×

শিক্ষা

আগামী বছর শিক্ষাপ্রতিষ্ঠানে কতদিন ছুটি, খসড়া তালিকা

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ১০ নভেম্বর ২০২৬, ১১:২২ এএম

আগামী বছর শিক্ষাপ্রতিষ্ঠানে কতদিন ছুটি, খসড়া তালিকা

ফাইল ছবি

আগামী ২০২৭ শিক্ষাবর্ষে সরকারি ও বেসরকারি মাধ্যমিক ও নিম্নমাধ্যমিক বিদ্যালয়ে মোট ৭০ দিন ছুটির প্রস্তাব করা হয়েছে। এ লক্ষ্যে ছুটির একটি খসড়া তালিকা তৈরি করেছে শিক্ষা মন্ত্রণালয়। প্রস্তাবিত তালিকায় পবিত্র রমজান ও ঈদুল ফিতর উপলক্ষে সবচেয়ে বেশি ২৪ দিন ছুটি রাখা হয়েছে। এ ছাড়া ঈদুল আজহায় ১০ দিন এবং শীতকালীন অবকাশে ১১ দিন ছুটির প্রস্তাব রয়েছে।

খসড়া তালিকা বিশ্লেষণে দেখা গেছে, আগামী ৮ ফেব্রুয়ারি থেকে ১৩ মার্চ পর্যন্ত টানা ছুটি থাকবে শিক্ষাপ্রতিষ্ঠানে। সাপ্তাহিক ছুটি বাদ দিয়ে এ সময়ে মোট ২৪ দিন ছুটি গণনা করা হয়েছে।

এই ছুটির মধ্যে রয়েছে শ্রী শ্রী সরস্বতী পূজা (১১ ফেব্রুয়ারি), মাঘী পূর্ণিমা (২০ ফেব্রুয়ারি), শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস (২১ ফেব্রুয়ারি), জামাতুল বিদা (৫ মার্চ), শ্রী শ্রী শিবরাত্রি (৬ মার্চ), শবে কদর (৭ মার্চ) এবং ঈদুল ফিতর (১০ মার্চ)।

অন্যদিকে, পবিত্র ঈদুল আজহা ও গ্রীষ্মকালীন অবকাশ উপলক্ষে ১৬ থেকে ২৭ মে পর্যন্ত ছুটি রাখার প্রস্তাব করা হয়েছে। সাপ্তাহিক ছুটি বাদ দিয়ে এ সময়ে শিক্ষক-শিক্ষার্থীরা মোট ১০ দিন ছুটি পাবেন। এ ছুটির মধ্যে ১৯ মে বুদ্ধ পূর্ণিমাও অন্তর্ভুক্ত রয়েছে।

বছরের শেষ দিকে শীতকালীন অবকাশ, বিজয় দিবস ও যিশুখ্রিষ্টের জন্মদিন (বড়দিন) উপলক্ষে ১৪ থেকে ২৮ ডিসেম্বর পর্যন্ত ছুটি রাখা হয়েছে। এ সময়ে সাপ্তাহিক ছুটি বাদ দিয়ে মোট ১১ দিন ছুটি গণনা করা হয়েছে।

অন্যান্য ছুটির তালিকা

খসড়া তালিকা অনুযায়ী, ২০২৭ সালের ৬ জানুয়ারি শবে মেরাজ এবং ২৪ জানুয়ারি শবে বরাত উপলক্ষে একদিন করে ছুটি থাকবে।

মার্চে ২২ তারিখ শুভ দোলযাত্রা এবং ২৮ মার্চ ইস্টার সানডে উপলক্ষে একদিন করে ছুটি রাখা হয়েছে। এ ছাড়া ২৬ মার্চ স্বাধীনতা ও জাতীয় দিবস শুক্রবার হওয়ায় এ উপলক্ষে আলাদা ছুটি গণনা করা হয়নি।

