×

ভর্তি

ঢাবিতে ভর্তির আবেদন শেষ হচ্ছে আজ, কোন ইউনিটে কবে পরীক্ষা

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ২৮ নভেম্বর ২০২৬, ১০:২২ এএম

ঢাবিতে ভর্তির আবেদন শেষ হচ্ছে আজ, কোন ইউনিটে কবে পরীক্ষা

ফাইল ছবি

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ২০২৬-২৭ শিক্ষাবর্ষে আন্ডারগ্র্যাজুয়েট প্রোগ্রামে ভর্তির আবেদন শেষ হচ্ছে আজ শনিবার (২৮ নভেম্বর)। গতকাল শুক্রবার (২৭ নভেম্বর) দুপুর ১২টা পর্যন্ত পাঁচটি ইউনিটে আবেদন জমা পড়েছে ২ লাখ ৩৯ হাজার ১৫৮টি। আবেদন সংখ্যায় এগিয়ে রয়েছে বিজ্ঞান ইউনিট।

তবে আসনসংখ্যার তুলনায় সবচেয়ে বেশি প্রতিযোগিতা হবে ব্যবসায় প্রশাসন ইনস্টিটিউটের (আইবিএ) ভর্তি পরীক্ষায়। এ ইউনিটে প্রতি আসনের বিপরীতে লড়বেন ৮৪ জনের বেশি শিক্ষার্থী।

বিশ্ববিদ্যালয়ের ভর্তি-সংক্রান্ত তথ্য অনুযায়ী, বিজ্ঞান ইউনিটে ১ হাজার ৮৯১টি আসনের বিপরীতে আবেদন করেছেন ৯৭ হাজার ২৪৫ জন। অর্থাৎ প্রতি আসনে প্রতিদ্বন্দ্বিতা করবেন ৫১ দশমিক ৪২ জন।

কলা, আইন ও সামাজিক বিজ্ঞান ইউনিটে ২ হাজার ৯৩৪টি আসনের বিপরীতে আবেদন পড়েছে ৯৭ হাজার ৫টি। এ ইউনিটে আসনপ্রতি আবেদনকারীর সংখ্যা ৩৩ দশমিক ৬।

ব্যবসায় শিক্ষা ইউনিটে ১ হাজার ৫০টি আসনের জন্য আবেদন করেছেন ২৯ হাজার ৩৪৫ জন। এ হিসাবে প্রতি আসনে আবেদনকারীর সংখ্যা ২৭ দশমিক ৯৪।

অন্যদিকে, আইবিএ ইউনিটে ১২০টি আসনের বিপরীতে আবেদন করেছেন ১০ হাজার ১২৪ জন। ফলে আসনপ্রতি প্রতিযোগীর সংখ্যা দাঁড়িয়েছে ৮৪ দশমিক ৩৬। চারুকলা ইউনিটে ১৩০টি আসনের বিপরীতে আবেদন জমা পড়েছে ৫ হাজার ৪৩৯টি। এ ইউনিটে প্রতি আসনের জন্য লড়বেন ৪১ দশমিক ৮৩ জন।

বিশ্ববিদ্যালয়ের প্রকাশিত সূচি অনুযায়ী, আগামী ৫ ডিসেম্বর আইবিএ ইউনিটের পরীক্ষার মধ্য দিয়ে ভর্তি পরীক্ষা শুরু হবে। শেষ পরীক্ষা অনুষ্ঠিত হবে ২৬ ডিসেম্বর। চারুকলা ও আইবিএ ছাড়া অন্য তিনটি ইউনিটের পরীক্ষা ঢাকা ছাড়াও বিভাগীয় পর্যায়ের নির্ধারিত কেন্দ্রে নেওয়া হবে। তবে চারুকলা ও আইবিএ ইউনিটের পরীক্ষা শুধু ঢাকা শহরে অনুষ্ঠিত হবে।

এবার পাঁচটি ইউনিটে ভর্তি পরীক্ষা নেওয়া হবে বিজ্ঞান, কলা, আইন ও সামাজিক বিজ্ঞান, ব্যবসায় শিক্ষা এবং চারুকলা। পাশাপাশি ব্যবসায় প্রশাসন ইনস্টিটিউটের জন্য পৃথক ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে।

ভর্তিচ্ছু শিক্ষার্থীদের ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি-সংক্রান্ত ওয়েবসাইটে গিয়ে অনলাইনে আবেদন করতে হবে। আবেদনের সময় মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পরীক্ষার তথ্য, বর্তমান ঠিকানা, ব্যক্তিগত মোবাইল নম্বর ও ই-মেইল ঠিকানা দিতে হবে। পাশাপাশি পছন্দের ইউনিট, পরীক্ষার কেন্দ্র এবং প্রযোজ্য ক্ষেত্রে কোটার তথ্য উল্লেখ করতে হবে।

