×

বিএনপি

ছাত্রদলের আলোচিত জুটিরা এখন কে কোথায়?

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ২৪ নভেম্বর ২০২৬, ১২:৪৯ পিএম

 ছাত্রদলের আলোচিত জুটিরা এখন কে কোথায়?

ছবি : সংগৃহীত

বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) আন্দোলন-সংগ্রামে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখা সংগঠনগুলোর মধ্যে জাতীয়তাবাদী ছাত্রদল অন্যতম। প্রতিষ্ঠার পর থেকে বিভিন্ন সময়ে সংগঠনটির নেতৃত্ব দিয়েছেন অনেক প্রভাবশালী ছাত্রনেতা। তাঁদের কেউ পরবর্তী সময়ে বিএনপির কেন্দ্রীয় নেতৃত্বে জায়গা করে নিয়েছেন, কেউ সংসদ সদস্য হয়েছেন, আবার কেউ দায়িত্ব পেয়েছেন মন্ত্রিসভায়। কেউ রয়েছেন দলের নীতিনির্ধারণী পর্যায়ে, কেউ রাজনীতি থেকে দূরে সরে গেছেন। কয়েকজনের রাজনৈতিক জীবনের ইতি ঘটেছে মৃত্যুর মধ্য দিয়ে।

ছাত্রদলের ইতিহাসে একসময় কয়েকটি জুটি ছিল নেতাকর্মীদের মুখে মুখে। বাবলু-নীরু, দুদু-রিপন, আমান-খোকন, রিজভী-ইলিয়াস, মিলন-মোশাররফ, এ্যানি-সোহেল, পিন্টু-লাল্টু, হেলাল-বাবু, টুকু-আলিম এবং শ্রাবণ-জুয়েলের মতো জুটিগুলো সংগঠনটির বিভিন্ন সময়ের আন্দোলন-সংগ্রাম ও সাংগঠনিক উত্থানের সঙ্গে জড়িয়ে আছে।

এসব জুটির অনেকেই ছাত্ররাজনীতির গণ্ডি পেরিয়ে জাতীয় রাজনীতিতে গুরুত্বপূর্ণ অবস্থান তৈরি করেছেন। তাঁদের কেউ বিএনপির কেন্দ্রীয় কমিটির গুরুত্বপূর্ণ পদে রয়েছেন, কেউ সংসদ সদস্য, আবার কেউ মন্ত্রিসভার সদস্য। তবে সবার রাজনৈতিক পথ এক রকম হয়নি। কেউ প্রয়াত হয়েছেন, কেউ দলীয় রাজনীতি থেকে নিষ্ক্রিয় হয়ে পড়েছেন, আবার কেউ দল থেকে বিচ্ছিন্ন হয়ে প্রবাসে অবস্থান করছেন।

ছাত্রদলের সাবেক এসব নেতার বর্তমান অবস্থান পর্যালোচনা করলে ছাত্ররাজনীতি থেকে জাতীয় রাজনীতিতে উত্থান-পতনের নানা চিত্র সামনে আসে।

বাবলু-নীরু

আশির দশকে সামরিক শাসক হুসেইন মুহম্মদ এরশাদবিরোধী আন্দোলনে ছাত্রদলের আলোচিত দুই নাম ছিলেন মাহবুবুল হক বাবলু ও সানাউল হক নীরু। তাঁদের সাংগঠনিক দক্ষতা ও রাজপথের সক্রিয়তা ছাত্রদলকে ক্যাম্পাসের গণ্ডি ছাড়িয়ে বৃহত্তর ছাত্রসমাজে পরিচিত করে তোলে।

১৯৮৭ সালের ৯ মার্চ ঢাকা বিশ্ববিদ্যালয়ের হাজী মুহম্মদ মুহসীন হলে গুলিবিদ্ধ হওয়ার পর বোমা বিস্ফোরণের ঘটনায় গুরুতর আহত হন বাবলু। পরদিন হাসপাতালে তাঁর মৃত্যু হয়। ছাত্রদলের ইতিহাসে অন্যতম দক্ষ সংগঠক হিসেবে স্মরণ করা হয় তাঁকে।

