যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচন বুঝতে সাহায্য করতে পারে যেসব তথ্য
কাগজ ডেস্ক
প্রকাশ: ০৫ নভেম্বর ২০২৪, ১০:১৯ এএম
প্রেসিডেন্ট নির্বাচনের পাশাপাশি, নিম্নকক্ষ প্রতিনিধি সভার ৪৩৫ আসন ও উচ্চকক্ষ সিনেটের ১০০ আসনের মধ্যে ৩৪ আসনে নির্বাচন হবে। ছবি : সংগৃহীত
অপেক্ষার পালা শেষ করে শুরু হয়েছে যুক্তরাষ্ট্রে প্রেসিডেন্ট নির্বাচন। স্থানীয় সময় মঙ্গলবার (৫ নভেম্বর) ভোর ৬টা থেকে শুরু ভোটগ্রহণ। দেশটির বিভিন্ন রাজ্যে সময়ের ব্যবধান থাকায় সময়কে সমন্বয় করে ভোট শুরু এবং শেষ হবে। এরই মধ্যে চূড়ান্ত ভোটের দিনের আগে প্রায় ৮ কোটি মার্কিনি নির্বাচনে আগাম ভোট দিয়েছেন।
এবারের নির্বাচনে প্রেসিডেন্ট পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন ডেমোক্র্যাটিক পার্টির প্রার্থী বর্তমান ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিস ও রিপাবলিকান প্রার্থী সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
নির্বাচনে প্রাধান্য পাচ্ছে অভ্যন্তরীণ অর্থনীতি, মূল্যস্ফীতি, কর্মসংস্থান, গর্ভপাত, স্বাস্থ্য ব্যবস্থা ও অভিবাসন এবং বৈশ্বিক ইস্যুতে রাশিয়া-ইউক্রেন যুদ্ধ, বিশেষ করে ফিলিস্তিনে ইসরাইল বাহিনীর আগ্রাসন।
অনেকের কাছে ‘প্রেসিডেন্ট নির্বাচন’ হিসেবে পরিচিত হলেও এই নির্বাচনে প্রেসিডেন্ট পদের পাশাপাশি আইনসভার সদস্যদেরকেও বেছে নেন মার্কিন নাগরিকরা। স্বাভাবিকভাবেই মার্কিন নাগরিকদের বাইরেও সারা বিশ্বের কোটি কোটি মানুষ নজর রাখছেন যুক্তরাষ্ট্রের পরবর্তী নির্বাচনের দিকে। ফলে ঠিক কবে, কখন এবং কীভাবে অনুষ্ঠিত হয় দেশটির প্রেসিডেন্ট নির্বাচন? কারা এই নির্বাচনে ভোট দিতে পারবেন এবং জিততে হলে প্রার্থীদের কত শতাংশ ভোট পেতে হবে? চলুন, জেনে নেয়া যাক।
আরো পড়ুন : মার্কিন প্রেসিডেন্ট নির্বাচন আজ
নির্বাচন কবে?
যে বছর যুক্তরাষ্ট্রে প্রেসিডেন্ট নির্বাচন হয়, সেই বছরের নভেম্বর মাসের প্রথম মঙ্গলবার আনুষ্ঠানিকভাবে ভোটগ্রহণ করা হয়। সে হিসেবে এবার ৫ নভেম্বর ভোর ৬টা থেকে শুরু হবে ভোটগ্রহণ। দিনে ভোটারদের রায়ে যিনি প্রেসিডেন্ট নির্বাচিত হবেন, তিনিই ২০২৫ সালের জানুয়ারি মাস থেকে শুরু করে পরবর্তী চার বছরের জন্য রাষ্ট্র ক্ষমতায় থাকবেন।
প্রেসিডেন্ট পদপ্রার্থী কারা?
