‘এবারের এইচএসসির ফলাফলই প্রকৃত চিত্র, বিএনপি সরকারকে সাধুবাদ’
কাগজ ডেস্ক
প্রকাশ: ৩১ অক্টোবর ২০২৬, ১০:৪০ পিএম
ছবি: সংগৃহীত
এইচএসসি পরীক্ষার এবারের ফলাফলে শিক্ষার্থীদের প্রকৃত চিত্র উঠে এসেছে বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সিনিয়র যুগ্ম সদস্য সচিব সারজিস আলম। তিনি বলেন, কোনো ধরনের রাখঢাক না করে এবং লোকদেখানো মনোভাব থেকে বেরিয়ে প্রকৃত চিত্র তুলে ধরার সাহস দেখিয়েছে বিএনপি সরকার।
শনিবার (৩১ অক্টোবর) দুপুরে পঞ্চগড় সদর উপজেলা পরিষদ হলরুমে ‘দৈনিক পঞ্চগড় খবর’ নামে একটি স্থানীয় পত্রিকার উদ্বোধনী অনুষ্ঠান শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলতে গিয়ে তিনি এসব মন্তব্য করেন।
সারজিস আলম বলেন, ‘কোনো ধরনের রাগঢাক না রেখে এবং লোকদেখানো মনোভাব থেকে বের হয়ে প্রকৃত চিত্র তুলে ধরার যে সাহস বিএনপি সরকার দেখিয়েছে, তাকে সাধুবাদ জানাই।’
এইচএসসির ফলাফল প্রসঙ্গে তিনি বলেন, গতবারের তুলনায় এবার পাসের হার কমে প্রায় ৫২ শতাংশে নেমেছে। জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীর সংখ্যাও গত এক দশকের মধ্যে সর্বনিম্ন পর্যায়ের মধ্যে রয়েছে বলে মন্তব্য করেন তিনি।
সারজিস বলেন, ‘গতবারের তুলনায় রেজাল্টের পাসের হার এবার আরও কমেছে, প্রায় ৫২ শতাংশ এবং জিপিএ-৫-এর সংখ্যা মনে হয় বিগত ১০ বছরের মধ্যে যে দু-একটায় রেজাল্ট সবচেয়ে কম ছিল, এবার সেই কমটা ২৪ হাজারের মতো প্রায়। এটা আসলে প্রকৃত চিত্র।’
তিনি বলেন, প্রায় তিন লাখ শিক্ষার্থী একটি বিষয়ে এবং প্রায় সাড়ে চার লাখ শিক্ষার্থী দুই বিষয়ে অকৃতকার্য হয়েছেন। এসব শিক্ষার্থীকে অল্প কিছুদিনের মধ্যে আবার পরীক্ষায় অংশ নেওয়ার সুযোগ দেওয়া হবে, যাতে তাঁদের একটি বছর নষ্ট না হয়। এ উদ্যোগকেও তিনি সাধুবাদ জানান।
এ সময় শেখ হাসিনা ডিসেম্বরে দেশে ফিরবেন— এমন গুঞ্জনকে গুরুত্ব দিচ্ছেন না বলে জানান সারজিস আলম। তবে শেখ হাসিনা সত্যিই দেশে ফেরার চিন্তা করলে আওয়ামী লীগের রাজনীতির অবশিষ্টাংশেরও কবর রচিত হবে বলে মন্তব্য করেন তিনি।
সারজিস আলম বলেন, ‘গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে একটি পতিত স্বৈরাচারের পতন হয়েছে। জাতীয় পার্টির ক্ষেত্রেও পতনের পর কিছুদিন নানা ধরনের তৎপরতা দেখা গিয়েছিল। সর্বশেষ নির্বাচনে তাদের রাজনৈতিক অবস্থার অবসান হয়েছে। আওয়ামী লীগকে ঘিরে এখন যে কথাবার্তা শোনা যাচ্ছে, সেগুলো শেষ হতেও হয়তো কিছুটা সময় লাগবে।’
আওয়ামী লীগকে ঘিরে মানুষের ক্ষোভ এখনো তীব্র বলে উল্লেখ করেন এনসিপির এই নেতা। তিনি বলেন, মানুষের সঙ্গে সরাসরি কথা বললেই তাঁদের ক্ষোভের মাত্রা বোঝা যায়।
তিনি আরও বলেন, ‘৫ আগস্ট গণভবনে শেখ হাসিনা থাকলে যে পরিস্থিতি হতো, ডিসেম্বরে বাংলাদেশের কোথাও তার অস্তিত্ব পাওয়া গেলে একই পরিস্থিতি তৈরি হতে পারে।’