নির্ধারিত মাপ ও ফরম্যাট অনুসরণ করে সাদা পটভূমির ছবি আপলোড করতে হবে। আবেদন সম্পন্ন করতে নির্ধারিত ফিও জমা দিতে হবে। ইংরেজি মাধ্যমের শিক্ষার্থীদের সমতা নিরূপণের জন্য আলাদা আবেদনপ্রক্রিয়া অনুসরণ করতে হবে।

আবেদনের যোগ্যতা

২০২১ থেকে ২০২৪ সালের মধ্যে মাধ্যমিক বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ এবং ২০২৬ সালের উচ্চমাধ্যমিক বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীরা নির্ধারিত শর্ত পূরণ সাপেক্ষে আবেদন করতে পারবেন। ইংরেজি মাধ্যমের শিক্ষার্থীদের জন্য জিসিই ও-লেভেল ও এ-লেভেলের ফলাফলের ভিত্তিতেও আবেদনের সুযোগ রয়েছে।

বিজ্ঞান ইউনিট

বিজ্ঞান অনুষদ, জীববিজ্ঞান অনুষদ, ফার্মেসি অনুষদ, আর্থ অ্যান্ড এনভায়রনমেন্টাল সায়েন্সেস অনুষদ, ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজি অনুষদ এবং সংশ্লিষ্ট ইনস্টিটিউটগুলোতে ভর্তির জন্য এ ইউনিটে আবেদন করতে হবে। বিজ্ঞান ও মাদ্রাসা শিক্ষা বোর্ডের বিজ্ঞান শাখার শিক্ষার্থীরা আবেদন করতে পারবেন। এ ছাড়া আইজিসিএসই/ও-লেভেল এবং আইএএল/জিসিই এ-লেভেল উত্তীর্ণদেরও আবেদনের সুযোগ রয়েছে।

এ ইউনিটে আবেদনের জন্য মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক বা সমমানের পরীক্ষায় চতুর্থ বিষয়সহ জিপিএর যোগফল কমপক্ষে ৮.০ থাকতে হবে। পাশাপাশি প্রতিটি পরীক্ষায় আলাদাভাবে ন্যূনতম জিপিএ ৩.৫ প্রয়োজন। ইংরেজি মাধ্যমের শিক্ষার্থীদের বিজ্ঞপ্তিতে উল্লেখ করা বিষয়ভিত্তিক গ্রেডের শর্ত পূরণ করতে হবে।

কলা, আইন ও সামাজিক বিজ্ঞান ইউনিট

এ ইউনিটে সব বিভাগ থেকে উত্তীর্ণ শিক্ষার্থীরা আবেদন করতে পারবেন। কলা, আইন ও সামাজিক বিজ্ঞান অনুষদ এবং সংশ্লিষ্ট ইনস্টিটিউটগুলোতে ভর্তির সুযোগ রয়েছে। আবেদনের জন্য মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক বা সমমানের পরীক্ষায় চতুর্থ বিষয়সহ জিপিএর যোগফল কমপক্ষে ৭.৫ এবং প্রতিটি পরীক্ষায় আলাদাভাবে কমপক্ষে ৩.০ থাকতে হবে।

ব্যবসায় শিক্ষা ইউনিট

ব্যবসায় শিক্ষা অনুষদ ও সংশ্লিষ্ট ইনস্টিটিউটগুলোতে ভর্তির জন্য এ ইউনিটে আবেদন করতে হবে। ব্যবসায় শিক্ষা শাখার পাশাপাশি বিজ্ঞপ্তিতে নির্ধারিত শর্ত পূরণ করে অন্য শাখার শিক্ষার্থীরাও আবেদন করতে পারবেন। এ ক্ষেত্রে মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক বা সমমানের পরীক্ষায় চতুর্থ বিষয়সহ জিপিএর যোগফল কমপক্ষে ৭.৫ এবং প্রতিটি পরীক্ষায় আলাদাভাবে কমপক্ষে ৩.০ থাকতে হবে।

চারুকলা ইউনিট

সব বিভাগের শিক্ষার্থীরা এ ইউনিটে আবেদন করতে পারবেন। চারুকলা অনুষদের বিভাগগুলোতে ভর্তির জন্য মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক বা সমমানের পরীক্ষায় চতুর্থ বিষয়সহ জিপিএর যোগফল কমপক্ষে ৬.৫ এবং প্রতিটি পরীক্ষায় আলাদাভাবে কমপক্ষে ৩.০ থাকতে হবে।