অন্যদিকে, দলীয় শৃঙ্খলাবিরোধী কর্মকাণ্ডের অভিযোগ এবং বিভিন্ন ছাত্রসংগঠনের চাপের মুখে ছাত্রদল ও বিএনপি থেকে বহিষ্কৃত হন সানাউল হক নীরু। তিনি বাবলুর আপন ছোট ভাই। কেন্দ্রীয় ছাত্রদলের সাংগঠনিক সম্পাদকের দায়িত্ব পালন করেছিলেন তিনি।

পরবর্তী সময়ে নীরুর বিএনপিতে ফেরার বিষয়ে বিভিন্ন সময়ে আলোচনা হলেও তা বাস্তবে রূপ নেয়নি। তিনি অন্য কোনো রাজনৈতিক দলেও যোগ দেননি। একসময় ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে বেশ জনপ্রিয় ছিলেন নীরু। ডাকসু নির্বাচনে আমান-খোকন-মিলনদের বিজয়ের পেছনে তাঁর ভূমিকার কথাও বিভিন্ন সময়ে আলোচিত হয়েছে।

দুদু-জালাল, দুদু-বাবলু ও রিপন

আশির দশকে ছাত্রদলের নেতৃত্বে আলোচিত নাম ছিলেন শামসুজ্জামান দুদু, জালাল আহমেদ, মাহবুবুল হক বাবলু ও ড. আসাদুজ্জামান রিপন।

শামসুজ্জামান দুদু ১৯৮৫ ও ১৯৮৬ সালে ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতির দায়িত্ব পালন করেন। ওই সময়ে সংগঠনটির সাধারণ সম্পাদক ছিলেন জালাল আহমেদ। পরবর্তী সময়ে বিএনপির কেন্দ্রীয় রাজনীতিতে গুরুত্বপূর্ণ অবস্থান তৈরি করেন দুদু। চুয়াডাঙ্গা থেকে দুইবার সংসদ সদস্য নির্বাচিত হওয়া এই নেতা দীর্ঘদিন জাতীয়তাবাদী কৃষক দলের সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করেছেন। বর্তমানে তিনি বিএনপির ভাইস চেয়ারম্যান।

দুদুর পর ১৯৮৭ সালে ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি হন জালাল আহমেদ। তাঁর কমিটির সাধারণ সম্পাদক ছিলেন মাহবুবুল হক বাবলু। তবে সভাপতি হিসেবে ছাত্রদলের রাজনীতিতে বেশিদিন থাকতে পারেননি জালাল। স্বৈরাচারবিরোধী আন্দোলনের সময় এরশাদের সঙ্গে সমঝোতা ও আঁতাতের অভিযোগ ওঠে তাঁর বিরুদ্ধে। পরবর্তী সময়ে তিনি জাতীয় পার্টিতে যোগ দেন। বিএনপির রাজনীতিতে তাঁর এই অবস্থান নিয়ে সমালোচনা ছিল।

জালাল আহমেদ জাতীয় পার্টিতে যোগ দেওয়ার পরপরই ১৯৮৭ সালের ৯ মার্চ ঢাকা বিশ্ববিদ্যালয়ের মুহসীন হলে নিহত হন বাবলু। ছাত্রদলের ইতিহাসে জনপ্রিয় ও সাংগঠনিক দক্ষতাসম্পন্ন ছাত্রনেতাদের একজন হিসেবে বিবেচনা করা হয় তাঁকে।

