‘প্রয়োজনে বিরোধীদলকে সঙ্গে নিয়ে আওয়ামী লীগকে চিরতরে নিষিদ্ধ করা হবে’
কাগজ ডেস্ক
প্রকাশ: ২১ নভেম্বর ২০২৬, ০৪:৫৫ পিএম
ছবি: সংগৃহীত
সংবিধান সংশোধনের মাধ্যমে আওয়ামী লীগকে বাংলাদেশে চিরতরে নিষিদ্ধ করার বিষয়ে বিরোধী দলের সঙ্গে ঐকমত্যের ভিত্তিতে সিদ্ধান্ত নেওয়ার কথা জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম। তিনি বলেছেন, প্রয়োজনে এ বিষয়ে সরকার ও বিরোধী দল একসঙ্গে কাজ করবে।
শনিবার (২১ নভেম্বর) রংপুরে একটি স্টেডিয়ামের উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য দিতে গিয়ে তিনি এসব কথা বলেন।
স্থানীয় সরকার প্রতিমন্ত্রী বলেন, ‘নতুন করে ভাবার সময় এসেছে। সংবিধান যেটি সংশোধন হচ্ছে, সেখানে নতুন করে আওয়ামী লীগকে চিরতরে বাংলাদেশে নিষিদ্ধ করার বিষয়টি যুক্ত করা যেতে পারে। সংবিধান সংশোধনের প্রয়োজন হলে বর্তমান সরকার ও বিরোধী দল ঐকমত্যের মাধ্যমে তা করবে।’
তিনি বলেন, দীর্ঘদিনের আন্দোলন-সংগ্রামের পর বাংলাদেশের মানুষ অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে একটি গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠা করেছে। বাংলাদেশ আর কারও তাঁবেদারি করবে না। জনগণের পক্ষে, দেশের স্বাধীনতার পক্ষে এবং লাল-সবুজের পতাকার মর্যাদা রক্ষায় প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে সরকার প্রয়োজনীয় সব পদক্ষেপ নেবে।
জাতীয় সংসদের সর্বশেষ অধিবেশনের শেষ দিনের অভিজ্ঞতা তুলে ধরে মীর শাহে আলম বলেন, ‘আপনারা লক্ষ করেছেন, পতিত, পরাজিত ও নিষিদ্ধ ঘোষিত সংগঠনটি বাংলাদেশের দু-এক জায়গায় পেট্রলবোমা মেরে, দু-একটি থানা পুড়িয়ে দিয়ে মনে করেছে, অরাজকতা তৈরি করে এ দেশের মানুষের স্বাধীনতা-সার্বভৌমত্ব এবং শহীদ আবু সাঈদের মতো যারা শহীদ হয়েছেন, তাঁদের আত্মাকে বিসর্জন দিয়ে আবার নতুন করে কিছু করবে।’
তিনি আরও বলেন, এসব কর্মকাণ্ড করে কোনো লাভ হবে না।
প্রতিমন্ত্রী বলেন, বর্তমান সরকার মানবিক, ধৈর্যশীল এবং গণতন্ত্রের প্রতি আস্থাশীল। এ কারণে আগের সরকারের মতো গুম, হত্যা কিংবা গুলি চালিয়ে কোনো কিছু নির্মূল করতে চায় না সরকার। মানবিক দৃষ্টিকোণ থেকে ধৈর্যের সঙ্গে পরিস্থিতি মোকাবিলা করা হচ্ছে।
তিনি আরও বলেন, কোনো জেলার মানুষ যদি মনে করে তাদের এলাকায় থানার প্রয়োজন নেই, তাহলে সরকার সেখানে থানা রাখবে না। একইভাবে কোনো জেলার মানুষ যদি মনে করে সেখানে সরকারি অফিস-আদালত ও উন্নয়ন কার্যক্রমের প্রয়োজন নেই, সরকার সে অনুযায়ী সিদ্ধান্ত নেবে। অর্থাৎ, এ বিষয়ে সিদ্ধান্ত জনগণের চাহিদার ওপর নির্ভর করবে।
আওয়ামী লীগ প্রসঙ্গে মীর শাহে আলম বলেন, সারা দেশের মানুষের কাছে প্রমাণিত হয়েছে, নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ একটি সন্ত্রাসী রাজনৈতিক দল। অতীতে দলটি গাড়িতে অগ্নিসংযোগ, বোমা হামলা, হত্যাকাণ্ড ও গুমের মাধ্যমে দেশে ত্রাসের রাজত্ব কায়েম করেছিল। নতুন করেও বিভিন্ন জায়গায় একই ধরনের ঘটনা ঘটিয়ে তারা আন্তর্জাতিকভাবে নিজেদের সন্ত্রাসী দল হিসেবে প্রমাণ করেছে বলে মন্তব্য করেন তিনি।
তিনি বলেন, বিগত অন্তর্বর্তীকালীন সরকার আওয়ামী লীগকে নিষিদ্ধ করার যে সিদ্ধান্ত নিয়েছিল, তা সঠিক ও যৌক্তিক ছিল— এ বিষয়টি আজ জাতির সামনে প্রমাণিত হয়েছে।