আইবিএ ইউনিট

ব্যবসায় প্রশাসন ইনস্টিটিউটে ভর্তির জন্য এ ইউনিটে আবেদন করতে হবে। উচ্চমাধ্যমিক বা সমমানের পরীক্ষায় ব্যবসায় শিক্ষা শাখার শিক্ষার্থীদের পাশাপাশি আইজিসিএসই/ও-লেভেল এবং আইএএল/জিসিই এ-লেভেল উত্তীর্ণ শিক্ষার্থীরাও আবেদন করতে পারবেন। তবে তাঁদেরও নির্ধারিত জিপিএ ও বিষয়ভিত্তিক গ্রেডের শর্ত পূরণ করতে হবে।

ইংরেজি মাধ্যমের শিক্ষার্থীদের ও-লেভেলে নির্ধারিত পাঁচটি এবং এ-লেভেলে দুটি বিষয়ে প্রয়োজনীয় গ্রেড থাকতে হবে। ইউনিটভেদে জিপিএ ও বিষয়ভিত্তিক গ্রেডের শর্ত আলাদা হওয়ায় আবেদনের আগে সংশ্লিষ্ট নির্দেশনা দেখে নেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।

ভর্তি পরীক্ষার তারিখ ও সময়

বিশ্ববিদ্যালয়ের সূচি অনুযায়ী, আইবিএ ইউনিটের পরীক্ষা ৫ ডিসেম্বর ২০২৬, শনিবার সকাল ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত অনুষ্ঠিত হবে।

বিজ্ঞান ইউনিটের পরীক্ষা ১২ ডিসেম্বর, শনিবার সকাল ১১টা থেকে দুপুর ১২টা ৩০ মিনিট পর্যন্ত। কলা, আইন ও সামাজিক বিজ্ঞান ইউনিটের পরীক্ষা ১৯ ডিসেম্বর, শনিবার একই সময়ে নেওয়া হবে।

চারুকলা ইউনিটের পরীক্ষা ২২ ডিসেম্বর, মঙ্গলবার সকাল ১১টা থেকে দুপুর ১২টা ৩০ মিনিট পর্যন্ত অনুষ্ঠিত হবে। সবশেষে ব্যবসায় শিক্ষা ইউনিটের পরীক্ষা ২৬ ডিসেম্বর, শনিবার একই সময়ে নেওয়া হবে।

ভর্তি পরীক্ষার নম্বর ও সময়বণ্টন

প্রতিটি ইউনিটের ভর্তি পরীক্ষায় এমসিকিউ ও লিখিত অংশ থাকলেও নম্বর ও সময়ের বণ্টন এক নয়। আইবিএ ইউনিটে এমসিকিউ অংশে ৭০ নম্বরের জন্য ৯০ মিনিট এবং লিখিত অংশে ৩০ নম্বরের জন্য ৩০ মিনিট সময় বরাদ্দ রয়েছে।

বিজ্ঞান, কলা, আইন ও সামাজিক বিজ্ঞান এবং ব্যবসায় শিক্ষা ইউনিটে এমসিকিউ অংশে ৬০ নম্বরের পরীক্ষা হবে ৪৫ মিনিটে। লিখিত অংশে ৪০ নম্বরের জন্য সময় পাওয়া যাবে ৪৫ মিনিট।

চারুকলা ইউনিটে সাধারণ জ্ঞান অংশে এমসিকিউ পদ্ধতিতে ৪০ নম্বরের পরীক্ষা হবে, সময় ৩০ মিনিট। অন্যদিকে, অঙ্কন অংশে লিখিত পদ্ধতিতে ৬০ নম্বরের পরীক্ষা নেওয়া হবে ৩০ মিনিটে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

ঢাবিতে ভর্তির আবেদন শেষ হচ্ছে আজ, কোন ইউনিটে কবে পরীক্ষা

ঢাবিতে ভর্তির আবেদন শেষ হচ্ছে আজ, কোন ইউনিটে কবে পরীক্ষা

চুয়াডাঙ্গায় বিএনপি কার্যালয়ে অগ্নিসংযোগ

চুয়াডাঙ্গায় বিএনপি কার্যালয়ে অগ্নিসংযোগ

হাসিনার সুস্থতার প্রমাণ দিতে এক বছর আগের অডিও প্রচার করল আ.লীগ

ফ্যাক্ট চেকিং হাসিনার সুস্থতার প্রমাণ দিতে এক বছর আগের অডিও প্রচার করল আ.লীগ

দাম বেড়ে কত টাকায় বিক্রি হচ্ছে স্বর্ণ?

দাম বেড়ে কত টাকায় বিক্রি হচ্ছে স্বর্ণ?

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App