জ্বালানির দাম বৃদ্ধির প্রতিবাদে ছাত্রদল নেতার পোস্ট, অতঃপর...
কাগজ ডেস্ক
প্রকাশ: ২১ সেপ্টেম্বর ২০২৬, ১১:৪১ এএম
ছবি: ভোরের কাগজ গ্রাফিক্স
গতকাল রাতে কোনো পূর্বঘোষণা ছাড়াই হঠাৎ জ্বালানি তেলের দাম বাড়ানোর প্রতিবাদ জানিয়ে ফেসবুকে পোস্ট দেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) শাখা ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক সাজ্জাদ হোসাইন হৃদয়। তার এই পোস্ট সামাজিক যোগাযোগমাধ্যমে দ্রুত ছড়িয়ে পড়লে নানা আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়।
এদিকে, সাজ্জাদের এই পোস্টের পর তাকে কারণ দর্শানোর (শোকজ) নোটিশ দিয়েছে সংগঠনটির কেন্দ্রীয় সংসদ।
সোমবার (২১ সেপ্টেম্বর) ছাত্রদলের দপ্তর সম্পাদক মো. জাহাঙ্গীর আলমের সই করা এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। নোটিশে আগামী ৪৮ ঘণ্টার মধ্যে নয়াপল্টনে কেন্দ্রীয় কার্যালয়ে সশরীরে উপস্থিত হয়ে লিখিত ব্যাখ্যা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, দায়িত্বশীল পদে থেকে সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের অভিযোগের ভিত্তিতে সাজ্জাদ হোসাইনের বিরুদ্ধে কেন স্থায়ী শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে না, সে বিষয়ে ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছিরের উপস্থিতিতে লিখিত ব্যাখ্যা দিতে হবে।
আরো পড়ুন: সাবেক বিমান বাহিনী প্রধান হান্নানের সম্পত্তি ক্রোকের আদেশ
জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির প্রজ্ঞাপন জারির পর সাজ্জাদ হোসাইন ফেসবুকে পোস্টে লিখেন, “ছাত্ররাজনীতির শুরু থেকে বিএনপির যেসব কর্মসূচিতে অংশ নিয়েছি, তার অধিকাংশই ছিল তেল, গ্যাস ও বিদ্যুতের মূল্যবৃদ্ধির বিরুদ্ধে। আজ জ্বালানি তেলের দাম বাড়ানো হয়েছে। প্রতিবাদ জানালাম।”
শোকজের বিষয়ে সাজ্জাদ হোসাইন বলেন, “সংগঠনের প্রতি আমার শতভাগ আনুগত্য রয়েছে। পোস্ট ঘিরে শোকজ করা হলে আমি নিয়ম অনুযায়ী সাংগঠনিক ফোরামে যথাযথ জবাব দেব।”
তিনি আরো দাবি করে বলেন, ‘আন্তর্জাতিক বাজারে অস্থিরতার কারণে সরকার বাধ্য হয়ে মূল্য সমন্বয় করেছে—মূলত বিষয়টি তুলে ধরতেই তিনি পোস্টটি দিয়েছিলেন।’
উল্লেখ্য, গত সাত মাসে দেশের বাজারে বেশ কয়েক দফায় বেড়েছে জ্বালানি তেলের দাম। এর ধারাবাহিকতায় গতকাল রোববার রাতে জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগ নতুন মূল্য ঘোষণা করে প্রজ্ঞাপন জারি করে। নতুন দাম অনুযায়ী, এখন থেকে প্রতি লিটার ডিজেল ১৩৫ টাকা, কেরোসিন ১৫৫ টাকা, অকটেন ১৬৫ টাকা এবং পেট্রল ১৬০ টাকায় বিক্রি হচ্ছে।
