×

এশিয়া

জঙ্গল থেকে ৫ দিন পর হারিয়ে যাওয়া শিশু উদ্ধার

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ২৩ আগস্ট ২০২৪, ১০:০৯ এএম

জঙ্গল থেকে ৫ দিন পর হারিয়ে যাওয়া শিশু উদ্ধার

ছবি : সংগৃহীত

ভিয়েতনামের দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় ইয়েন বাই প্রদেশের গভীর জঙ্গল থেকে ৬ বছরের এক শিশুকে হারিয়ে যাওয়ার ৫ দিন পর উদ্ধার করা হয়েছে। শিশুটির নাম ড্যাং তিয়েন ল্যাম। বুধবার (২১ আগস্ট) স্থানীয় কৃষকরা তাকে খুঁজে পায়। জঙ্গলের কাছে একটি দারুচিনি ক্ষেত পরিষ্কার করার সময় শিশুটির কান্না শুনতে পেয়েছিলেন কৃষকরা। খবর বিবিসির।

স্থানীয় গণমাধ্যমের খবরে বলা হয়েছে, গত ১৭ অগাস্ট ল্যাম তার এক আত্মীয়ের বাড়িতে খাবারের জন্য যাওয়ার পর নিখোঁজ হয়। সেদিন বিকেলে, ল্যাম এবং তার নয় ভাইবোন একটি ঝর্নার ধারে খেলতে গিয়েছিল। এরপর ল্যাম তাদের ছেড়ে দূরে চলে যায়। ২০ মিনিট তার কোনো খবর না পাওয়ায় পরিবারের লোকজন তার অনুসন্ধান শুরু করে।

ইয়েন বাই প্রদেশের ভ্যান ইয়েন জেলা প্রধান হা ডুক আনহ বলেছেন, ল্যামকে দ্রুত অনুসন্ধানে সহায়তা করার জন্য পুলিশ অফিসার, সৈন্য, সেনাবাহিনীর সদস্য এবং স্থানীয় স্বেচ্ছাসেবকসহ ২০০ জনেরও বেশি লোককে একত্রিত করা হয়েছিল। অপহরণের সম্ভাবনা দূর করার জন্য তদন্তকারীরা নিকটবর্তী এলাকা থেকে নজরদারি ফুটেজ পর্যালোচনা করেছে। সেই সঙ্গে বালকটির যাতে ডুবে না যায় তা নিশ্চিত করতে মাছের পুকুর এবং ঝর্নার ধারেও অনুসন্ধান করা হয়েছে।

আরো পড়ুন : পাকিস্তানে বন্দুকধারীদের হামলা, ১১ পুলিশ নিহত

বুধবার সকালে কাজ শেষে দুপুরের খাবারের জন্য তার তাঁবুতে ফেরার পথে কৃষকরা একটি শিশুর অস্পষ্ট কান্না শুনতে পান। কাসাভা গাছের ঝোপের মধ্যে ল্যামকে বসে থাকতে দেখতে পান তারা। জায়গাটি শিশুটির হারিয়ে যাওয়ার স্থান থেকে প্রায় ৬ কিলোমিটার দূরে। খাবারের অভাবে সে এতটাই দুর্বল হয়ে পড়েছিল যে দাঁড়াতে পারছিল না।

৫২ বছর বয়সী কৃষক লি ভ্যান নাং জানান, ল্যাম তাকে বলছিল, আমি খুব ক্লান্ত, আমি দাঁড়াতে পারছি না, দয়া করে আমাকে তুলে নিন।

স্থানীয় সংবাদমাধ্যমের খবরে বলা হয়েছে, ল্যাম গাছের পাতা, বুনো ফল এবং ঝর্নার পানি খেয়ে বেঁচে ছিল। অনলাইনে আসা ছবিতে দেখা গেছে, স্থানীয়রা তাকে উদ্ধার করার পর কেক খেতে দিয়েছে। ল্যামের পরনে থাকা লাল টি-শার্ট এবং শর্টস পুরোপুরি ধূলোমাটি মাখা হয়ে গিয়েছিল।

কৃষক লি ভ্যান নাং বলেন, শিশুটি আমাকে বলেছিল, যখন সে হারিয়ে যায়, তখন সে বাড়ি ফেরার পথ খুঁজে পায়নি। যতই সে হাঁটতে থাকে, ততই পথ হারিয়ে ফেলে। ছোট্ট এই শিশু ল্যামকে জীবিত পাওয়ার ঘটনাটি ‘অলৌকিক’ বলেই বর্ণনা করেছে পুলিশ।

সামাজিক যোগাযোগমাধ্যমে ল্যামকে উদ্ধারের খবর ছড়িয়ে পড়ার পর, অনেকেই তার পরিবারকে অভিনন্দন জানিয়েছেন এবং উদ্ধারকারী দলের চেষ্টার প্রশংসা করেছেন।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

ইউরোপ থেকে ৩৫ বাংলাদেশিকে ফেরত

ইউরোপ থেকে ৩৫ বাংলাদেশিকে ফেরত

মঈন খানকে দেখতে হাসপাতালে রাষ্ট্রপতি

মঈন খানকে দেখতে হাসপাতালে রাষ্ট্রপতি

ট্রাম্প জামাতার ফোন হ্যাক, মিলল ‘মধ্যপ্রাচ্য পুনর্গঠনে’র নীল নকশার ইঙ্গিত

ট্রাম্প জামাতার ফোন হ্যাক, মিলল ‘মধ্যপ্রাচ্য পুনর্গঠনে’র নীল নকশার ইঙ্গিত

সোনা ও রুপার দাম আরও কমল

সোনা ও রুপার দাম আরও কমল

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App