নৈরাজ্যের প্রতিবাদে বিএনপির বিক্ষোভ মিছিল
মুরাদনগর (কুমিল্লা) প্রতিনিধি
প্রকাশ: ২২ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৪৭ পিএম
ছবি: ভোরের কাগজ
কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের নৈরাজ্য, নাশকতা ও অপতৎপরতার প্রতিবাদে কুমিল্লার মুরাদনগরে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে উপজেলা বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। সোমবার বিকেলে মুরাদনগর সদরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে আয়োজিত এ কর্মসূচি শেষে সমাবেশ থেকে শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখার আহ্বান জানান নেতারা।
সোমবার (২১ সেপ্টেম্বর) বিকেলে মুরাদনগর উপজেলা বিএনপির প্রধান কার্যালয় থেকে বিক্ষোভ মিছিলটি বের হয়। মিছিলটি ইসলামি চত্বরসহ সদরের বিভিন্ন প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় দলীয় কার্যালয়ের সামনে গিয়ে শেষ হয়। পরে সেখানে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।
উপজেলা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক ফারুক আহমেদ বাদশার সঞ্চালনায় সমাবেশে বক্তব্য দেন বৃহত্তর মুরাদনগর উপজেলা বিএনপির আহ্বায়ক মহিউদ্দিন অঞ্জন, সদস্য সচিব মোল্লা মুজিবুল হক, যুগ্ম আহ্বায়ক কামাল উদ্দিন ভূঁইয়া, উপজেলা যুবদলের আহ্বায়ক সোহেল সামাদ ও উপজেলা ছাত্রদলের আহ্বায়ক খায়রুল হাসান।

সমাবেশে বক্তারা বলেন, ভারতে অবস্থানরত শেখ হাসিনার বক্তব্যকে কেন্দ্র করে দেশে বিশৃঙ্খলা সৃষ্টির কোনো চেষ্টা করা হলে তা মেনে নেওয়া হবে না। ৫ আগস্টের পর ক্ষমা করা হয়েছে উল্লেখ করে তারা বলেন, শান্তিপূর্ণভাবে থাকলে কোনো সমস্যা নেই। তবে অরাজকতা সৃষ্টি কিংবা আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির চেষ্টা করা হলে তা কঠোরভাবে মোকাবিলা করা হবে।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক নজরুল ইসলাম ও গাজী আবদুল বাছির, সদস্য সোহেল আহমেদ বাবু, উপজেলা কৃষকদলের আহ্বায়ক নায়েব আলী, ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক নাজিম উদ্দিন, জাসাসের আহ্বায়ক আবু বকর, কুমিল্লা উত্তর জেলা বিএনপির সাবেক সদস্য মো. মজিব মেম্বার, বিএনপি নেতা ওমর ফারুক সোহাগ ও হেদায়েত হোসেন, যুবদল নেতা মাসুম মুন্সী এবং স্বেচ্ছাসেবক দল নেতা মো. বিল্লাল হোসেনসহ বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।
সমাবেশ থেকে নেতাকর্মীরা এলাকায় শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখার আহ্বান জানান। একই সঙ্গে যেকোনো ধরনের নৈরাজ্য, সহিংসতা ও আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির বিরুদ্ধে অবস্থান নেওয়ার কথা বলেন তারা।
