পররাষ্ট্র প্রতিমন্ত্রী
বাংলাদেশি মিশনে গেলেই গ্রেপ্তার হবেন শেখ হাসিনা
কাগজ ডেস্ক
প্রকাশ: ২৪ নভেম্বর ২০২৬, ১২:৫৪ পিএম
ফাইল ছবি
বিশ্বের যে কোনো দেশে অবস্থিত বাংলাদেশের দূতাবাস বা মিশনে গেলে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে গ্রেপ্তার করা হবে বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম। মঙ্গলবার (২৪ নভেম্বর) পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা বলেন তিনি।
পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, শেখ হাসিনা বিশ্বের যে কোনো দেশে বাংলাদেশের মিশনে গেলেই তাকে গ্রেপ্তার করা হবে। মানবতাবিরোধী অপরাধে অভিযুক্ত ব্যক্তিদের পাসপোর্ট দেওয়ার কোনো বিধান সংবিধানে নেই বলেও মন্তব্য করেন তিনি।
এর আগে মঙ্গলবার সকালে পররাষ্ট্র মন্ত্রণালয়ে বিদেশি কূটনীতিকদের ব্রিফিং শেষে আরেক পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ূন কবির শেখ হাসিনার দেশে ফেরার প্রসঙ্গে কথা বলেন। তিনি বলেন, শেখ হাসিনার দেশে ফেরার ইচ্ছা এবং বাস্তব পরিস্থিতি এক নয়। দেশে ফিরতে হলে তাকে হাতকড়া পরা অবস্থায় বন্দি হিসেবেই ফিরতে হবে।
আগামী ১৬ ডিসেম্বর শেখ হাসিনা দেশে ফিরতে চান বলে প্রকাশিত সংবাদের বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
এ সময় দেশে সাম্প্রতিক সহিংসতা ও নাশকতার ঘটনাগুলো নিয়েও বক্তব্য দেন হুমায়ূন কবির। তার অভিযোগ, দিল্লি থেকে শেখ হাসিনার পৃষ্ঠপোষকতায় এসব সন্ত্রাসী কর্মকাণ্ড পরিচালিত হচ্ছে। তিনি আরও বলেন, যে কোনো ধরনের সন্ত্রাসী কর্মকাণ্ড কঠোরভাবে মোকাবিলা করবে সরকার।
