স্পেনকেই ভয় পাওয়া উচিত ফ্রান্সের : ইয়ামাল
কাগজ ডেস্ক
প্রকাশ: ১২ জুলাই ২০২৬, ১২:০০ এএম
প্রিন্ট সংস্করণ
বিশ্বকাপের সেমিফাইনাল ঘিরে উত্তাপ বাড়ছিল আগেই। বেলজিয়ামকে হারিয়ে স্পেন শেষ চার নিশ্চিত করার পর সেই উত্তেজনায় নতুন মাত্রা যোগ করলেন লামিন ইয়ামাল। স্পেনের এই তরুণ ফরোয়ার্ডের দাবি, আসন্ন সেমিফাইনালে ফ্রান্সেরই তাদের ভয় পাওয়া উচিত। ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপ ও নেশন্স লিগের সেমিফাইনালে ফ্রান্সকে হারানোর অভিজ্ঞতা থেকেই এমন আত্মবিশ্বাসী মন্তব্য করেছেন তিনি।
উত্তর আমেরিকা বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে বেলজিয়ামকে ২-১ গোলে হারিয়ে ১৬ বছর পর বিশ্বকাপের সেমিফাইনালে উঠেছে স্পেন। অন্যদিকে মরক্কোকে ২-০ গোলে হারিয়ে শেষ চার নিশ্চিত করেছে ফ্রান্স। আগামী ১৫ জুলাই বাংলাদেশ সময় রাত ১টায় ডালাসে মুখোমুখি হবে ইউরোপের এই দুই পরাশক্তি। তিন বছরের মধ্যে এটি হবে তাদের তৃতীয় বড় লড়াই। এর আগে ২০২৪ সালের ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপ এবং ২০২৫ সালের নেশন্স লিগের সেমিফাইনালে জয় পেয়েছিল স্পেন।
বেলজিয়ামের বিপক্ষে জয়ের পর সাংবাদিকদের সঙ্গে কথা বলতে গিয়ে ইয়ামাল বলেন, যদি ফ্রান্সের কাউকে ভয় পেতে হয়, সেটা আমরা। আগেও আমরা ওদের বিদায় করেছি। দুইবার হারিয়েছি। সত্যি বলতে, আমার মনে হয় বিশ্বকাপে আমরাই সেরা দুই দল। কী হবে, সেটা মাঠেই দেখা যাবে। তবে আমাদের কোনো ভয় নেই।
মাত্র ১৯ বছর বয়সেই স্পেনের অন্যতম ভরসায় পরিণত হয়েছেন ইয়ামাল। বেলজিয়ামের বিপক্ষে গোল না পেলেও পুরো ম্যাচে আক্রমণভাগে সবচেয়ে প্রাণবন্ত ছিলেন তিনিই। তার পাস, গতি এবং সুযোগ তৈরির দক্ষতা বারবার চাপে ফেলেছে প্রতিপক্ষকে। সেই পারফরম্যান্সের স্বীকৃতি হিসেবে ম্যাচসেরাও নির্বাচিত হন তিনি।
বিশ্বকাপে স্পেনের শুরুটা প্রত্যাশামতো হয়নি। নবাগত কেপ ভার্দের বিপক্ষে গোলশূন্য ড্র করে সমালোচনার মুখে পড়েছিল লুইস দে লা ফুয়েন্তের দল। তবে এরপর ধীরে ধীরে নিজেদের ছন্দে ফিরেছে স্প্যানিশরা। পর্তুগালকে হারিয়ে শেষ ষোলো এবং বেলজিয়ামকে বিদায় করে সেমিফাইনালে উঠেছে তারা। ইয়ামালের মতে, স্কোরলাইন যতটা বলছে, মাঠে তার চেয়েও ভালো ফুটবল খেলছে স্পেন।
স্পেনের তরুণ এই তারকা বলেন, অনেকের মনে হতে পারে আমরা খুব ভালো খেলছি না। কিন্তু প্রতিটি দল আমাদের বিপক্ষে রক্ষণাত্মক ফুটবল খেলছে। কেউ আমাদের সঙ্গে সমানে-সমান লড়ার চেষ্টা করছে না। তারপরও আমরা জিতছি। সেটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ।
২০১০ সালের পর এই প্রথম বিশ্বকাপের সেমিফাইনালে খেলবে স্পেন। অন্যদিকে ২০১৮ সালের বিশ্বচ্যাম্পিয়ন ফ্রান্স টানা তৃতীয়বারের মতো বিশ্বকাপের ফাইনালে ওঠার লক্ষ্য নিয়ে মাঠে নামবে। সা¤প্রতিক পারফরম্যান্স, অতীতের মুখোমুখি লড়াই এবং দুই দলের তারকাবহুল স্কোয়াড- সব মিলিয়ে ডালাসের সেমিফাইনালকে ইতোমধ্যেই এবারের বিশ্বকাপের সবচেয়ে প্রতীক্ষিত ম্যাচ হিসেবে দেখা হচ্ছে।
