×

বিএনপি

‘প্রধানমন্ত্রী আসলে সব বলে দেব’: আমির হামজা

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ২৭ নভেম্বর ২০২৬, ১১:৩৮ এএম

‘প্রধানমন্ত্রী আসলে সব বলে দেব’: আমির হামজা

ফাইল ছবি

কুষ্টিয়া-৩ (সদর) আসনের সংসদ সদস্য মুফতি আমির হামজা বলেছেন, আগামী ২ ডিসেম্বর প্রধানমন্ত্রী তারেক রহমান কুষ্টিয়া সফরে এলে সাম্প্রতিক ঘটনার বিষয়ে তার কাছে অভিযোগ জানাব। এসময় বিএনপি নেতাদের নাম উল্লেখ করে তাদের কর্মকাণ্ডের বিষয়টি প্রধানমন্ত্রীর সামনে তুলে ধরব।

বৃহস্পতিবার (২৬ নভেম্বর) বিকেলে কুষ্টিয়া শহরে জেলা জামায়াতের কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন। এ সময় বালুর ঘাটের ইজারা, অপরিকল্পিত বালু উত্তোলন এবং সড়কের বেহাল দশাকে কেন্দ্র করে এ বিরোধের সৃষ্টি হয়েছে বলে দাবি করেছেন এমপি মুফতি আমির হামজা। একই সঙ্গে সড়ক সংস্কারে সংশ্লিষ্ট দপ্তরগুলোর সমন্বয়হীনতা ও দায়িত্ব এড়িয়ে যাওয়ার অভিযোগও তুলেছেন তিনি।

তিনি বলেন, আগামী ২ ডিসেম্বর প্রধানমন্ত্রী কুষ্টিয়ায় আসছেন। ওই দিন প্রধানমন্ত্রীকে সব বলে দিব। হঠাৎ করে এই ঘটনাটা কারা ঘটিয়েছে, অবশ্যই তাদের খোঁজখবর নেব। এবং প্রধানমন্ত্রী আসলে আমি যাব, ওনার সামনে ওনাদের (বিএনপি নেতাদের) নাম ধরে বলব, এই কাজগুলো এরা ঘটিয়েছে।

বালুঘাটে চাঁদাবাজির অভিযোগ প্রসঙ্গে আমির হামজা বলেন,একটা ভিডিওতে শুনলাম, শাজাহান আলী আগে ৩০ হাজার বলত, এরপরে ৫০ হাজার, এখন প্রতিদিন ১ লাখ করে নেয় (বালুঘাটে চাঁদাবাজি)। জামায়াতে ইসলামী বাংলাদেশে আদর্শ নিয়ে রাজনীতি করে।

জামায়াতের রাজনৈতিক অবস্থান তুলে ধরে তিনি আরও বলেন, আমি ওপেন বলছি, এই কুষ্টিয়া না, সারা বাংলাদেশে জামায়াতে ইসলামীর মতো রাজনীতি আপনারা করেন, দেখেন জনগণ আপনাদের কাছেই যাবে। জামায়াত মিথ্যা মামলা বাণিজ্য করে না, এরা চাঁদাবাজি করে না, এরা মানুষকে ঠকায় না। আন্দাজে এত দিন এই ন্যারেটিভ তৈরি করে এদেরকে কালার করার চেষ্টা করেছে, এখনো করার চেষ্টায় আছে, কিন্তু পারছে না।

আমির হামজা বলেন, আইনশৃঙ্খলা পরিস্থিতি শুধু কুষ্টিয়ায় নয়, দেশের কোনো জায়গায় ঠিক নেই। গত ৫৫ বছরের ভেতরে তলানিতে চলে গেছে। প্রশাসনের হাতে যেন কিছুই নেই, তারা পুতুল হয়ে বসে আছে। কুষ্টিয়ার ডিসি ও এসপি সব ব্যর্থ। এককথায়, বাংলা কথায়, এরা সব ব্যর্থ। এদের কোনো কাজ নেই। জনগণের করের টাকায় তাঁদের বসিয়ে বসিয়ে বেতন দেওয়ার দরকার নেই। এদেরকে জেলা থেকে নিয়ে যাক। দুই তারিখে প্রধানমন্ত্রী আসছেন, তাকে সব বলব।

কারাগারের সামনে ককটেল বিস্ফোরণের ঘটনায় উদ্বেগ জানিয়ে আমির হামজা আরও বলেন, কুষ্টিয়ার কোনো জায়গা নিরাপদ না। দেশটাকে নিয়ে গভীর ষড়যন্ত্র চলছে। মানুষের জন্য আমি কাজ করতে গেছি, আমার কোনো লাভ আছে? আমি তো আর চার আনা ওই জায়গা থেকে খাই না। আন্দাজে একটা দোষ চাপিয়ে দিচ্ছে। এভাবে সন্ত্রাসী কর্মকা- যদি চলতেই থাকে, মানুষের বাড়িঘর, জানমাল, ইজ্জত কোনো কিছুর হেফাজত নেই।

