ব্যবসায়ীর জিডি
হোয়াটসঅ্যাপে অপরিচিত ফোন থেকে হুমকি
কাগজ প্রতিবেদক
প্রকাশ: ১১ আগস্ট ২০২৬, ১২:০০ এএম
প্রিন্ট সংস্করণ
বিভিন্ন সময়ে অপরিচিত নম্বর থেকে ফোন। আবার ফোন না ধরায় হোয়াটসঅ্যাপে একের পর এক বার্তা। এরপর কথা না শুনলে ব্যবসায়িক গুদামে ক্ষতি ও ব্যক্তিগত এবং ব্যবসায়িক সুনাম নষ্ট করার হুমকি। এমন পরিপ্রেক্ষিতে নিরাপত্তা চেয়ে কুষ্টিয়া সদর থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন মোহা. রাইসুল হক নামে এক ব্যবসায়ী।
গত ২ আগস্ট রবিবার করা জিডিতে ভুক্তভোগী অভিযোগ করেন, বেশ কয়েক দিন ধরে বিভিন্ন অপরিচিত নম্বর থেকে তার ব্যবহৃত মোবাইল ফোনে দিনে-রাতে বিভিন্ন সময়ে ফোন আসছিল। তবে অপরিচিত হওয়ায় তিনি ফোন না ধরলে, পরে ০১৭১৬-৯৩৮১০৭ নম্বর থেকে তার হোয়াটসঅ্যাপে বার্তা পাঠানো হয়। ওই নম্বর ব্যবহারকারী নিজেকে মতিউর রহমান পরিচয় দেন। তিনি নিজেকে কৃষক দলের নেতা সুমনের ভাই ও শান্তর বন্ধু হিসেবে পরিচয় দিয়েছেন বলে জিডিতে উল্লেখ করা হয়েছে।
রাইসুল হকের অভিযোগ, হোয়াটসঅ্যাপ বার্তায় তাকে বিভিন্নভাবে চাপ প্রয়োগ করা হয়। তাকে বলা হয়, তিনি যতই প্রভাবশালী ব্যবসায়ী হন না কেন, সংশ্লিষ্ট ব্যক্তিদের সঙ্গে কথা না বললে তার ব্যক্তিগত ও ব্যবসায়িক সুনাম ক্ষুণ্ন হতে পারে। একপর্যায়ে সর্বশেষ বার্তায় ১ আগস্টের মধ্যে কথা না শুনলে তার ব্যবসায়িক গুদামে যেকোনো ধরনের ক্ষতি হতে পারে বলে জানানো হয়। এতে নিজের ব্যবসা প্রতিষ্ঠান ও ব্যক্তিগত নিরাপত্তা নিয়ে শঙ্কিত হয়ে পড়লে জিডি করেন এই ব্যবসায়ী।
জিডিতে রাইসুল হক দাবি করেন, ওই ব্যক্তির দাবিকৃত টাকা না পাওয়াকে কেন্দ্র করে তার ব্যবসা প্রতিষ্ঠানে ষড়যন্ত্রমূলকভাবে ক্ষতি, ব্যবসায়িক সুনাম নষ্ট কিংবা ব্যক্তিগতভাবে ক্ষতি করার চেষ্টা হতে পারে বলে আশঙ্কা করছেন তিনি।
কুষ্টিয়া মডেল থানার এসআই মো. কামরুল হোসেন জানান, চলতি মাসের ২ আগস্ট কুষ্টিয়া সদর থানায় জিডিটি নথিভুক্ত হয়। যার নম্বর ১৪৪ ও জিডি ট্র্যাকিং নম্বর ওআইপিজেড ৬২৩। জিডিতে উত্থাপিত অভিযোগের সত্যতা এবং হুমকির সঙ্গে কারা জড়িত, তা তদন্তের মাধ্যমে নিশ্চিত করতে আদালতের অনুমতি চাওয়া হয়েছে।