ডেমোক্র্যাটিক পার্টির মনোনীত প্রার্থী ভাইস প্রেসিডেন্ট কমালা হ্যারিস। ৬০ বছর বয়সি হ্যারিস বিজয়ী হলে তিনি প্রথম নারী, প্রথম অশ্বেতাঙ্গ নারী ও প্রথম এশীয় নারী হিসেবে প্রেসিডেন্ট হবেন। অন্যদিকে রিপাবলিকান পার্টির মনোনীত প্রার্থী সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি ২০১৭ থেকে ২০২১ পর্যন্ত প্রেসিডেন্ট-এর দায়িত্ব পালন করেছেন। বিজয়ী হলে তিনিই হবেন যুক্তরাষ্ট্রের ইতিহাসে সবচেয়ে বয়সি প্রেসিডেন্ট।
তৃতীয় দল ও স্বতন্ত্র প্রার্থী
বেশিরভাগ অঙ্গরাজ্যে চারটি ছোট দল বা স্বতন্ত্র প্রার্থীদের ভোট দেয়ার সুযোগ পাবেন ভোটাররা। তারা হলেন, জিল স্টেইন (গ্রিন পার্টি), চেইস অলিভার (লিবারটারিয়ান পার্টি), রবার্ট এফ. কেনেডি জুনিয়র (স্বতন্ত্র, নির্বাচন থেকে নিজেকে প্রত্যাহার করে নিলেও এখনো বেশিরভাগ অঙ্গরাজ্যের ব্যালটে তার নাম রয়েছে), করনেল ওয়েস্ট (স্বতন্ত্র)।
নির্বাচনে কারা ভোট দিতে পারেন?
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে শুধু দেশটির নাগরিকরা ভোট দিতে পারেন। তাদের বয়স নির্বাচনের দিন বা তার আগেই ১৮ হতে হবে। পাশাপাশি, আবাসন সংক্রান্ত কিছু শর্ত মানতে হবে, যা একেক অঙ্গরাজ্যে একেক রকম।
কখন ভোট দেয়া যায়?
প্রতিটি অঙ্গরাজ্যে এই সময়কাল ভিন্ন। ৫০টি অঙ্গরাজ্য ও ওয়াশিংটন ডিসিতে নির্বাচনের দিন সশরীরে ভোট দেয়ার ব্যবস্থা থাকে।বেশিরভাগ অঙ্গরাজ্যে ডাকযোগেও ভোটের ব্যবস্থা থাকে। ভোটাররা চিঠির মাধ্যমে পূরণকৃত ব্যালট পেপার পাঠাতে পারেন অথবা কোনো সুনির্দিষ্ট ড্রপ-অফ স্থানে তা জমা দিয়ে যেতে পারেন।
এছাড়া বেশিরভাগ অঙ্গরাজ্যে আগাম ভোটেরও ব্যবস্থা থাকে। আগাম ভোটদানের সুযোগ কাজে লাগিয়ে ব্যক্তিগতভাবে ভোট কেন্দ্রে গিয়ে বা ডাকযোগে এরই মধ্যে ৮ কোটির বেশি আমেরিকান আগাম ভোট দিয়েছেন।
নির্বাচনের ফলাফল কখন জানা যাবে?
স্থানীয় সময় মঙ্গলবার (৫ নভেম্বর) ভোটগ্রহণ হলেও কবে জানা যাবে ছূড়ান্ত ফলাফল, তা নিয়ে কৌতূহল রয়েছে অনেকের মাঝে। নির্বাচনের দিন অর্থাৎ ৫ নভেম্বর স্থানীয় সময় সন্ধ্যা ৭টা থেকে রাত ১০টার মধ্যে যুক্তরাষ্ট্রের বিভিন্ন রাজ্যে ভোটগ্রহণ শেষ হবে। প্রতিটি অঙ্গরাজ্য নিজদের নিয়ম অনুযায়ী ভোটগ্রহণ শেষ হওয়ার সময় নির্ধারণ করে থাকে। এরপর শুরু হয় ভোট গণনা।
আরো পড়ুন : যুক্তরাষ্ট্রের নির্বাচন রাশিয়ার জন্য গুরুত্বপূর্ণ কেন?
