ঘূর্ণিঝড় গেজানির আঘাতে বিপর্যস্ত মাদাগাস্কার, নিহত ৫৯
কাগজ ডেস্ক
প্রকাশ: ১৭ ফেব্রুয়ারি ২০২৬, ১১:২০ এএম
ছবি : সংগৃহীত
আফ্রিকা মহাদেশের দক্ষিণ-পূর্ব উপকূলে অবস্থিত দ্বীপ রাষ্ট্র মাদাগাস্কারে গত সপ্তাহে আঘাত হানা ঘূর্ণিঝড় গেজানির তাণ্ডবে অন্তত ৫৯ জনের মৃত্যু হয়েছে বলে জানিয়েছে দেশটির দুর্যোগ ব্যবস্থাপনা দপ্তর। চলতি বছর ভারত মহাসাগরীয় দ্বীপ দেশটিতে আঘাত হানা এটি দ্বিতীয় ঘূর্ণিঝড়। সোমবার ক্ষয়ক্ষতির মূল্যায়ন শেষে এ তথ্য প্রকাশ করা হয় বলে জানিয়েছে রয়টার্স।
দেশটির ন্যাশনাল ব্যুরো ফর রিস্ক অ্যান্ড ডিজাস্টার ম্যানেজমেন্ট (বিএনজিআরসি) জানিয়েছে, ঘূর্ণিঝড় গেজানির আঘাতে আরো ৮০৪ জন আহত হয়েছেন এবং এখনও ১৫ জন নিখোঁজ রয়েছেন। ঝড়ের কারণে ১৬ হাজার ৪২৮ জন বাস্তুচ্যুত হয়েছেন এবং প্রায় ৪ লাখ ২৩ হাজার ৯৮৬ জন ক্ষতিগ্রস্ত হয়েছেন।
গেজানির আঘাতের মাত্র ১০ দিন আগে ‘ফিতিয়া’ নামের আরেকটি ক্রান্তীয় ঘূর্ণিঝড় দেশটিতে আঘাত হানে। জাতিসংঘের মানবিক বিষয়ক দপ্তরের তথ্য অনুযায়ী, ওই ঘূর্ণিঝড়ে ১৪ জন নিহত হন এবং ৩১ হাজারের বেশি মানুষ বাস্তুচ্যুত হয়।
আরো পড়ুন : নাইজেরিয়ায় ৩ গ্রামে বন্দুকধারীদের হামলা, নিহত অন্তত ৩২
সর্বোচ্চ শক্তিতে গেজানির বাতাসের গতিবেগ ঘণ্টায় প্রায় ১৮৫ কিলোমিটার ছিল, যা দমকা হাওয়ার আকারে ঘণ্টায় প্রায় ২৭০ কিলোমিটার পর্যন্ত পৌঁছায়। এত শক্তিশালী বাতাস ছাদে বসানো ধাতব শীট, বড় বিজ্ঞাপন বোর্ড এবং বড় গাছ উপড়ে ফেলতে সক্ষম বলে জানিয়েছে আবহাওয়া কর্তৃপক্ষ।
আবহাওয়া পরিষেবার এক বিবৃতিতে বলা হয়, ঘূর্ণিঝড়টি পশ্চিম দিকে মোজাম্বিক চ্যানেল অতিক্রম করে দেশটির দক্ষিণাঞ্চলে আঘাত হানে। এর প্রভাবে ওই অঞ্চলে প্রবল ঝড়ো বাতাস বয়ে যায় এবং উপকূলে প্রায় ১০ মিটার উচ্চতার জলোচ্ছ্বাস আঘাত হানে।
পরবর্তীতে গেজানি দিক পরিবর্তন করে আবার পূর্বদিকে ফিরে আসে। আবহাওয়ার পূর্বাভাস অনুযায়ী, ঘূর্ণিঝড়টি পুনরায় মাদাগাস্কারের উপকূলের দিকে অগ্রসর হয় এবং সোমবার দক্ষিণ-পশ্চিমাঞ্চল দিয়ে দ্বিতীয়বারের মতো স্থলে আঘাত হানার কথা ছিল।
পরিস্থিতির অবনতির আশঙ্কায় মাদাগাস্কারের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের আম্পানিহি জেলায় রেড অ্যালার্ট জারি করেছে কর্তৃপক্ষ। সোমবার সন্ধ্যার দিকে ঘূর্ণিঝড়টি উপকূল থেকে প্রায় ১০০ কিলোমিটার দূর দিয়ে অতিক্রম করছিল। এর প্রভাবে আম্পানিহি এলাকায় ঘণ্টায় প্রায় ৬৫ কিলোমিটার বেগে বাতাস বয়ে গেলেও বৃষ্টিপাত তুলনামূলক কম ছিল বলে জানিয়েছে আবহাওয়া বিভাগ।