পরবর্তী সময়ে ছাত্রদলের সভাপতির দায়িত্ব পান আসাদুজ্জামান রিপন। তাঁর কমিটির সাধারণ সম্পাদকও ছিলেন বাবলু। ১৯৮৭ থেকে ১৯৯০ সাল পর্যন্ত ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতির দায়িত্ব পালন করেন রিপন। পরে বিএনপির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ও বিশেষ সম্পাদকের দায়িত্ব পালন করেন তিনি। একসময় দলীয় রাজনীতিতে কিছুটা নিষ্ক্রিয় থাকলেও পরে আবার সক্রিয় হন। বর্তমানে বিএনপির ভাইস চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করছেন রিপন।

আমান-খোকন

নব্বইয়ের দশকে ছাত্রদলের রাজনীতিতে আলোচিত জুটি ছিলেন আমানউল্লাহ আমান ও খায়রুল কবির খোকন। আমান ১৯৮৭ থেকে ১৯৯০ সাল পর্যন্ত ছাত্রদলের সাধারণ সম্পাদক এবং পরে আহ্বায়কের দায়িত্ব পালন করেন। ডাকসুর সহসভাপতি (ভিপি) নির্বাচিত হয়েও তিনি আলোচনায় আসেন।

১৯৯০ সালের ৬ জুন ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচন অনুষ্ঠিত হয়। ওই নির্বাচনে ছাত্রদলের প্যানেল থেকে আমানউল্লাহ আমান ভিপি এবং খায়রুল কবির খোকন সাধারণ সম্পাদক (জিএস) নির্বাচিত হন। সহসাধারণ সম্পাদক (এজিএস) হন নাজিমুদ্দিন আলম।

নির্বাচনে আমান ৭ হাজার ৩৮৯ ভোট, খোকন ৭ হাজার ১৯১ ভোট এবং নাজিমুদ্দিন আলম ৭ হাজার ৮১ ভোট পেয়ে বিজয়ী হন। ছাত্রদল ওই নির্বাচনে ডাকসুর কেন্দ্রীয় ২০টি পদেই জয়লাভ করে।

আমান-খোকনের নেতৃত্বাধীন প্যানেলের বিজয়ের পর স্বৈরাচারবিরোধী আন্দোলন আরও বেগবান হয়। এর প্রায় ছয় মাস পর ৬ ডিসেম্বর পতন ঘটে সামরিক শাসক এরশাদের। অর্থাৎ, এরশাদবিরোধী আন্দোলনের উত্তাল সময়েই ডাকসুর নেতৃত্বে আসেন এই দুই ছাত্রনেতা।

পরবর্তী সময়ে দুজনই বিএনপির গুরুত্বপূর্ণ নেতা হিসেবে প্রতিষ্ঠিত হন। আমানউল্লাহ আমান বিএনপির ছাত্রবিষয়ক সম্পাদক, যুগ্ম মহাসচিব ও চেয়ারম্যানের উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করেছেন। বর্তমানে তিনি দলটির সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরাম জাতীয় স্থায়ী কমিটির সদস্য।

অন্যদিকে, খায়রুল কবির খোকন নরসিংদীর রাজনীতিতে নিজের অবস্থান তৈরি করেন। বিএনপির কেন্দ্রীয় রাজনীতির পাশাপাশি নির্বাচনি রাজনীতিতেও সক্রিয় তিনি। ২০২৬ সালের সংসদ নির্বাচনে নরসিংদী-১ আসন থেকে নির্বাচিত হয়েছেন। জাতীয়তাবাদী যুবদলের সাংগঠনিক সম্পাদক হিসেবে দায়িত্ব পালনের পর বিএনপির শিক্ষাবিষয়ক সম্পাদকের দায়িত্বও পালন করেন। বর্তমানে তিনি বিএনপির যুগ্ম মহাসচিব ও নরসিংদী জেলা বিএনপির সভাপতি।

