মুরাদনগরে নিষিদ্ধ সংগঠনের মিছিলের প্রস্তুতি, ১৩ জন গ্রেপ্তার
রায়হান চৌধুরী, মুরাদনগর (কুমিল্লা)
প্রকাশ: ২২ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৩৮ পিএম
ছবি: সংগৃহীত
কুমিল্লার মুরাদনগরে নিষিদ্ধ ঘোষিত বাংলাদেশ ছাত্রলীগ ও যুবলীগের সমর্থক পরিচয়ে মিছিলের প্রস্তুতির অভিযোগে ১৩ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার রাতে উপজেলার নবীপুর (পশ্চিম) ইউনিয়নের কিছমত রহিমপুর এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
পুলিশ সুত্রে জানা যায়, সরকারবিরোধী ষড়যন্ত্র ও জনমনে ভীতি সৃষ্টির উদ্দেশ্যে মিছিলের প্রস্তুতি নেওয়া হচ্ছিল এমন তথ্যের ভিত্তিতে ডিআর স্কুলের মাঠসংলগ্ন পাকা সড়কে অভিযান চালানো হয়। তবে এসব অভিযোগের বিষয়ে গ্রেপ্তার ব্যক্তিদের বক্তব্য তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি।
সোমবার (২১ সেপ্টেম্বর) রাতে মুরাদনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আনোয়ার হোসেন চৌধুরীর নির্দেশে এসআই আব্বাস কবির চৌধুরীর নেতৃত্বে পুলিশের একটি দল সেখানে অভিযান চালায়। পুলিশের দাবি, অভিযানের সময় ঘটনাস্থলে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ ও যুবলীগের সমর্থকেরা মিছিলের প্রস্তুতি নিচ্ছিলেন। পরে সেখান থেকে ১৩ জনকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন, হৃদয় ভূঁইয়া (১৪), তানভীর হোসেন (১৪), মাসুদ (১৪), ইয়াছিন (১৬), হাসান ভূঁইয়া (১৮), আসিফ (১৮), সাইফুল ইসলাম (১৮), তানজিদ (১৮), হানিফ ভূঁইয়া (১৯), মোবারক (১৯), শাহেদ (১৮), আতিক (১৮) ও মহিনুল ইসলাম (১৮)।
পুলিশ জানায়, গ্রেপ্তার চারজনের বয়স ১৮ বছরের নিচে হওয়ায় তাদের ‘আইনের সঙ্গে সংঘাতে জড়িত শিশু’ হিসেবে উল্লেখ করা হয়েছে।
মুরাদনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আনোয়ার হোসেন চৌধুরী বলেন, এ ঘটনায় মুরাদনগর থানায় একটি মামলা করা হয়েছে। নিষিদ্ধ ঘোষিত সংগঠনের কর্মকাণ্ড ও যেকোনো ধরনের নাশকতা প্রতিরোধে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশ সতর্ক রয়েছে।
