টানা ৫ দিন ভারি বৃষ্টির আভাস
কাগজ ডেস্ক
প্রকাশ: ০৩ জুলাই ২০২৬, ১১:১৭ পিএম
ছবি : সংগৃহীত
দেশের বিভিন্ন অঞ্চলে আগামী পাঁচ দিন বৃষ্টি ও বজ্রসহ বৃষ্টিপাতের প্রবণতা অব্যাহত থাকতে পারে বলে জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। উত্তর-পশ্চিম বঙ্গোপসাগরে সৃষ্ট একটি লঘুচাপ আরও ঘনীভূত হওয়ার সম্ভাবনা থাকায় কোথাও কোথাও ভারি থেকে অতি ভারি বর্ষণেরও আশঙ্কা রয়েছে।
শুক্রবার (৩ জুলাই) সন্ধ্যা ৬টা থেকে পরবর্তী ১২০ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে এ তথ্য জানায় আবহাওয়া অধিদপ্তর।
পূর্বাভাসে বলা হয়েছে, উত্তর-পশ্চিম বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন উত্তর উড়িষ্যা-পশ্চিমবঙ্গ উপকূলীয় এলাকায় সৃষ্ট লঘুচাপটি একই এলাকায় অবস্থান করছে। এর প্রভাবে মৌসুমি বায়ু বাংলাদেশের ওপর মোটামুটি সক্রিয় রয়েছে এবং উত্তর বঙ্গোপসাগরের অন্যত্র মাঝারি থেকে প্রবল অবস্থায় বিরাজ করছে।
শনিবার (৪ জুলাই) পর্যন্ত চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রংপুর, রাজশাহী, ময়মনসিংহ ও বরিশাল বিভাগের কিছু এলাকায় দমকা হাওয়া, বজ্রপাত ও বৃষ্টির সম্ভাবনা রয়েছে। ঢাকা ও খুলনা বিভাগের দু-এক জায়গাতেও বৃষ্টি হতে পারে। একই সময়ে রংপুর, ময়মনসিংহ, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কোথাও কোথাও ভারি বর্ষণ হতে পারে।
এ ছাড়া রাজশাহী, পাবনা, নীলফামারী, পঞ্চগড়, কুড়িগ্রাম, ফেনী ও চুয়াডাঙ্গা জেলার ওপর দিয়ে বয়ে যাওয়া মৃদু তাপপ্রবাহ কিছু এলাকায় প্রশমিত হতে পারে। দিনের তাপমাত্রা সামান্য কমলেও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।
রোববার (৫ জুলাই) থেকে মঙ্গলবার (৭ জুলাই) পর্যন্ত দেশের অধিকাংশ বিভাগে বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। বিশেষ করে খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগে কোথাও কোথাও মাঝারি ধরনের ভারি থেকে অতি ভারি বর্ষণ হতে পারে।
আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, এ সময় দেশের বিভিন্ন স্থানে দমকা হাওয়ার সঙ্গে বজ্রপাতও হতে পারে। বৃষ্টিপাতের কারণে দিনের তাপমাত্রা ১ থেকে ৩ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত কমতে পারে, তবে রাতের তাপমাত্রায় বড় ধরনের পরিবর্তনের সম্ভাবনা নেই।
বর্ধিত পাঁচ দিনের পূর্বাভাসে আরও বলা হয়েছে, আগামী পাঁচ দিনের পরও সারা দেশে বৃষ্টিপাতের প্রবণতা অব্যাহত থাকতে পারে। এ কারণে প্রয়োজন ছাড়া ভারি বৃষ্টির সময় বাইরে না যাওয়া এবং বজ্রপাতের সময় নিরাপদ আশ্রয়ে থাকার পরামর্শ দিয়েছেন আবহাওয়াবিদরা
