স্থানীয় সরকার নির্বাচন চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ ৩১ আগস্ট
কাগজ প্রতিবেদক
প্রকাশ: ১০ জুলাই ২০২৬, ১২:০০ এএম
প্রিন্ট সংস্করণ
স্থানীয় সরকার নির্বাচন উপলক্ষে হালনাগাদ চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করা হবে আগামী ৩১ আগস্ট। এ লক্ষ্যে ইতোমধ্যে দেশের সব উপজেলা ও থানা নির্বাচন কর্মকর্তা ও নিবন্ধন কর্মকর্তাকে নির্দেশনা পাঠিয়েছে নির্বাচন কমিশন (ইসি)।
গতকাল বৃহস্পতিবার ইসির সিনিয়র সহকারী সচিব মো. নাসির উদ্দিন চৌধুরী স্বাক্ষরিত একটি চিঠিতে এ তথ্য জানানো হয়েছে।
চিঠিতে বলা হয়েছে, ২০০৮ সালের ৩১ জুলাই বা তার আগে জন্ম নেয়া ব্যক্তিদের মধ্যে যারা ৩১ জুলাই পর্যন্ত ডেটাবেজে নিবন্ধিত হয়েছেন বা হবেন, তাদের ভোটার তালিকায় অন্তর্ভুক্তি চূড়ান্ত করা হবে। এ লক্ষ্যে খসড়া তালিকা প্রকাশ, দাবি-আপত্তি ও সংশোধনের আবেদন গ্রহণ এবং তা নিষ্পত্তি করে
চূড়ান্ত তালিকা প্রকাশের বিস্তারিত সময়সূচিও অনুমোদন করেছে কমিশন। সময়সূচি অনুযায়ী, হালনাগাদকৃত খসড়া ভোটার তালিকার পিডিএফ প্রস্তুত করে মাঠপর্যায়ে সংশ্লিষ্ট নিবন্ধন কর্মকর্তার কাছে লিংক পাঠানোর শেষ তারিখ ৪ আগস্ট। খসড়া তালিকা প্রকাশ হবে ৯ আগস্ট।
দাবি, আপত্তি ও সংশোধনের আবেদন জমার শেষ তারিখ ২৪ আগস্ট আর এসব আবেদন নিষ্পত্তির শেষ সময় ২৭ আগস্ট। নিষ্পত্তি হওয়া আবেদনের সিদ্ধান্ত তালিকায় অন্তর্ভুক্তির শেষ তারিখ ২৮ আগস্ট। সব প্রক্রিয়া শেষে হালনাগাদ চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করা হবে ৩১ আগস্ট।
চিঠিতে আরো বলা হয়েছে, এই কার্যক্রম চলাকালে মুদ্রিত খসড়া তালিকা জনসাধারণের পরিদর্শন এবং ভুলত্রæটি সংশোধনের আবেদন জমা দেয়ার আহ্বান জানিয়ে প্রচারণা চালাতে হবে। এ জন্য মসজিদ-মন্দিরসহ বিভিন্ন উপাসনালয়ে নামাজ বা প্রার্থনার আগে-পরে ইমাম ও পুরোহিতদের মাধ্যমে ঘোষণা দেয়া এবং স্থানীয় সাংবাদিক ও কেবল অপারেটরদের মাধ্যমে জনস্বার্থে তা প্রচারের ব্যবস্থা নিতে বলা হয়েছে সংশ্লিষ্টদের।
