উপজেলায় ৫০ শতাংশ চিকিৎসক পদ ফাঁকা: স্বাস্থ্য প্রতিমন্ত্রী
কাগজ প্রতিবেদক
প্রকাশ: ১৯ নভেম্বর ২০২৬, ০৬:৪৪ পিএম
ফাইল ছবি
দেশের ৮০ শতাংশ মানুষ উপজেলা পর্যায়ে বসবাস করলেও সেখানে কাজ করেন মাত্র ২০ শতাংশ চিকিৎসক। উপজেলা পর্যায়ে চিকিৎসকের প্রায় ৫০ শতাংশ পদই ফাঁকা রয়েছে বলে জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ প্রতিমন্ত্রী ড. এম এ মুহিত।
বৃহস্পতিবার (১৯ নভেম্বর) রাজধানীর হোটেল রেডিসন ব্লুতে আয়োজিত ১১তম ক্যান্সার সম্মেলনে বিশেষ অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
স্বাস্থ্য প্রতিমন্ত্রী বলেন, চিকিৎসকরা ঢাকা, চট্টগ্রামসহ দেশের বড় শহরগুলোতে থাকতে চান। ফলে উপজেলা পর্যায়ে চিকিৎসকের সংকট তৈরি হচ্ছে। এ পরিস্থিতির পরিবর্তন প্রয়োজন।
তিনি আরও বলেন, দেশের অধিকাংশ মানুষ উপজেলা পর্যায়ে বসবাস করলেও সেখানে চিকিৎসক স্বল্পতা রয়েছে। সাধারণ মানুষের দোরগোড়ায় স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে এ বৈষম্য দূর করা জরুরি।