রিজভী-ইলিয়াস

১৯৯২ সালে ছাত্রদলের নেতৃত্বে আসেন রুহুল কবির রিজভী ও এম ইলিয়াস আলী। এই জুটি ছাত্ররাজনীতিতে নিজেদের অবস্থান তৈরি করেন। রিজভী রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (রাকসু) ভিপি নির্বাচিত হন। পরবর্তী সময়ে জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের সভাপতির দায়িত্ব পালন করেন। বর্তমানে তিনি বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব।

অন্যদিকে, এম ইলিয়াস আলী সিলেটের রাজনীতির পাশাপাশি বিএনপির কেন্দ্রীয় রাজনীতিতেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন। ফ্যাসিবাদবিরোধী আন্দোলনের সময় তিনি গুমের শিকার হন। দীর্ঘ সময় পেরিয়ে গেলেও তাঁর নিখোঁজ থাকার বিষয়টি বিএনপির রাজনীতিতে আলোচিত।

মিলন-মোশাররফ

ছাত্রদলের পরবর্তী নেতৃত্বে আলোচিত নাম ফজলুল হক মিলন ও এবিএম মোশাররফ হোসেন। ১৯৯২ সালে ছাত্রদলের সভাপতি ছিলেন ফজলুল হক মিলন। বর্তমানে তিনি গাজীপুর জেলা বিএনপির সভাপতি এবং গাজীপুর-৫ আসনের সংসদ সদস্য।

মিলনের কমিটির সাধারণ সম্পাদক ছিলেন এবিএম মোশাররফ হোসেন। ছাত্ররাজনীতি পেরিয়ে তিনিও বিএনপির কেন্দ্রীয় রাজনীতিতে জায়গা করে নিয়েছেন। বর্তমানে তিনি দলটির প্রশিক্ষণবিষয়ক সম্পাদক ও সংসদ সদস্য।

এ্যানি-সোহেল

১৯৯৬ সালের শেষ দিকে জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি হন শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি। তাঁর নেতৃত্বাধীন কমিটির সাধারণ সম্পাদক ছিলেন হাবিব উন নবী খান সোহেল। ১৯৯৮ সাল পর্যন্ত এ্যানি সভাপতির দায়িত্ব পালন করেন। এরপর সোহেল কেন্দ্রীয় সভাপতির দায়িত্ব পান এবং ২০০০ সাল পর্যন্ত সংগঠনটির নেতৃত্ব দেন।

ছাত্ররাজনীতির এই জুটি পরবর্তী সময়ে বিএনপির কেন্দ্রীয় রাজনীতিতেও নিজেদের অবস্থান সুসংহত করেন। এ্যানি লক্ষ্মীপুর-৩ আসন থেকে ২০০১ ও ২০০৮ সালের জাতীয় সংসদ নির্বাচনে সংসদ সদস্য নির্বাচিত হন। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে একই আসন থেকে তৃতীয়বারের মতো নির্বাচিত হয়ে বর্তমানে সরকারের পানিসম্পদমন্ত্রীর দায়িত্ব পালন করছেন। তিনি বিএনপির জাতীয় নির্বাহী কমিটির যুগ্ম মহাসচিব।

অন্যদিকে, এ্যানির কমিটির সাধারণ সম্পাদক সোহেল পরবর্তী সময়ে ছাত্রদলের সভাপতি হন। পরে জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের সভাপতির দায়িত্ব পালন করেন। ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির নেতৃত্বেও গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন তিনি। দীর্ঘদিনের আন্দোলন-সংগ্রামে সক্রিয় থাকা এই নেতা বর্তমানে বিএনপির জাতীয় নির্বাহী কমিটির যুগ্ম মহাসচিব।

অর্থাৎ, যে কমিটিতে এ্যানি সভাপতি ও সোহেল সাধারণ সম্পাদক ছিলেন, সময়ের ব্যবধানে দুজনই বিএনপির কেন্দ্রীয় নেতৃত্বের গুরুত্বপূর্ণ পদে পৌঁছেছেন। তাঁদের একজন এখন মন্ত্রিসভায়, অন্যজন দলের সাংগঠনিক রাজনীতিতে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করছেন।

