মৌলবাদমুক্ত সম্প্রীতির দেশ চাই : চিফ হুইপ
কাগজ ডেস্ক
প্রকাশ: ১৬ জুলাই ২০২৬, ১১:১৮ পিএম
ছবি : সংগৃহীত
জাতীয় সংসদের চিফ হুইপ নুরুল ইসলাম মনি ধর্মীয় সম্প্রীতি বজায় রেখে মৌলবাদমুক্ত বাংলাদেশ গড়ে তোলার আহ্বান জানিয়েছেন। তিনি বলেন, ধর্ম-বর্ণ নির্বিশেষে দেশের সব নাগরিকের সমান অধিকার নিশ্চিত করেই একটি সম্প্রীতির রাষ্ট্র বিনির্মাণ করতে হবে।
বৃহস্পতিবার (১৬ জুলাই) বিকেলে ঢাকার ধামরাই পৌর এলাকার কায়েতপাড়ায় মাধব মন্দিরে শ্রীশ্রী যশোমাধবের রথযাত্রা উৎসবের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
নুরুল ইসলাম মনি বলেন, বাংলাদেশ একটি সুন্দর দেশ। কিন্তু এই দেশকে একটি বিশেষ আখ্যা দিয়ে ক্ষতিগ্রস্ত করার চেষ্টা হয়েছে। আমরা মৌলবাদে বিশ্বাস করি না। বিএনপি মৌলবাদে বিশ্বাস করে না। ধামরাইয়ের মানুষও মৌলবাদে বিশ্বাস করে না। আমরা একটি মৌলবাদমুক্ত, সম্প্রীতির বাংলাদেশ গড়ে তুলতে চাই, যেখানে সবাই মিলেমিশে বসবাস করবে।
তিনি আরও বলেন, এ দেশে কোনো মানুষ সংখ্যালঘু নয়। সবাই বাংলাদেশের সমান অধিকারসম্পন্ন নাগরিক। হিন্দু, মুসলিম, খ্রিস্টান কিংবা বৌদ্ধ সব ধর্মের মানুষের সাংবিধানিক অধিকার সমান।
রথযাত্রা উৎসবকে ধর্মীয় সম্প্রীতির অনন্য দৃষ্টান্ত উল্লেখ করে চিফ হুইপ বলেন, “ধামরাই মানুষে-মানুষে এবং ধর্মে-ধর্মে সম্প্রীতির এক উজ্জ্বল উদাহরণ। দেশ গঠনে সবাইকে কাঁধে কাঁধ মিলিয়ে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।
এর আগে ধর্মীয় আচার-অনুষ্ঠান শেষে শ্রীশ্রী যশোমাধবের বিগ্রহ রথে স্থাপন করা হয়। পরে রথখোলা মঞ্চে উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে ঢাকা-২০ আসনের সংসদ সদস্য তমিজ উদ্দিন, সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য সুলতানা আহমেদ, ঢাকা জেলা পরিষদের প্রশাসক ইয়াসিন ফেরদৌস মুরাদ এবং ঢাকা জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক নাজমুল হাসান অভিসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জগন্নাথ মন্দির কমিটির সভাপতি অবসরপ্রাপ্ত মেজর জেনারেল জীবন কানাই দাস এবং সঞ্চালনা করেন কমিটির সাধারণ সম্পাদক সুকান্ত বণিক।
অনুষ্ঠান শেষে চিফ হুইপ নুরুল ইসলাম মনি পুরোহিতের হাতে প্রতীকী রশি তুলে দেন। পরে ভক্তরা রথ টেনে শ্রীশ্রী যশোমাধবকে তাঁর শ্বশুরালয় যাত্রাবাড়ী মন্দিরে নিয়ে যান। আগামী ২৪ জুলাই উল্টো রথযাত্রার মাধ্যমে বিগ্রহটি পুনরায় মূল মন্দিরে ফিরিয়ে আনা হবে। তবে ঐতিহ্যবাহী রথমেলা চলবে এক মাস।
