×

যুক্তরাষ্ট্র

২ লাখ আশ্রয়প্রার্থীর ভিসা বাতিলের পরিকল্পনা ট্রাম্প প্রশাসনের

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ২৫ আগস্ট ২০২৬, ১০:৫৯ এএম

২ লাখ আশ্রয়প্রার্থীর ভিসা বাতিলের পরিকল্পনা ট্রাম্প প্রশাসনের

ফাইল ছবি

বাণিজ্যিক ও পর্যটন ভিসায় যুক্তরাষ্ট্রে গিয়ে পরে আশ্রয়ের আবেদন করেছেন— এমন প্রায় ২ লাখ বিদেশির ভিসা বাতিলের পরিকল্পনা নিয়েছে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন। অভিবাসনবিরোধী কঠোর নীতির অংশ হিসেবে আগামী কয়েক সপ্তাহের মধ্যে এ কার্যক্রম শুরু হতে পারে বলে জানা গেছে।

মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক মুখপাত্র গতকাল সোমবার জানিয়েছেন, যেসব বিদেশি নাগরিক স্বল্প সময়ের জন্য যুক্তরাষ্ট্রে প্রবেশের পর দেশটিতে স্থায়ীভাবে থাকার উদ্দেশ্যে আশ্রয়ের আবেদন করেছেন, তাদের শনাক্ত করে ভিসা বাতিলের উদ্যোগ নেওয়া হচ্ছে। এ বিষয়ে হোমল্যান্ড সিকিউরিটি বিভাগের সঙ্গে যৌথভাবে কাজ করছে পররাষ্ট্র মন্ত্রণালয়।

ঠিক কতজনের ভিসা বাতিল করা হবে, সে বিষয়ে মন্ত্রণালয় কোনো নির্দিষ্ট সংখ্যা জানায়নি। তবে মার্কিন সংবাদমাধ্যম অ্যাসোসিয়েটেড প্রেসের (এপি) এক প্রতিবেদনে বলা হয়েছে, এ সিদ্ধান্তের আওতায় প্রায় ২ লাখ বিদেশির বি-১ ও বি-২ ভিসা পড়তে পারে। বাস্তবায়িত হলে এটি যুক্তরাষ্ট্রের ইতিহাসে একসঙ্গে সবচেয়ে বড় ভিসা বাতিলের ঘটনা হতে পারে।

আরও পড়ুন: পররাষ্ট্র প্রতিমন্ত্রীকে হাসনাত, হ্যাঁ অথবা না বলুন

পররাষ্ট্র মন্ত্রণালয়ের নথি এবং দুই মার্কিন কর্মকর্তার বরাতে এপি জানিয়েছে, ২০১৬ থেকে ২০২৬ সালের মধ্যে ইস্যু করা বি-১ (ব্যবসায়িক) ও বি-২ (পর্যটন) ভিসাধারীদের এ প্রক্রিয়ার আওতায় আনা হতে পারে।

তবে ভিসা বাতিলের অর্থ এই নয় যে সংশ্লিষ্ট ব্যক্তিদের তাৎক্ষণিকভাবে যুক্তরাষ্ট্র থেকে বহিষ্কার করা হবে। যেসব ব্যক্তির আশ্রয়ের আবেদন বর্তমানে প্রক্রিয়াধীন, তাদের অনেককে নতুন একটি ভিসা বা অভিবাসন শ্রেণিতে স্থানান্তর করা হতে পারে। এর ফলে তারা যুক্তরাষ্ট্রে ব্যবসা বা পর্যটনের জন্য ব্যবহৃত অস্থায়ী ভিসার মর্যাদা হারাবেন।

সোমবার সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ের উপমন্ত্রী ক্রিস্টোফার ল্যান্ডাও বলেন, যুক্তরাষ্ট্রের অভিবাসনব্যবস্থা দীর্ঘদিন ধরে ‘ভিত্তিহীন বা ভুয়া আশ্রয়ের আবেদনে’ পরিপূর্ণ হয়ে উঠেছে। তার দাবি, আশ্রয়ের আবেদনকে অভিবাসন আইনের ফাঁকফোকর হিসেবে ব্যবহার করা উচিত নয়।

এর আগে চলতি মাসেই মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছিল, ট্রাম্প প্রশাসন দায়িত্ব নেওয়ার পর এ পর্যন্ত ১ লাখ ৭৫ হাজারের বেশি বিদেশি নাগরিকের ভিসা বাতিল করা হয়েছে।

