বৃষ্টির পর ঢাকার বাতাসে স্বস্তি, বায়ুদূষণে শীর্ষে ইন্দোনেশিয়া
মাহিদুল হোসেন সানি
প্রকাশ: ২৬ জুন ২০২৬, ০৭:৪২ এএম
ছবি: সংগৃহীত
দীর্ঘদিন বৈশ্বিক বায়ু দূষণের শীর্ষে থাকার পর অবশেষে স্বস্তি ফিরেছে ঢাকার বাতাসে। আন্তর্জাতিক বায়ুমান প্রযুক্তি প্রতিষ্ঠান আইকিউএয়ারের সর্বশেষ তথ্য অনুযায়ী, ৭৯ স্কোর নিয়ে ঢাকার বায়ু এখন 'মাঝারি' বা সহনীয় অবস্থানে রয়েছে। দূষণের বৈশ্বিক তালিকায় শীর্ষ ১৯ নম্বরে নেমে এসেছে বাংলাদেশের রাজধানী।
শুক্রবার (২৫ জুন) সকাল সাড়ে ৭টায় সুইজারল্যান্ডভিত্তিক বায়ুর মান পর্যবেক্ষণকারী সংস্থা এয়ার কোয়ালিটি ইনডেক্সের (আইকিউএয়ার) সূচক থেকে এই তথ্য জানা যায়।
আইকিউএয়ারের তথ্য অনুযায়ী, তালিকার শীর্ষে ইন্দোনেশিয়ার জাকার্তা শহরের দূষণ স্কোর ১৭১, অর্থাৎ এই শহরের বাতাস ‘অস্বাস্থ্যকর’ পর্যায়ে রয়েছে।
২য় অবস্থানে রয়েছে উগান্ডার কাম্পালা শহরের দূষণ স্কোর ১৭০, অর্থাৎ এই শহরের বাতাস ‘অস্বাস্থ্যকর’ পর্যায়ে রয়েছে।
৩য় অবস্থানে রয়েছে চিলির সান্তিয়াগো শহরের দূষণ স্কোর ১৪১, অর্থাৎ এই শহরের বাতাস সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর পর্যায়ে রয়েছে।
এদিকে সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর পর্যায়ে আরো রয়েছে, কঙ্গোর কিনশাসা, ইসরায়েলের রাজধানী তেল আবিব, দক্ষিণ আফ্রিকার জোহানেসবার্গ, ইরাকের রাজধানী বাগদাদ, যুক্তরাষ্ট্রের বার্মিংহাম।
অন্যদিকে মাঝারি পর্যায়ে রয়েছে, বাহরাইনের মানামা, সংযুক্ত আরব আমিরাতের দুবাই, নেপালের রাজধানী কাঠমান্ডু, ইথিওপিয়ার আদ্দিস আবাবা, চীনের হাংঝৌ, মেক্সিকোর রাজধানী মেক্সিকো সিটি, মার্কিন যুক্তরাষ্ট্রের ডেনভার, চীনের সাংহাই, পাকিস্তানের লাহোর, কুয়েতের রাজধানী কুয়েত সিটি।
আইকিউএয়ারের মানদণ্ড অনুযায়ী, স্কোর (০-৫০) এর মধ্যে থাকলে বায়ুর মান ভালো বলে বিবেচিত হয়, (৫১-১০০) হলে মাঝারি বা সহনীয় ধরা হয় বায়ুর মান। সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর হিসেবে বিবেচিত হয় (১০১-১৫০) স্কোর। (১৫১-২০০) পর্যন্ত অস্বাস্থ্যকর হিসেবে বিবেচিত হয়। স্কোর (২০১-৩০০) হলে খুবই অস্বাস্থ্যকর বলে বিবেচনা করা হয়। এছাড়াও ৩০১-এর বেশি হলে তা দুর্যোগপূর্ণ বলে বিবেচিত হয়।