বিশ্লেষকদের মতে, যুক্তরাষ্ট্রের এবারের ভোটের চূড়ান্ত ফলাফল কখন জানা যাবে তা নির্ভর করছে দুই প্রার্থীর মধ্যে প্রতিদ্বন্দ্বিতা কেমন তীব্র হয় তার ওপর। যুক্তরোষ্ট্রে ‘সুইং স্টেট’ বা দোদুল্যমান অঙ্গরাজ্য যেখানে উভয় দলের জয়-পরাজয়ের সম্ভাবনা থাকে। সেই রাজ্যগুলোর ফল চূড়ান্ত না হলে, নির্বাচনের চূড়ান্ত ফলাফল জানার জন্য অপেক্ষা করতে হতে পারে। যদি এসব রাজ্যে ভোটের ব্যবধান খুব কম থাকে, তবে ফল ঘোষণা কিছুটা বিলম্বিত হতে পারে। তবে যদি কোনো প্রার্থী এসব রাজ্যে বিশাল ব্যবধানে এগিয়ে থাকেন, তাহলে নির্বাচনের চূড়ান্ত ফল দ্রুত জানা সম্ভব হবে।
ইলেক্টোরাল কলেজ কী ও তা কিভাবে কাজ করে?
আমেরিকার ভোটাররা যখন ভোট দেন, তখন তারা সরাসরি তাদের পছন্দের প্রেসিডেন্ট প্রার্থীকে তা দেন না। কারিগরি দিক দিয়ে চিন্তা করলে, তারা তাদের পছন্দের ইলেক্টর বেছে নেন, যারা ইলেক্টোরাল কলেজের অংশ। এরপর এই ইলেক্টররা প্রেসিডেন্ট বেছে নেন। ইলেক্টোরাল কলেজ হচ্ছে এমন একটি প্রক্রিয়া, যেখানে প্রতিটি অঙ্গরাজ্য থেকে প্রতিনিধি বা ইলেক্টর বেছে নেয়া হয়। প্রতিটি অঙ্গরাজ্যের ইলেক্টরের সংখ্যা ভিন্ন।
যুক্তরাষ্ট্রের সংবিধানের ২ নম্বর অনুচ্ছেদে এই পদ্ধতিটি সম্পর্কে বর্ণনা করা আছে। প্রতিটি অঙ্গরাজ্যের বেশ কয়েকটি করে ইলেক্টরাল ভোট থাকে, যা ওই অঙ্গরাজ্যের জনসংখ্যার মোটামুটিভাবে সমানুপাতিক হয়। প্রতিটি অঙ্গরাজ্যে বেশ কিছু নির্বাচক রয়েছে যা কংগ্রেসে থাকা মোট প্রতিনিধি এবং সিনেটরের সমান।
আরো পড়ুন : ট্রাম্প-কমলা: দোদুল্যমান সাত রাজ্যে এগিয়ে কে
ইলেক্টোরাল কলেজের মোট ভোটের সংখ্যা ৫৩৮। মাইন ও নেব্রাসকা এই দুটো অঙ্গরাজ্য বাদে বাকি সবগুলো রাজ্যের ইলেক্টোরাল ভোট যোগ দিলে যে প্রার্থী ২৭০টি বা তারও বেশি ভোট পাবেন তিনিই প্রেসিডেন্ট নির্বাচিত হবেন। আর সেই প্রার্থীর রানিং মেট হয়ে যাবেন ভাইস-প্রেসিডেন্ট।
অন্যান্য কী নির্বাচন হচ্ছে?
প্রেসিডেন্ট নির্বাচনের পাশাপাশি, নিম্নকক্ষ প্রতিনিধি সভার ৪৩৫ আসন ও উচ্চকক্ষ সিনেটের ১০০ আসনের মধ্যে ৩৪ আসনে নির্বাচন হবে। ৫০ অঙ্গরাজ্যের মধ্যে ১১টিতে নতুন গভর্নর পদে নির্বাচন হবে। সব মিলিয়ে এ বছর পাঁচ হাজারেরও বেশি স্থানীয়, অঙ্গরাজ্য পর্যায়ের ও কেন্দ্রীয় নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে।