পিন্টু-লাল্টু

ছাত্ররাজনীতির আলোচিত জুটি নাসিরউদ্দিন পিন্টু ও সাহাবুদ্দিন লাল্টু। ১৯৯৮ থেকে ২০০০ সাল পর্যন্ত ছাত্রদলের সাধারণ সম্পাদক এবং ২০০০ থেকে ২০০২ সাল পর্যন্ত সভাপতির দায়িত্ব পালন করেন নাসিরউদ্দিন পিন্টু। ২০০১ সালে সংসদ সদস্য নির্বাচিত হয়ে জাতীয় রাজনীতিতে প্রবেশ করেন তিনি। বিএনপির সহসাংগঠনিক সম্পাদকের দায়িত্বও পালন করেছেন। তবে ২০১৫ সালের ৩ মে কারাগারে তাঁর মৃত্যু হয়।

ছাত্রদলের ‘মিলেনিয়াম জুটি’ হিসেবে পরিচিত ছিলেন পিন্টু ও সাহাবুদ্দিন লাল্টু। পিন্টু কমিটির সাধারণ সম্পাদক লাল্টু পরবর্তী সময়ে ছাত্রদলের সভাপতির দায়িত্ব পালন করেন। তবে ছাত্রদলের নেতৃত্ব ছাড়ার পর বিএনপির মূলধারার রাজনীতিতে শক্ত অবস্থান তৈরি করতে পারেননি তিনি।

দলীয় রাজনীতিতে মতবিরোধ ও অভ্যন্তরীণ দ্বন্দ্বের কারণে ধীরে ধীরে রাজনীতি থেকে দূরে সরে যান লাল্টু। ২০০৮ সাল থেকে তিনি কানাডায় অবস্থান করছেন।

হেলাল-বাবু

২০০৩-০৪ মেয়াদে সাহাবুদ্দিন লাল্টুর পর ছাত্রদলের নেতৃত্বে ছিলেন আজিজুল বারী হেলাল। পরবর্তী সময়ে ২০০৫ থেকে ২০০৯ সাল পর্যন্ত সংগঠনটির সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করেন শফিউল বারী বাবু। ছাত্রদলের নেতাকর্মীদের কাছে এই দুই নামও একসঙ্গে পরিচিত ছিল।

হেলাল বর্তমানে বিএনপির তথ্যবিষয়ক সম্পাদক এবং খুলনা-৪ আসনের সংসদ সদস্য।

অন্যদিকে, শফিউল বারী বাবু পরবর্তী সময়ে বিএনপির অঙ্গসংগঠন জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের সভাপতি হন। ২০২০ সালের ২৮ জুলাই তাঁর মৃত্যু হয়। ত্রয়োদশ জাতীয় সংসদে সংরক্ষিত নারী আসনে তাঁর স্ত্রী বিথিকা বিনতে হোসেনকে বিএনপি মনোনয়ন দেয়। পরে তিনি সংসদ সদস্য নির্বাচিত হন।

টুকু-আলিম

২০০৯ থেকে ২০১২ সাল পর্যন্ত ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি ছিলেন সুলতান সালাউদ্দিন টুকু। ওই কমিটির সাধারণ সম্পাদক ছিলেন আমিরুল ইসলাম খান আলিম। দুজনই পরবর্তী সময়ে বিএনপির রাজনীতিতে নিজেদের অবস্থান তৈরি করেন।

টুকু বিএনপির অন্যতম প্রধান অঙ্গসংগঠন জাতীয়তাবাদী যুবদলের শীর্ষ নেতৃত্বেও ছিলেন। ২০২৬ সালের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে টাঙ্গাইল-৫ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হয়ে সরকারের মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রীর দায়িত্ব পেয়েছেন তিনি।

একই কমিটির সাধারণ সম্পাদক আমিরুল ইসলাম খান আলিম সিরাজগঞ্জ-৫ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন।

