আরও কতদিন থাকবে ভারি বৃষ্টি?
কাগজ ডেস্ক
প্রকাশ: ১০ জুলাই ২০২৬, ০৫:১৩ পিএম
ছবি : সংগৃহীত
নিম্নচাপ ও সক্রিয় মৌসুমি বায়ুর প্রভাবে দেশের বিভিন্ন অঞ্চলে চলমান ভারী বৃষ্টিপাত আরও দুই থেকে একদিন অব্যাহত থাকতে পারে বলে জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। একই সঙ্গে কয়েকটি বিভাগে ভারী থেকে অতিভারী বর্ষণ, জলাবদ্ধতা এবং পাহাড়ধসের আশঙ্কার কথাও জানিয়েছে সংস্থাটি।
শুক্রবার (১০ জুলাই) সকাল ১০টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার জন্য দেওয়া ভারী বৃষ্টিপাতের সতর্কবার্তায় এ তথ্য জানানো হয়।
আবহাওয়া অধিদপ্তর জানায়, সক্রিয় মৌসুমি বায়ুর প্রভাবে রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কোথাও কোথাও ৪৪ থেকে ৮৮ মিলিমিটার পর্যন্ত ভারী এবং ৮৯ মিলিমিটার বা তার বেশি অতিভারী বৃষ্টিপাত হতে পারে।
টানা বর্ষণের কারণে দেশের বিভিন্ন স্থানে বন্যা পরিস্থিতির অবনতি ঘটেছে। বিশেষ করে গত কয়েক দিনের ভারী বৃষ্টিতে চট্টগ্রাম নগরীসহ বিভিন্ন নিম্নাঞ্চল পানিতে তলিয়ে গেছে, ফলে জনজীবনে ব্যাপক দুর্ভোগ সৃষ্টি হয়েছে।
আবহাওয়া অধিদপ্তরের সতর্কবার্তায় আরও বলা হয়েছে, ভারী থেকে অতিভারী বর্ষণের ফলে ঢাকা ও চট্টগ্রাম মহানগরের বিভিন্ন এলাকায় সাময়িক জলাবদ্ধতা সৃষ্টি হতে পারে। পাশাপাশি চট্টগ্রাম বিভাগের পাহাড়ি এলাকায় ভূমিধসের ঝুঁকিও রয়েছে।
এ পরিস্থিতিতে সংশ্লিষ্ট এলাকার বাসিন্দাদের সতর্ক থাকার এবং স্থানীয় প্রশাসনের নির্দেশনা অনুসরণ করার পরামর্শ দিয়েছে আবহাওয়া অধিদপ্তর।
