×

ঢালিউড

শিল্পীরা কেন রাজনীতি করবেন, প্রশ্ন মুনমুনের

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ১৯ নভেম্বর ২০২৬, ০৬:৫৬ পিএম

শিল্পীরা কেন রাজনীতি করবেন, প্রশ্ন মুনমুনের

ফাইল ছবি

ঢাকাই চলচ্চিত্রের একসময়কার ব্যস্ত চিত্রনায়িকা মুনমুন। নব্বইয়ের দশকের শেষভাগ থেকে দুই হাজারের শুরুর দিকে অ্যাকশনধর্মী সিনেমায় নিয়মিত দেখা যেত তাকে। একসময় একসঙ্গে ২০ থেকে ৩০টি সিনেমায় অভিনয়ের প্রস্তাব পাওয়ার কথাও জানিয়েছেন এই অভিনেত্রী।

অথচ সময়ের ব্যবধানে বদলে গেছে চলচ্চিত্রের পরিস্থিতি। কাজের সংকটে দীর্ঘদিন বেকার থাকতে হচ্ছে অনেক শিল্পী ও কলাকুশলীকে। আর এই কর্মহীনতার সুযোগেই অনেকে রাজনীতির সঙ্গে জড়িয়ে পড়ছেন বলে মনে করেন মুনমুন।

সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে চলচ্চিত্রের বর্তমান পরিস্থিতি নিয়ে নিজের ক্ষোভ ও হতাশার কথা তুলে ধরেছেন তিনি। সেখানে শিল্পী- কলাকুশলীদের কর্মসংস্থানের সংকটের পাশাপাশি এফডিসিতে নিজের সঙ্গে ঘটে যাওয়া একটি ঘটনার কথাও স্মরণ করেছেন।

মুনমুন লেখেন, যেদিন এফডিসিতে তার সঙ্গে অন্যায় করা হয়েছিল, সেদিন পুরো এফডিসি যেন তার বিরুদ্ধে কথা বলেছিল। তার ওস্তাদ তাকে চুপ থাকতে বলেছিলেন। তাই প্রতিবাদ না করে চুপ হয়ে গিয়েছিলেন। তবে এখন অনেক শিল্পীকে অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করতে দেখে ভালো লাগছে বলেও জানিয়েছেন তিনি।

চলচ্চিত্রের মানুষের রাজনৈতিক সম্পৃক্ততা নিয়েও প্রশ্ন তুলেছেন এই অভিনেত্রী। তার মতে, দীর্ঘদিন ধরে এফডিসির শিল্পী ও কলাকুশলীদের হাতে পর্যাপ্ত কাজ নেই। কর্মসংস্থানের অভাব থেকেই অনেকে রাজনৈতিক শক্তিকে ব্যবহার করছেন। সরকার পরিবর্তন হলেও চলচ্চিত্রের উন্নয়নে দৃশ্যমান অগ্রগতি নেই বলে মনে করেন তিনি। বরং রাজনৈতিক পৃষ্ঠপোষকতা পাওয়া কিছু শিল্পী ও কলাকুশলীর রাতারাতি আর্থিকভাবে ফুলেফেঁপে ওঠার বিষয়টি তার নজরে এসেছে।

মুনমুনের ভাষায়, সিনেমা সবার জন্য। এখানে দলমত নির্বিশেষে সবার কাজ করার সুযোগ থাকা উচিত। চলচ্চিত্রের মানুষের রাজনীতিতে জড়িয়ে পড়ার প্রয়োজনীয়তা নিয়েও প্রশ্ন তুলেছেন তিনি।

শিল্পীদের এই সংকট কাটাতে সরকারের প্রতি বিশেষ আহ্বান জানিয়েছেন মুনমুন। তার মতে, শুধু আর্থিক সহায়তা দিয়ে এই সমস্যার সমাধান হবে না। বরং শিল্পী ও কলাকুশলীদের বিভিন্ন মন্ত্রণালয়ে কাজের সুযোগ তৈরি করতে হবে। তা না হলে দীর্ঘদিন কর্মহীন থাকা মানুষগুলোর সামনে ভিক্ষা করে খাওয়া ছাড়া আর কোনো পথ থাকবে না।