এপ্রিলে ৪ তারিখ শ্রী শ্রী হরিচাঁদ ঠাকুরের আবির্ভাব, ১২ এপ্রিল বৈসাবি উৎসব, ১৩ এপ্রিল চৈত্রসংক্রান্তি এবং ১৪ এপ্রিল বাংলা নববর্ষ উপলক্ষে একদিন করে ছুটি থাকবে।

মে দিবস ১ মে শনিবার হওয়ায় এ উপলক্ষে আলাদা ছুটি রাখা হয়নি। জুনে ১৬ তারিখ পবিত্র আশুরা উপলক্ষে একদিন ছুটির প্রস্তাব রয়েছে।

জুলাইয়ে ১৮ তারিখ আষাঢ়ী পূর্ণিমা এবং ২৮ জুলাই আষাঢ়ী চাঁর সেবা উপলক্ষে একদিন করে ছুটি রাখা হয়েছে।

আগস্টে ৫ তারিখ জুলাই গণঅভ্যুত্থান দিবস, ১৫ আগস্ট ঈদে মিলাদুন্নবী (সা.) এবং ২৫ আগস্ট শুভ জন্মাষ্টমী উপলক্ষে একদিন করে ছুটি থাকবে।

সেপ্টেম্বরে ১৩ তারিখ ফাতেহা-ই-ইয়াজদাহম, ১৫ সেপ্টেম্বর মধু পূর্ণিমা এবং ৩০ সেপ্টেম্বর শুভ মহালয়া উপলক্ষে একদিন করে ছুটি রাখার প্রস্তাব করা হয়েছে।

অক্টোবরে দুর্গাপূজা উপলক্ষে ৭ থেকে ১১ অক্টোবর পর্যন্ত সাপ্তাহিক ছুটি বাদ দিয়ে মোট তিন দিন ছুটি থাকবে। এ ছাড়া ১৪ অক্টোবর শ্রী শ্রী লক্ষ্মীপূজা এবং ২৮ অক্টোবর শ্রী শ্রী শ্যামাপূজা উপলক্ষে একদিন করে ছুটি রাখা হয়েছে।

নভেম্বরে ৭ তারিখ জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে একদিন ছুটির প্রস্তাব রয়েছে। এর বাইরে স্ব স্ব শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধানের হাতে সংরক্ষিত থাকবে আরও দুই দিন ছুটি।

সব মিলিয়ে খসড়া তালিকায় ২০২৭ শিক্ষাবর্ষে মোট ৭০ দিন ছুটির প্রস্তাব করা হয়েছে। তবে চাঁদ দেখার ওপর নির্ভরশীল ধর্মীয় ছুটির তারিখ পরিবর্তন হতে পারে। পাশাপাশি এটি খসড়া তালিকা হওয়ায় শিক্ষা মন্ত্রণালয়ের চূড়ান্ত অনুমোদনের আগে ছুটির দিন ও তারিখে পরিবর্তন আসার সম্ভাবনা রয়েছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

কারিগরি ত্রুটি কাটিয়ে আরটিজিএস লেনদেন চালু: বাংলাদেশ ব্যাংক

কারিগরি ত্রুটি কাটিয়ে আরটিজিএস লেনদেন চালু: বাংলাদেশ ব্যাংক

কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের নতুন সচিব মাহবুবুর রহমান ভূঁঞা

কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের নতুন সচিব মাহবুবুর রহমান ভূঁঞা

আগামী বছর শিক্ষাপ্রতিষ্ঠানে কতদিন ছুটি, খসড়া তালিকা

আগামী বছর শিক্ষাপ্রতিষ্ঠানে কতদিন ছুটি, খসড়া তালিকা

বৈঠা হাতে পদ্মা সেতুর টোলপ্লাজা অবরোধ, ককটেল বিস্ফোরণ

বৈঠা হাতে পদ্মা সেতুর টোলপ্লাজা অবরোধ, ককটেল বিস্ফোরণ

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App