বৈঠা হাতে পদ্মা সেতুর টোলপ্লাজা অবরোধ, ককটেল বিস্ফোরণ
কাগজ ডেস্ক
প্রকাশ: ১০ নভেম্বর ২০২৬, ১০:৫০ এএম
ছবি: সংগৃহীত
শরীয়তপুরের জাজিরায় পদ্মা সেতুর দক্ষিণ প্রান্তের টোলপ্লাজা অবরোধ করে বিক্ষোভ করেছেন একদল লোক। এ সময় কয়েকটি ককটেল বিস্ফোরণ ও গাড়ি ভাঙচুরের ঘটনা ঘটেছে। কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের নেতাকর্মীরা এ বিক্ষোভে অংশ নিয়েছেন বলে অভিযোগ উঠেছে।
সোমবার (৯ নভেম্বর) দিবাগত রাত ১টার দিকে জাজিরার নাওডোবা এলাকায় এ ঘটনা ঘটে।
সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একাধিক ভিডিওতে দেখা যায়, বৈঠা হাতে বিপুলসংখ্যক লোক পদ্মা সেতুর দক্ষিণ প্রান্তের টোলপ্লাজার সামনে অবস্থান নিয়ে সড়ক অবরোধ করেছেন। বিভিন্ন ফেসবুক আইডি থেকে এসব ঘটনার সরাসরি সম্প্রচার করা হয়। এর মধ্যে শরীয়তপুর-১ আসনের সাবেক সংসদ সদস্য ইকবাল হোসেন অপুর ছেলে দানিব বিন ইকবালের ফেসবুক আইডিও রয়েছে।
ভিডিওতে দেখা যায়, অবরোধকারীরা প্রায় এক ঘণ্টা টোলপ্লাজার কার্যক্রম বন্ধ করে সেখানে অবস্থান করেন। এতে সেতুর উভয় পাশে যানবাহন আটকা পড়ে। এ সময় কয়েকটি ককটেল বিস্ফোরণের শব্দ শোনা যায়। পাশাপাশি কয়েকটি গাড়ি ভাঙচুরের দৃশ্যও দেখা গেছে। তবে এসব বিস্ফোরণ ও ভাঙচুরের সঙ্গে কারা জড়িত, তা তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি।
বিক্ষোভকারীদের ‘জয় বাংলা’, ‘জয় বঙ্গবন্ধু’সহ ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং সাবেক সংসদ সদস্য ইকবাল হোসেন অপুর নামে বিভিন্ন স্লোগান দিতেও শোনা যায়।
এদিকে, অবরোধকারীরা বিভিন্ন দিক থেকে জড়ো হতে থাকলে পদ্মা সেতু দক্ষিণ থানার প্রধান ফটক বন্ধ করে পুলিশ সদস্যরা ভেতরে অবস্থান নেন বলে জানা গেছে।
এ ঘটনায় বক্তব্য জানতে থানার কর্মকর্তাদের সঙ্গে মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করা হলেও তাদের পাওয়া যায়নি। ফলে অবরোধ, ককটেল বিস্ফোরণ ও গাড়ি ভাঙচুরের বিষয়ে পুলিশ বা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের বক্তব্য তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি।