এ প্রসঙ্গে তিনি বলেন, ‘একটানা বেকার জীবনে ভিক্ষা করে খাওয়া ছাড়া শিল্পীদের এবং কলাকুশলীদের আর কোনো রাস্তা নেই।’ সব সরকারের আমলেই অনেক শিল্পীকে রাজনৈতিক কর্মকাণ্ডে ব্যস্ত হতে দেখেছেন জানিয়ে এর পেছনে কর্মহীনতাকেই প্রধান কারণ হিসেবে উল্লেখ করেন তিনি।

চলচ্চিত্রকে বাঁচাতে শুধু সরকারের দিকে তাকিয়ে না থেকে দেশের তরুণ সমাজকেও এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন এই অভিনেত্রী। তার মতে, বাংলা চলচ্চিত্র বাংলাদেশের সংস্কৃতি ও পরিচয়ের গুরুত্বপূর্ণ অংশ। সময়ের সঙ্গে অনেক সাংস্কৃতিক চর্চা হারিয়ে যাচ্ছে, চলচ্চিত্রও সেই সংকটের মুখে পড়েছে। তাই এই শিল্পকে টিকিয়ে রাখতে সম্মিলিত উদ্যোগ প্রয়োজন।

পরিবর্তিত দর্শক অভ্যাসের কথাও তুলে ধরেছেন মুনমুন। তার মতে, শুধু বাংলাদেশ নয়, বিশ্বজুড়েই বড় পর্দার সিনেমা ও টেলিভিশনের দর্শকসংখ্যায় পরিবর্তন এসেছে। স্মার্টফোনের ছোট পর্দায় বিনোদনের নানা সুযোগ তৈরি হওয়ায় দর্শক আগের মতো প্রেক্ষাগৃহ কিংবা টেলিভিশননির্ভর নেই। তাই চলচ্চিত্রের শিল্পীদের জন্য ছোটপর্দায়ও নিয়মিত কাজের সুযোগ তৈরির পরামর্শ দিয়েছেন তিনি।

প্রখ্যাত নির্মাতা এহতেশাম পরিচালিত ‘মৌমাছি’ সিনেমার মাধ্যমে চলচ্চিত্রে অভিষেক হয় মুনমুনের। পরে ‘টারজান কন্যা’ সিনেমার মাধ্যমে দর্শকদের কাছে পরিচিতি পান তিনি। মালেক আফসারীর ‘মৃত্যুর মুখে’ সিনেমায় ইলিয়াস কাঞ্চনের বিপরীতে অভিনয় করেও আলোচনায় আসেন। ১৯৯৭ থেকে ২০০৩ সাল পর্যন্ত ঢাকাই চলচ্চিত্রে বেশ সরব ছিলেন এই অভিনেত্রী। অ্যাকশনধর্মী চরিত্রে অভিনয় করতে গিয়ে একাধিকবার শারীরিকভাবে আহতও হয়েছেন তিনি।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

শিল্পীরা কেন রাজনীতি করবেন, প্রশ্ন মুনমুনের

শিল্পীরা কেন রাজনীতি করবেন, প্রশ্ন মুনমুনের

উপজেলায় ৫০ শতাংশ চিকিৎসক পদ ফাঁকা: স্বাস্থ্য প্রতিমন্ত্রী

উপজেলায় ৫০ শতাংশ চিকিৎসক পদ ফাঁকা: স্বাস্থ্য প্রতিমন্ত্রী

ঐক্যবদ্ধ হয়ে সন্ত্রাসের বিরুদ্ধে সমুচিত জবাব দিতে হবে

প্রধানমন্ত্রী ঐক্যবদ্ধ হয়ে সন্ত্রাসের বিরুদ্ধে সমুচিত জবাব দিতে হবে

এবার কি তাহলে আরশাদ আদনানের সিনেমায় কিয়ারা?

এবার কি তাহলে আরশাদ আদনানের সিনেমায় কিয়ারা?

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App