আরও পড়ুন: বিজেপি সরকারের বিরুদ্ধে ফের রাজপথে ককরোচরা

যুক্তরাষ্ট্রে ব্যবসায়িক উদ্দেশ্যে ভ্রমণের জন্য বি-১ এবং পর্যটন, পরিবারের সদস্যদের সঙ্গে সাক্ষাৎ বা চিকিৎসার মতো স্বল্পমেয়াদি ভ্রমণের জন্য বি-২ ভিসা দেওয়া হয়। তবে ২০১৬ থেকে ২০২৬ সাল পর্যন্ত এই দুই ধরনের ভিসায় কতজন বিদেশি যুক্তরাষ্ট্রে গেছেন এবং তাদের মধ্যে কতজন পরে আশ্রয়ের আবেদন করেছেন, সে বিষয়ে মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ের কাছে সুনির্দিষ্ট কোনো তথ্য প্রকাশ করা হয়নি।

মার্কিন কর্মকর্তারা আরও জানিয়েছেন, কোনো আশ্রয়প্রার্থীর বি-১ বা বি-২ ভিসা বাতিল করা হলেও তাকে স্বয়ংক্রিয়ভাবে বা তাৎক্ষণিকভাবে দেশে ফেরত পাঠানো হবে না। অধিকাংশ আবেদনকারীকে অন্য একটি শ্রেণির আওতায় রাখা হতে পারে। তবে ব্যবসায়ী বা পর্যটক হিসেবে তাদের আগের মর্যাদা আর থাকবে না।

এদিকে বর্তমানে বি-১ ও বি-২ ভিসার জন্য আবেদনকারীদের কাছ থেকে যুক্তরাষ্ট্রে গিয়ে আশ্রয়ের আবেদন না করার এবং সফর শেষে নিজ দেশে ফিরে যাওয়ার বিষয়ে নিশ্চয়তা চাওয়া হচ্ছে। ভিসা পাওয়ার ক্ষেত্রে এই শর্তকে প্রশাসন কার্যত বাধ্যতামূলক করে তুলেছে বলে কর্মকর্তারা জানিয়েছেন।

২০২৫ সালে ট্রাম্প ক্ষমতায় ফেরার পর থেকে বিদেশি নাগরিকদের জন্য যুক্তরাষ্ট্রের ভিসা প্রক্রিয়া আরও কঠোর ও জটিল হয়েছে। গত প্রায় দেড় বছরে হাজার হাজার বিদেশির ভিসা বাতিল করা হয়েছে, ভিসা ফি বাড়ানো হয়েছে এবং বিভিন্ন দেশের নাগরিকদের আবেদন পর্যালোচনায় স্থগিতাদেশও দেওয়া হয়েছে।

২০২৪ সালের নির্বাচনী প্রচারে ট্রাম্প অবৈধ অভিবাসন বন্ধের প্রতিশ্রুতি দিয়েছিলেন। তবে ত র প্রশাসনের নেওয়া পদক্ষেপ শুধু অবৈধ অভিবাসনের ক্ষেত্রেই সীমাবদ্ধ নেই। বৈধভাবে অভিবাসনের প্রক্রিয়াও কঠিন করা হয়েছে। এরই মধ্যে আদালতে চ্যালেঞ্জের মুখে পড়েছে ট্রাম্প প্রশাসনের অভিবাসনবিরোধী বিভিন্ন পদক্ষেপ।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

শিক্ষাপ্রতিষ্ঠানে ছাত্রীরা হিজাব পড়তে পারবে না

হাইকোর্টের রায় শিক্ষাপ্রতিষ্ঠানে ছাত্রীরা হিজাব পড়তে পারবে না

প্রতিদিন গড়ে ১০ খুন, নিয়ন্ত্রণহীন সহিংসতায় বাড়ছে উদ্বেগ

প্রতিদিন গড়ে ১০ খুন, নিয়ন্ত্রণহীন সহিংসতায় বাড়ছে উদ্বেগ

মারা গেছেন সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী

মারা গেছেন সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী

‘প্রতিদিন গড়ে ১০ জন খুন, ব্যর্থ সরকারের দৃষ্টান্ত’

‘প্রতিদিন গড়ে ১০ জন খুন, ব্যর্থ সরকারের দৃষ্টান্ত’

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App