প্রধানমন্ত্রীর কুষ্টিয়া সফর প্রসঙ্গে আমির হামজা বলেন,মাননীয় প্রধানমন্ত্রী দুই তারিখে আসবেন কুষ্টিয়াতে, দল-মতনির্বিশেষে উনি সবার প্রধানমন্ত্রী। আমরা দেখছি, কুষ্টিয়ার ভেতরে একটা উৎসাহ কাজ করছে, উদ্দীপনা চলছে। সারা কুষ্টিয়ায় এই রং-চং করা, পরিষ্কার-পরিচ্ছন্ন করা, বিভিন্ন জায়গায় যেইগুলো উনি উদ্বোধন করার কথা জানিয়েছেন, আমরা অন্তত ওয়েলকাম (স্বাগত) জানাই। করুক, আমাদের কুষ্টিয়ায় আসতেছেন, আলহামদুলিল্লাহ।

আওয়ামী লীগের সঙ্গে বিএনপির সংশ্লিষ্টতা নিয়ে প্রশ্ন তুলে আমির হামজা আরও বলেন,আওয়ামী লীগের সাথে মিল করে যদি আপনাকে আবার চলা লাগে, আর সংসদে আপনি প্রধানমন্ত্রী দাঁড়িয়ে বলবেন, আসেন, আমরা সবাই আওয়ামী লীগের বিরুদ্ধে এক হই। আর এদিকে আপনি ঘাট চালাচ্ছেন আওয়ামী লীগকে সাথে নিয়ে। একটা কথা হলো? আপনার কথার সাথে তো বাস্তবের কোনো মিল নেই।

বুধবার (২৫ নভেম্বর) রাত সাড়ে আটটার দিকে কুষ্টিয়া পৌরসভার ১৫ নম্বর ওয়ার্ডের জুগিয়া এলাকায় বালুর ঘাট নিয়ে বিরোধে জামায়াত নেতা মো. শাজাহানের অফিস ও বাড়িতে হামলা-ভাঙচুর ও গুলিবর্ষণের ঘটনা ঘটে। এতে অনন্ত পাঁচজন আহত হন।

জামায়াত নেতা মো. শাহজাহানের অভিযোগ, গড়াই নদের বালু মহল থেকে বালুবাহী ট্রাক যাতায়াতের ফলে এলাকার রাস্তা ক্ষতিগ্রস্ত হয়েছে। এ কারণে সম্প্রতি কুষ্টিয়া ৩ আসনের সংসদ সদস্য মুফতি আমির হামজা গিয়ে বাল উত্তোলন বন্ধের নির্দেশ দেন। এ নির্দেশের পর জামায়াত নেতাকর্মীরা রাস্তায় ব্লগ ফেলে প্রতিবন্ধকতা তৈরি করে। এরজের ধরে বিএনপির নেতাকর্মীরা তার অফিস ও বাড়িতে হামলা-ভাঙচুর ও গুলিবর্ষণ করেছে।

তবে অভিযোগ অস্বীকার করে বিএনপির নেতাকর্মীরা বলেন, জামায়াত নেতা শাজাহান বালু মহাল থেকে এর আগে প্রতিদিন ৫০ হাজার টাকা করে চাঁদা নিয়েছেন। কিন্তু এখন তিনি এক লাখ টাকা করেছেন দাবি করছেন। এই হামলার ঘটনা নিজেদের সাজানো বলেও দাবি তাদের।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

‘প্রধানমন্ত্রী আসলে সব বলে দেব’: আমির হামজা

‘প্রধানমন্ত্রী আসলে সব বলে দেব’: আমির হামজা

নাহিদ রানাকে নিয়ে আবারও দুঃসংবাদ

নাহিদ রানাকে নিয়ে আবারও দুঃসংবাদ

পুতিনকে ‘সামরিক আগ্রাসন’ বন্ধের আহ্বান ট্রাম্পের

পুতিনকে ‘সামরিক আগ্রাসন’ বন্ধের আহ্বান ট্রাম্পের

সাইবার হামলার শিকার ফিফা, চুরি হয়েছে ব্যক্তিগত ও ব্যবসায়িক তথ্য

সাইবার হামলার শিকার ফিফা, চুরি হয়েছে ব্যক্তিগত ও ব্যবসায়িক তথ্য

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App