শ্রাবণ-জুয়েল

২০২২ সালে কাজী রওনাকুল ইসলাম শ্রাবণ ও সাইফ মাহমুদ জুয়েলের নেতৃত্বে ছাত্রদলের কেন্দ্রীয় কমিটি গঠিত হয়। স্বৈরাচারবিরোধী আন্দোলন-সংগ্রামে এই কমিটির ভূমিকা প্রশংসিত হয়েছে।

শ্রাবণ যশোরের একটি আসন থেকে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থী হয়েছিলেন। পরে তাঁর মনোনয়ন প্রত্যাহার করা হয়। অন্যদিকে, জুয়েল অঙ্গসংগঠনের রাজনীতিতে আগ্রহী হওয়ায় কেন্দ্রীয় সদস্যপদও গ্রহণ করেননি।

ছাত্ররাজনীতি থেকে জাতীয় নেতৃত্বে উত্থান

সাবেক ছাত্রদল নেতাদের বর্তমান অবস্থান পর্যালোচনা করলে দেখা যায়, সংগঠনটির নেতৃত্ব বিএনপির জন্য এখনো গুরুত্বপূর্ণ রাজনৈতিক জনশক্তির উৎস। একসময় ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি ও সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করা অনেকেই বর্তমানে দলের কেন্দ্রীয় নেতৃত্ব, সংসদ ও মন্ত্রিসভায় জায়গা করে নিয়েছেন। কেউ রয়েছেন নীতিনির্ধারণী ফোরামে, কেউ পালন করছেন সাংগঠনিক দায়িত্ব। আবার কারও রাজনৈতিক জীবনের ইতি ঘটেছে মৃত্যুতে, কেউ দলীয় রাজনীতি থেকে বিচ্ছিন্ন হয়ে পড়েছেন, কেউবা রয়েছেন প্রবাসে।

একসময় ছাত্রদলের সভাপতি ও সাধারণ সম্পাদকদের নাম জোড়ায় জোড়ায় উচ্চারিত হওয়ার পেছনে ছিল তাঁদের সাংগঠনিক গ্রহণযোগ্যতা, ব্যক্তিগত জনপ্রিয়তা এবং রাজপথে দৃশ্যমান নেতৃত্ব। বর্তমান ছাত্রদলের রাজনীতিতে অতীতের মতো আলোচিত যুগল নেতৃত্বের উপস্থিতি নিয়ে প্রশ্ন রয়েছে।

ছাত্রদল এখনো বিএনপির ভবিষ্যৎ নেতৃত্ব তৈরির গুরুত্বপূর্ণ ক্ষেত্র। তবে অতীতের মতো ব্যক্তিগত গ্রহণযোগ্যতা, রাজনৈতিক প্রজ্ঞা ও সাংগঠনিক দক্ষতার সমন্বয়ে জাতীয় পর্যায়ে পরিচিত নেতৃত্ব তৈরি হচ্ছে কি না, সেটিই এখন আলোচনার বিষয়।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

বাংলাদেশি মিশনে গেলেই গ্রেপ্তার হবেন শেখ হাসিনা

পররাষ্ট্র প্রতিমন্ত্রী বাংলাদেশি মিশনে গেলেই গ্রেপ্তার হবেন শেখ হাসিনা

ফুটবলের বাইরে আরেক বিশ্বকাপে জায়গা করে নিলেন স্কালোনি

ফুটবলের বাইরে আরেক বিশ্বকাপে জায়গা করে নিলেন স্কালোনি

আবারও সাইদ খোকনকে ৭ দিনের রিমান্ডে চায় পুলিশ

আবারও সাইদ খোকনকে ৭ দিনের রিমান্ডে চায় পুলিশ

 ছাত্রদলের আলোচিত জুটিরা এখন কে কোথায়?

ছাত্রদলের আলোচিত জুটিরা এখন কে কোথায়?

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App