বরিশালে গোপন বৈঠক থেকে আওয়ামী লীগের ১২ নেতাকর্মী আটক
এম.কে. রানা, বরিশাল
প্রকাশ: ২৬ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৪২ পিএম
ছবি: সংগৃহীত
বরিশাল নগরীর বটতলা এলাকায় হালিমা খাতুন বালিকা উচ্চ বিদ্যালয় সংলগ্ন একটি ভবনে গোপন বৈঠক চলাকালে ১২ জনকে আটক করেছে পুলিশ। শনিবার (২৬ সেপ্টেম্বর) বিকেলে বিষয়টি নিশ্চিত করেন বরিশাল মেট্রোপলিটন পুলিশের উপ-কমিশনার (ডিবি) পলাশ কান্তি নাথ।
পুলিশ জানায়, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে বরিশাল মেট্রোপলিটন পুলিশের গোয়েন্দা (ডিবি) বিভাগের একটি দল ও কোতোয়ালি মডেল থানা পুলিশের সদস্যরা বটতলা এলাকায় অভিযান চালান। এ সময় নাশকতা সৃষ্টির উদ্দেশ্যে গোপন বৈঠক করার অভিযোগে ওই ভবন থেকে ১২ জনকে আটক করা হয়।
বিএমপির মিডিয়া সেল জানিয়েছে, আটক ব্যক্তিদের বিরুদ্ধে যথাযথ আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে। তাদের বিষয়ে বিস্তারিত তথ্য পরবর্তীতে জানানো হবে।
কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আল মামুন উল ইসলাম জানান, আটক ব্যক্তিদের মধ্যে আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের কয়েকজন পদধারী রয়েছেন। পুলিশের প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা জানিয়েছেন, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্মদিন পালনের কর্মসূচি প্রণয়নের জন্য তারা সেখানে একত্রিত হয়েছিলেন।
ওসি আরও জানান, বেলা ১২টার পর তারা ওই স্থানে জড়ো হন বলে প্রাথমিকভাবে জানা গেছে। আটক ব্যক্তিদের মোবাইল ফোনের তথ্য যাচাই ও ট্র্যাকিং করা হচ্ছে। তাদের মাধ্যমে নগরীতে কোনো ধরনের নাশকতার পরিকল্পনা ছিল কি না, তা খতিয়ে দেখা হচ্ছে বলে জানান তিনি।
এদিকে, আটক ব্যক্তিদের বিরুদ্ধে কী ধরনের আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে এবং তাদের বৈঠকের প্রকৃত উদ্দেশ্য কী ছিল, তা তদন্তের পর স্পষ্ট হবে বলে জানিয়েছে পুলিশ।
