ফারহানা শিলার মৃত্যুর বিচার দাবিতে রাঙ্গাবালীতে বিক্ষোভ
কামরুল হাসান রুবেল, রাঙ্গাবালী (পটুয়াখালী)
প্রকাশ: ০২ নভেম্বর ২০২৬, ০৪:০০ পিএম
ছবি: সংগৃহীত
পটুয়াখালীর রাঙ্গাবালীতে ফারহানা ইয়াসমিন শিলার রহস্যজনক মৃত্যুর সুষ্ঠু তদন্ত ও ন্যায়বিচারের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ করেছেন তাঁর স্বজন, এলাকাবাসী এবং মরহুম সাজাদুল ইসলাম শামিম স্যারের সাবেক ছাত্রছাত্রী ও শুভাকাঙ্ক্ষীরা।
সোমবার (২ নভেম্বর) সকাল ১১টায় উপজেলার সদর ইউনিয়নের বাহেরচর নতুন ব্রিজসংলগ্ন মরহুম সাজাদুল ইসলাম শামিম স্যারের বাসার সামনে মানববন্ধন অনুষ্ঠিত হয়। পরে সেখান থেকে বিক্ষোভ মিছিল বের করা হয়।
মিছিলটি বাহেরচর সদরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে থানার সামনে অবস্থান নেন,এবং থানা ঘেরাও করেন। কর্মসূচিতে শামিম স্যারের একমাত্র কন্যা ফারহানা ইয়াসমিন শিলার স্বজনদের পাশাপাশি তাঁর সাবেক ছাত্রছাত্রী ও রাজনৈতিক ব্যক্তিবর্গ এবং শুভাকাঙ্ক্ষীরাও অংশ নেন।
ফারহানা ইয়াসমিন শিলা (৪৫) গত শুক্রবার (৩০ অক্টোবর) সকাল ৭টার দিকে নিজের বাসায় অস্বাভাবিক মৃত্যুর শিকার হন। তিনি উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক রাসেল মাহমুদের দ্বিতীয় স্ত্রী ছিলেন। শিলার মৃত্যুকে কেন্দ্র করে তাঁকে হত্যার পর ঝুলিয়ে রাখার অভিযোগ তুলেছেন তাঁর স্বজনেরা।
নিহতের পরিবারের অভিযোগ, প্রায় দেড় বছর আগে রাসেল মাহমুদের সঙ্গে শিলার বিয়ে হয়। বিয়ের পর থেকেই তাঁদের দাম্পত্য জীবনে কলহ চলছিল। পৈতৃক সম্পত্তি নিয়ে চাপ দেওয়াসহ বিভিন্ন বিষয়কে কেন্দ্র করে তাঁদের মধ্যে বিরোধ হতো বলে দাবি স্বজনদের। শিলার মৃত্যুর প্রকৃত ঘটনা উদ্ঘাটন এবং ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিদের আইনের আওতায় আনার দাবি জানান তাঁরা।
মানববন্ধনে অংশগ্রহণকারীরা বলেন, শিলার মৃত্যুর প্রকৃত ঘটনা নিরপেক্ষ তদন্তের মাধ্যমে উদ্ঘাটন করতে হবে। কোনো ধরনের প্রভাব বা চাপের কাছে নতি স্বীকার না করে দোষীদের আইনের আওতায় এনে ন্যায়বিচার নিশ্চিত করতে হবে। এদিকে, ঘটনার পর থেকে রাসেল মাহমুদ আত্মগোপনে রয়েছেন বলে স্থানীয় সূত্রে জানা গেছে। তবে এ বিষয়ে তাঁর বক্তব্য পাওয়া যায়নি।
শিলার মৃত্যুর ঘটনায় রাঙ্গাবালী থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে। পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পটুয়াখালী মর্গে পাঠায়। ময়নাতদন্ত শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। পুলিশ জানিয়েছে, ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
