অস্বাস্থ্যকর পরিবেশে বেকারি পণ্য উৎপাদন, দুই মালিককে জরিমানা
ঝালকাঠি প্রতিনিধি
প্রকাশ: ১৪ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৫৫ পিএম
ছবি: ভোরের কাগজ
ঝালকাঠির রাজাপুর উপজেলার নৈকাঠি বাজারে অস্বাস্থ্যকর পরিবেশে কেক, রুটি, বিস্কুট ও পাউরুটি উৎপাদনের দায়ে দুটি বেকারির মালিককে ৩০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
সোমবার (১৪ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৪টার দিকে নৈকাঠি বাজার এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. শামীম রেজা সজিব ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।
অভিযানে অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্যপণ্য উৎপাদনের দায়ে আল মদিনা বেকারির মালিক মো. হান্নান আকনকে ২০ হাজার টাকা এবং মক্কা মদিনা বেকারির মালিক মো. জলিল আকনকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়।জানা গেছে, হান্নান আকন ও জলিল আকন আপন দুই ভাই। তারা উপজেলার শুক্তাগড় ইউনিয়নের কাঠিপাড়া এলাকার মো. দেলোয়ার আকনের ছেলে।
উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. শামীম রেজা সজিব বলেন, অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্যপণ্য উৎপাদন জনস্বাস্থ্যের জন্য ঝুঁকিপূর্ণ। নিরাপদ খাদ্য নিশ্চিত করতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। আইন অমান্য করে অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্যপণ্য উৎপাদন করলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।
