বছরে বিশ হাজার মানুষের মৃত্যু হয় লিভার জটিলতায়
চট্টগ্রাম অফিস
প্রকাশ: ২৯ জুলাই ২০২৬, ১২:০০ এএম
প্রিন্ট সংস্করণ
দেশের প্রায় ১ কোটি মানুষ হেপাটাইটিস বি ও হেপাটাইটিস সি তে আক্রান্ত। বিশ্বে যে ১০টি দেশে হেপাটাইটিসে মৃত্যু বেশি সেই তালিকায় বাংলাদেশ আছে। প্রতি বছর প্রায় ২০ থেকে ২১ হাজার মানুষ লিভারের এসব জটিলতায় মারা যায়। বিশ্ব হেপাটাইটিস দিবস উপলক্ষে চট্টগ্রাম লিভার কেয়ার সোসাইটির উদ্যোগে মঙ্গলবার চট্টগ্রাম ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটে আয়োজিত আলোচনাসভায় বক্তারা এ অভিমত ব্যক্ত করেন।
চিকিৎসক-গবেষক ও আলোচকরা বলেন, আগামী ২০৩০ সালের মধ্যে হেপাটাইটিস নির্মূলের যে উদ্যোগ ও পলিসি নেয়া হয়েছে সেই লক্ষ্য পূরণের ক্ষেত্রে দেশ অনেক পিছিয়ে। সেই লক্ষ্য অর্জন করতে হলে সামাজিক অংশগ্রহণ জরুরি। দেশে ৮৫ লাখ মানুষ হেপাটাইটিস বি ভাইরাসে আক্রান্ত। এর মধ্যে পুরুষ ৫৭ লাখ, নারী ২৮ লাখ। দেশের প্রায় ১৫ লাখ পরিবারে হেপাটাইটিস বি ভাইরাসে আক্রান্ত মানুষ রয়েছে। লিভার সিরোসিস ও লিভার ক্যান্সারের জন্য দায়ী হেপাটাইটিস সি।
হেপাটাইটিস নিয়ে নাগরিকদের মধ্যে সচেতনতা সৃষ্টি করতে চট্টগ্রাম লিভার কেয়ার সোসাইটির উদ্যোগে মঙ্গলবার চট্টগ্রাম ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউট, আইইবি প্রাঙ্গণ হতে র্যালি বের হয়। জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞাসহ সরকারি কর্মকর্তা, চিকিৎসক, রোগীসহ বিভিন্ন শ্রেণি পেশার মানুষ এতে অংশগ্রহণ করেন। র্যালি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে আবার আইইবিতে শেষ হয়। পরে সেখানে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের হেপাটাইটিস বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ডা. আব্দুল্লাহ আল মাহমুদের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা। বিশেষ অতিথির বক্তব্য রাখেন চট্টগ্রাম জেনারেল হাসপাতালের উপপরিচালক অধ্যাপক ডা. মো. একরাম হোসেন, চমেক হাসপাতালের মেডিসিন বিভাগের সহযোগী অধ্যাপক ডা. তারেক শামসসহ অন্যরা।
