তুষার শেখ হাসিনার লাশ বাংলাদেশে জানাজা পাবে না

নিবন্ধন পেল বাংলাপোস্ট

নিবন্ধন পেল বাংলাপোস্ট

গণভোট অবৈধ হলে বিএনপি সরকারও অবৈধ

সারজিস আলম গণভোট অবৈধ হলে বিএনপি সরকারও অবৈধ

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App